ফতুল্লায় ছিপ নিয়ে এলে ভালো হতো

‘তারে আমি চোখে দেখিনি/ তার অনেক গল্প শুনেছি/ গল্প শুনে তারে আমি/ অল্প অল্প ভালোবেসেছি’—গুনগুনিয়ে গাইছেন সঞ্জয় মাঞ্জেরেকার! ভারতীয় সাবেক ক্রিকেটারের মুখে কিশোর কুমারের গান! ফতুল্লার চিত্র আজ এমনই।
‘দুঃখিত, কথা বলায় নিষেধ আছে’ বলেও বৃষ্টিভেজা অলস দিনে কথার ঝাঁপি খুলে বসলেন তিনি। অনানুষ্ঠানিক, অবশ্যই। ধারাভাষ্যকক্ষে সময় কাটাচ্ছেন চা-কফি খেয়ে আর অবশ্যই গান শুনে। এই গান প্রসঙ্গেই বললেন, ‘কিশোর কুমারের গান আমার ভালো লাগে। তাঁর সব গানই প্রিয়। এরপরই গুনগুনিয়ে উঠলেন, ‘তারে আমি চোখে দেখিনি...’। কিশোর কুমারকে বিশেষভাবে ভালো লাগার কারণ কী? সঞ্জয় বললেন, ‘বাংলার অনেক কিছুই পছন্দ। বাংলা খাবার, বাংলা গান, বাংলা সংস্কৃতি...সবই ভালো লাগে।’ এবার বাংলাদেশ কেমন লাগছে? বললেন, ‘বাংলাদেশে আমি তো নতুন নয়। বললাম না, বাংলার সবকিছুই ভালো লাগে। স্বাভাবিকভাবেই বাংলাদেশও ভালো লাগে।’
কালো মেঘে ঢাকা ফতুল্লার আকাশ খানিক পরপরই কেঁদে উঠছে! মাঠের অবস্থা কী, বলার অপেক্ষা রাখে না। বৃষ্টিস্নাত সবুজ মাঠের মাঝখানটা ত্রিপলে ঢাকা। খেলা কখন শুরু হবে, সেটিও সংশয়াচ্ছন্ন। খেলা আজ আদৌ হবে কি না, চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি। কাজেই বৃষ্টিস্নাত দিনে ফতুল্লায় কাটছে অলস প্রহর! গ্যালারিতে দর্শক তো দূরে থাক, একটা ভেজা কাকের দেখা মিলল না। তবে সাংবাদিকেরা কেউ কেউ ‘কাকভেজা’ হয়ে প্রেসবক্সে ঢুকলেন! বিষয়টি অনুধাবন করেই কিনা ক্রীড়া সাংবাদিক ফরহাদ টিটো ফেসবুকে লিখেছেন, ‘ফতুল্লায় কি আজ দর্শকের চেয়ে সাংবাদিক বেশি থাকবেন?’
বৃষ্টিভেজা এ বেলায় অলস সময় কাটছে টিভি ধারাভাষ্যকারদের। বাংলাদেশের জনপ্রিয় ধারাভাষ্যকার আতহার আলী খানকে ধারাভাষ্যকক্ষে পাওয়া গেল না। ফোন দেওয়া হলো। জানালেন এ মুহূর্তে স্টেডিয়ামের বাইরে, ‘বোরিং লাগছে! নারায়ণগঞ্জ ক্লাবে এসেছি বিলিয়ার্ড খেলতে!’ আজ আর আসবেন না? আতহারের পাল্টা টিপ্পনি, ‘আগে বৃষ্টি তো থামাও!’
সঞ্জয়ের সঙ্গে যখন আলাপ হচ্ছে, তখন অপর দুই ধারাভাষ্যকার হার্শা ভোগলে ও রঞ্জিত ফার্নান্দো ব্যস্ত মুত্তিয়া মুরালিধরনকে নিয়ে। একবার অস্ট্রেলিয়ার বিপক্ষে নাকি ‘লেগব্রেক’ করেছিলেন মুরালি। তা নিয়েই দুজনের বিশ্লেষণী আলাপচারিতা।
রেডিও স্বাধীনের ধারাভাষ্যকক্ষে দেখা গেল, খোশগল্প আর গান শুনে সময় কাটছে ধারাভাষ্যকারদের। কাজের মধ্যে কেবল মাঝেমধ্যে আপডেট দেওয়া। ধারাভাষ্যকার সারিয়া তানজিম সুমনা রসিকতার সুরে বললেন, ‘এ মুহূর্তে ভাবছি দুপুরের খাওয়া নিয়ে। এমন দিনে খিচুড়ি-ইলিশ হলে বেশ জমত!’
প্রেসবক্স আপাতত ঝিমিয়ে। খেলা নেই। ল্যাপটপের কি-বোর্ডে ঝড় তোলার তাড়াও আপাতত নেই। টিভির সাংবাদিকেরা মাঝেমধ্যে বুম-ক্যামেরা নিয়ে মাঠে ছুটছেন। কিছুক্ষণ পরে ভিজে-টিজে ফিরছেন! কেউবা তুলোধুনা করছেন আয়োজকদের। ভরা বর্ষায় এমন সিরিজ আয়োজনের কী মানে!
এ সময় খেলোয়াড়েরা কী করছেন—জানার সুযোগ সামান্যই। হয়তো গল্প-আড্ডায় সময় কাটছে। তবে এটা অন্তত বলা যায়, প্রথম দিনেই ভারতের তোলা বিনা উইকেটে ২৩৯ রান ভালোই ভাবাচ্ছে সবাইকে। ভারতকে দ্রুত আটকাতে হবে, এমন ভাবনা মুশফিকদের মাথায়।
‘আজি ঝরো ঝরো মুখর বাদরদিনে’ বল মাঠে কখন গড়ায় সেটি এখনো অনিশ্চিতই। কিছুক্ষণ আগে আম্পায়াররা মাঠ পরিদর্শন করে গেছেন। সিদ্ধান্ত এখনো জানাননি। প্রবল বৃষ্টিতে একটা সময়ে মাঠের যে পরিস্থিতি হয়েছিল, এক সাংবাদিক তো বলেই ফেললেন, ‘ফতুল্লায় ছিপ নিয়ে এলে ভালো হতো; মাছ শিকারে নামা যেত!’
আবহাওয়া ঠিক হওয়ার পর মাঠ শুকালে বাংলাদেশ দলকে ‘মাছ’ শিকারেই নামতে হবে। ভারতীয় ব্যাটসম্যানরা বাংলাদেশের বোলারদের কাছে এখন মাছই! ২২ গজে নানা টোপে সাকিব-তাইজুলরা চেষ্টা করবেন তাঁদের আটকাতে।