'ফর্মে ফেরার তাগিদটাই প্রেরণা'

আগামী পরশু রাতে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। অনুশীলনের কাল ছিল শেষ দিন। অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অধিনায়ক মুশফিকুর রহিম জানালেন আসছে সিরিজ নিয়ে তাঁর ভাবনা, লক্ষ্য—
কোচ তো সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী, আপনার কি মনে হয় সেটা আসলেই সম্ভব?
মুশফিকুর রহিম: সম্ভব, তবে কঠিন। আন্তর্জাতিক ক্রিকেটে সহজ কিছু নেই। আমাদের লক্ষ্য প্রতিটি সিরিজে প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা। ভালো খেললে যেকোনো ফরম্যাটেই জেতা সম্ভব। এটাই আমাদের লক্ষ্য। সবকিছু ঠিকমতো হলে আমরা ভালো করতে পারব। অনেকগুলো ম্যাচ জেতার সুযোগ রয়েছে। আর ওয়েস্ট ইন্ডিজেরও সময় খুব একটা ভালো যাচ্ছে না। সর্বশেষ সিরিজে ওরা নিউজিল্যান্ডের সঙ্গে হেরেছে। মানসিকভাবে ওরাও হতাশ।
আগে যখন সাকিব ছিলেন না, আপনি বলেছিলেন সেটা বাড়তি প্রেরণা হিসেবে কাজ করেছে নিজেদের সেরাটা ঢেলে দিতে। এবারও কি সাকিবের না-থাকাটা প্রেরণা হবে?
মুশফিক: সেভাবে বলব না। প্রেরণা এমনিতে আমাদের সব সময় থাকে। কে নেই বা কে আছে, সেটা বিষয় নয়। অবশ্যই সাকিব আমাদের অনেক বড় একজন পারফরমার। গত ৮-৯ বছর সে আমাদের সঙ্গে ছিল। কিন্তু সাকিব থাকলেই যে সবাই রিল্যাক্সড থাকত, এমনও তো নয়! এমন নয় যে সব কাজ ও একাই করত বা করবে। ক্রিকেট একজনের খেলা না। আমাদের মতো দলে তিন-চারজনকে নিয়মিত ভালো পারফর্ম করতেই হয়। আমাদের বেশ কজন ক্রিকেটার গত কিছুদিন ফর্মে নেই। গত এক-দেড় মাস ওরা অনেক পরিশ্রম করছে। ফর্মে ফেরার তাড়নাটাই অনুপ্রেরণা, আশা করব সেই চাপটা ওরা ভালোভাবেই সামলাবে।
বেশ কিছুদিন আপনারা খেলার বাইরে, মানিয়ে নিতে কতটা সমস্যা হতে পারে?
মুশফিক: অনেক সময় বিরতি আসলে সাহায্য করে। আমরা অনেক দিন দীর্ঘ পরিসরে খেলি না। তবে ওদের ওখানে টেস্টের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলব।ওয়ানডে খেলব, টি-টোয়েন্টি খেলব। সুতরাং সুযোগ আছে ওদের কন্ডিশনে মানিয়ে নেওয়ার। আর ওদের ওখানে আগেও আমরা খেলেছি।একটু হলেও জানি কন্ডিশন সম্পর্কে। সবকিছু নির্ভর করে মাঠে কতটা পারফর্ম করতে পারছি, তার ওপর। শুরুটার ওপরও অনেক কিছু নির্ভর করছে। আশা করছি, সবকিছু ভালো হবে।
২০০৯ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরের সাফল্য এবার উজ্জীবিত করবে কী?
মুশফিক: ভালো স্মৃতি সব সময়ই অনুপ্রেরণা। সে সময় অবশ্য ওদের দলের শক্তি কম ছিল। তবে আমরা ভালো ক্রিকেট খেলেছিলাম বলেই জিতেছিলাম। এবার ওদের দল আগের চেয়ে শক্তিশালী। তবে ভালো খেললে যেকোনো দলকে হারানো সম্ভব। সে স্পিরিট আমাদের আছে। শেষ এক-দেড় বছর আমরা যেভাবে খেলছিলাম এ বছর তেমন খেলতে পারিনি। ওয়েস্ট ইন্ডিজে যেন জয়ে ফিরতে পারি, সে চেষ্টাই করব।
চরিত্র বদলে ক্যারিবিয়ানের উইকেট এখন অনেকটা উপমহাদেশের মতোই। এটা নিশ্চয়ই খানিকটা হলেও বাংলাদেশের জন্য পক্ষে কাজ করবে?
মুশফিক: খুব বেশি পক্ষে কাজ করবে মনে করি না। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকার মতো বাউন্সি উইকেটে হয়তো নয়। তার পরও ওখানে খেলা কঠিন হবে। দেশের বাইরে আমাদের রেকর্ডও খুব ভালো নয়। আমরা কিছু পরিকল্পনা করেছি, যাতে ওদের হারানো যায়।
দলে তরুণ কিছু ক্রিকেটার এসেছে গত কিছুদিনে, তাদের উন্নতি কেমন মনে হচ্ছে?
মুশফিক: ভালোই হচ্ছে। বিজয় (এনামুল), আল-আমিন, তাসকিন সবাই নতুন হিসেবে ভালো খেলছে। ক্যারিবিয়ানেও ওদের জন্য শুভকামনা থাকল। এ সফরটা ওদের জন্য বড় সুযোগ নিজেদের আরও এগিয়ে নেওয়ার।