'ফাইনালের' অপেক্ষায় চট্টগ্রাম

র্যাডিসন ব্লু হোটেলের সামনে উৎসুক জনতা প্রতীক্ষায়। কখন আসবেন তাঁরা? মাঝেমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে ইঁদুর-বেড়াল দৌড়ও দিতে হয়েছে তাঁদের। অবশেষে বিকেল পাঁচটার দিকে সাইরেন বাজিয়ে হোটেলের সামনে এসে থামল ক্রিকেটারদের বহনকারী বাসগুলো। সিরিজে সমতা ফেরানো বাংলাদেশ দলের খেলোয়াড়দের দেখে ভিড় থেকে কেউ কেউ নাম ধরে ডাকও দিলেন।
হ্যাঁ, অঘোষিত ফাইনাল হয়ে ওঠা সিরিজ নির্ধারণী তৃতীয় এক দিনের ম্যাচটি খেলতে বাংলাদেশ ও ইংল্যান্ড গতকাল বিকেলে চট্টগ্রাম পৌঁছেছে। পাশাপাশি প্রথম টেস্টও খেলবে চট্টগ্রামে। তবে টেস্ট ছাপিয়ে আপাতত ‘ফাইনাল’ ম্যাচটি নিয়েই আলোচনার ঝড়। কিন্তু কাল সারা দিন থেমে থেমে বৃষ্টি উৎসুক ক্রিকেটামোদীদের হতাশাও বাড়িয়েছে। বিকেল তিনটা পর্যন্ত আগের ১৪ ঘণ্টায় ২৯ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া দপ্তর। বিকেলে মাশরাফি বিন মুর্তজার দল যখন চট্টগ্রামের মাটি স্পর্শ করল, তখনো আকাশ মেঘলা। কোথাও কোথাও বৃষ্টিও হচ্ছে তখন। আগামী ২৪ ঘণ্টা মানে আজ মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তাও দিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল ম্যাচের দিনও বৃষ্টির সম্ভাবনা আছে কি না, সেই বার্তা জানা যাবে আজ।
বৃষ্টির প্রসঙ্গ থাক। বরং ঢাকায় দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ম্যাচে ফিরে আসা টিম বাংলাদেশের আলোচনাই হোক। হোটেল ক্যাম্পাসে বাস থেকে প্রথমেই নেমেছেন ইংলিশরা। র্যাব-পুলিশের পাশাপাশি সোয়াটের সদস্যদের কড়া পাহারায় একে একে নেমে আসেন ইংল্যান্ড দলের সদস্যরা।
এরপর মাশরাফিরা। ফুরফুরে মেজাজে থাকা দলটির সামনে ছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। সবার শেষে নেমে আসেন দ্বিতীয় ম্যাচের নায়ক মাশরাফি। সঙ্গে লোকাল বয় তামিম ইকবাল, নাসির আর পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। সাকিব তো মোবাইলে কী যেন দেখতে দেখতে হাসিমুখে লবির দিকে এগিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে বাংলাদেশ যেন এক আত্মবিশ্বাসী দলের প্রতিচ্ছবি!
আগামীকাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচের সুখস্মৃতি নিয়েই নামবে বাংলাদেশ। ঢাকার মতো এই স্টেডিয়ামটিও মোড়ানো হয়েছে সিসি ক্যামেরায়। প্রায় ৭৫টি ক্যামেরা লেগেছে চারদিকে। এই মাঠের সাম্প্রতিক রেকর্ড স্বাগতিকদের পক্ষে। সর্বশেষ তিনটি এক দিনের ম্যাচের তিনটিতেই জিতেছে তারা। প্রথম দুটি জিম্বাবুয়ের বিপক্ষে এবং শেষটির প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা।
এমন পরিসংখ্যান এবং দলের আত্মবিশ্বাস যখন পাশাপাশি হাঁটছে, ‘ফাইনালের’ টিকিটের জন্য হাহাকার তো থাকবেই। তার ওপর বুধবার সরকারি ছুটি হওয়ায় সবাই এই ম্যাচের সাক্ষী হতে চায়। ১৮ হাজারের কিছু বেশি দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়াম শেষ পর্যন্ত হয়তো সবার চাহিদা পূরণ করতে পারবে না। কিন্তু টিকিট নিয়ে যদি হাঙ্গামা বাধে, অবাক হওয়ার কিছু থাকবে না।
টিকিট পাওয়া যাক বা না যাক, সবাই টেলিভিশনে চোখ রাখবে সেটি নিশ্চিত। এখন চিন্তা শুধু বৃষ্টিকে নিয়েই। তবে ভেন্যু ব্যবস্থাপক ফজলে বারী খান আশার বাণীই শুনিয়েছেন, ‘মাঠের পানিনিষ্কাশনব্যবস্থা অনেক উন্নত। বৃষ্টি যদি হয়ও, বৃষ্টি থামার ঘণ্টা খানেক পরই খেলা শুরু হতে পারবে।’