'ফর্মে থাকলে স্টার্ক সবচেয়ে ভয়ংকর'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যালান বোর্ডারের মতে মিচেল স্টার্ক বিশ্বের সেরা বোলার। ছবি: এএফপি
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যালান বোর্ডারের মতে মিচেল স্টার্ক বিশ্বের সেরা বোলার। ছবি: এএফপি
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত ছিলেন মিচেল স্টার্ক। পাঁচ উইকেট নিয়ে বলতে গেলে একাই ধসিয়ে দিয়েছেন হোল্ডারদের। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যালান বোর্ডার মনে করেন, বিশ্বের সবচেয়ে সেরা বোলার এখন মিচেল স্টার্কই।

ক্রিকেটে এ যুগের দ্রুতগতির বোলারদের মধ্যে মিচেল স্টার্ক অন্যতম। ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতিতে যে ফাস্ট বোলার বোলিং করেন তিনি তো ভয়ংকরই। আজ ভারতের বিপক্ষে এখনো পর্যন্ত উইকেট না পেলেও খুব খারাপ বোলিং করেননি। ১৯৮৭’তে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক অ্যালান বোর্ডার ভারতের বিপক্ষে তুরুপের তাস মনে করেন এই স্টার্ককেই। তিনি মনে করেন ফর্মে থাকলে স্টার্কের মতো ভালো বোলার এ বিশ্বে নেই। সে তখন সবচেয়ে ভয়ংকর।’


বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ শে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০ ওভারে দিয়েছেন ৪৬ রান, নিয়েছেন ৫ উইকেট! ৭৭ ম্যাচে এই নিয়ে ৫ বার ম্যাচে পাঁচ উইকেট নিলেন তিনি। ক্রিকেট ইতিহাসে বাঁ হাতি ফাস্ট বোলারদের বিজ্ঞাপন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামেরও এই কীর্তি নেই! অলরাউন্ডার নাথান কোল্টার-নাইলের ব্যাটিংয়ের মতো স্টার্কের পারফরম্যান্সও ছিল দুর্দান্ত। অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়ক অ্যালান বোর্ডারেরও নজর কেড়েছে ব্যাপারটি। স্টার্ককে নিয়ে অনেক প্রত্যাশা বিশ্বকাপজয়ী সাবেক এই অস্ট্রেলীয় অধিনায়কের, ‘স্টার্ক সত্যিই খুব ভালো বল করেছে। ও ছন্দ ফিরে পেয়েছে। ওর ফর্মটাও ভালো। ও এখন বিশ্বের সবচেয়ে ভালো বোলার। ফর্মে থাকলে ওর থেকে ভালো বোলার বিশ্বে আর নেই।’

স্টার্কের সুইং নিয়ে উচ্ছ্বসিত বোর্ডার, ‘ও ম্যাচের শুরুতেই বল সুইং করাতে পারে, ওর গতির কাছে শেষের দিকের ব্যাটসম্যানরা রানও করতে পারে না। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওর পারফরম্যান্স সত্যিই অসাধারণ ছিল।’ স্টার্কের মতো প্যাট কামিন্সও মুগ্ধ করেছে বোর্ডারকে। তবে ফিঞ্চদের অনেক জায়গাতেই আরও উন্নতির সুযোগ আছে বলে মনে করেন অস্ট্রেলিয়ান সাবেক এই ক্রিকেটার।
ভারতের বিপক্ষে লড়াইটা যে সহজ হবে না, সেটি বোর্ডার আগেই বলেছিলেন। সে কারণেই ভারতের বিপক্ষে সতর্ক থাকার পরামর্শ তাঁর, ‘অস্ট্রেলিয়ার অবশ্যই মনে রাখতে হবে ভারতের রোহিত শর্মা, বিরাট কোহলি এবং যশপ্রীত বুমরার মতো পারফরমার আছে। ওরা যে কোনো দিন যে কোনো দলকে হারিয়ে দিতে পারে।’