'ফাইনালে' অ্যাশেজের উত্তাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুশীলনে নাসির-মাহমুদউল্লাহর ঘাম ঝরানো শরীরটাকে আরও ভিজিয়ে দিল বৃষ্টি। যে ম্যাচের কারণে গতকাল এত অনুশীলন, সেটাও আজ পণ্ড হয়ে যেতে পারে বৃষ্টিতে l ছবি: প্রথম আলো
অনুশীলনে নাসির-মাহমুদউল্লাহর ঘাম ঝরানো শরীরটাকে আরও ভিজিয়ে দিল বৃষ্টি। যে ম্যাচের কারণে গতকাল এত অনুশীলন, সেটাও আজ পণ্ড হয়ে যেতে পারে বৃষ্টিতে l ছবি: প্রথম আলো

গত দুই দিনে একবারও পিচ কাভার ওঠানোর সুযোগ দেয়নি বৃষ্টি। মাঠের ৩০ গজের প্রায় পুরোটাই ছিল ঢাকা। আজ খেলা শুরুর কত আগে কাভার ওঠানো সম্ভব হবে বা আদৌ সেটা সরানো যাবে কি না, কাল রাত পর্যন্ত বলার উপায় ছিল না।
পরশুর পর গতকালও প্রায় সারা দিন বৃষ্টিতে ভিজেছে চট্টগ্রাম। বৃষ্টি থামেনি সন্ধ্যার পরও। পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত সমুদ্রবন্দরে ৩ নম্বর বিপৎসংকেত দেওয়া থাকায় আজও বৃষ্টির সম্ভাবনা প্রবল। অঙ্কের হিসাবে সেটা ৭০ ভাগ। আবহাওয়া অফিসের ভাষায়, ‘কোথাও ভারী, কোথাও হালকা।’
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কাল দুই দলের অনুশীলনও পড়েছে বৃষ্টির বাধায়। ইংল্যান্ড তবু বৃষ্টি আসার আগ পর্যন্ত অনুশীলন করতে পেরেছে, বাংলাদেশ দল তো মাঠেই নামতে পারেনি! ব্যাট-বল নিয়ে যা একটু খুটখাট হয়েছে ইনডোরেই। মাশরাফি বিন মুর্তজা সংবাদ সম্মেলনে এসেছেন ছাতা মাথায়।
এ রকম পরিস্থিতিতে একাদশ ঠিক করা হয় উইকেট আর কন্ডিশনের মতিগতি বুঝে। কিন্তু কাল উইকেটের চেহারা দেখারই সুযোগ হলো না। আজকের একাদশ নিয়েও তাই কোনো ধারণা দিতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। একাদশ ঠিক করতে অপেক্ষা করবেন ম্যাচের আগ পর্যন্ত।
সিরিজের শেষ ওয়ানডের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তাটা নিশ্চয়ই এখন আপনিও বুঝতে পারছেন। যে ম্যাচের আগে সম্ভাব্য ফলাফলের হিসাব-নিকাশই বেশি হওয়ার কথা, ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম সিরিজ জয়ের রোমাঞ্চ-কল্পনায় ঘুমুতে যাওয়ার কথা সবার, সে ম্যাচ কিনা মাঠে গড়ানো নিয়েই সংশয়ে! খেলোয়াড়েরা তো ধরেই নিয়েছেন, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ পুরো ম্যাচ হতে পারবে না। বৃষ্টির বাধায় ওভার কমে আসবে। আবার গোটা ম্যাচই ভেসে যেতে পারে বৃষ্টিতে। আফগানিস্তান সিরিজের মতো এই সিরিজে তো আর রিজার্ভ ডে নেই।
অবশ্য আবহাওয়ার পূর্বাভাস কাল বিসিবির নীতিনির্ধারকদের মাথায় ‘রিজার্ভ ডে’র চিন্তা সামান্য হলেও এনেছিল। খেলা আজ একেবারেই না হলে ম্যাচটা কাল খেলানো যায় কি না, ইংল্যান্ড টিম ম্যানেজমেন্টকে সে রকম একটি প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানিয়েছে বোর্ড সূত্র। ইংল্যান্ড তাতে ইতিবাচক সাড়া না দেওয়ায় ‘রিজার্ভ ডে’র সম্ভাবনা ওখানেই শেষ হয়ে যায়।

খেলা নিয়ে এত শঙ্কার পরও অবশ্য বাংলাদেশ-ইংল্যান্ড শেষ ম্যাচের আগের দিন উত্তেজনার কমতি ছিল না কোথাও। সবার দৃষ্টি যে এই ম্যাচের চেয়ে গত ম্যাচের দিকেই ছিল বেশি! ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারের আউটের পর সেদিন বাংলাদেশের খেলোয়াড়দের উদ্‌যাপনে ইংল্যান্ড দলের মতো ‘বাড়াবাড়ি’ খুঁজে পেয়েছেন ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথও। শাস্তি পেয়েছেন বাংলাদেশের মাশরাফি ও সাব্বির। বাংলাদেশের খেলোয়াড়দের দিকে তেড়ে যাওয়ায় তিরস্কৃত করা হয় বাটলারকে।

ঘটনা এ পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও চলত। টেলিভিশন ফুটেজ আর সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে এখন বরং খেলা শেষের একটি ঘটনাই বেশি আলোচনায়। ম্যাচ শেষে হাত মিলিয়ে সৌজন্য বিনিময়ের সময় বাটলারের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়া তামিমকে ধাক্কা দেন বেন স্টোকস। সেই উত্তাপ টের পাওয়া গেছে কালও।

মিরপুরের ড্রেসিংরুমের সামনে থেকে সব তর্ক-বিতর্ক চলে এসেছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষেও। ইংল্যান্ডের প্রতিনিধি হয়ে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আসেন মঈন আলী। আর বাংলাদেশের হয়ে মাশরাফি নিজে। দুজনই আগের ঘটনা ভুলে আজকের ম্যাচের দিকে মনোযোগ দেওয়াটাকে বেশি গুরুত্ব দিতে চাইলেন। কিন্তু ইংল্যান্ডের এক সাংবাদিক বাটলারকে বাংলাদেশ অধিনায়ক সরি বলবেন কি না জানতে চাইলে মাশরাফিও দিলেন কড়া জবাব, ‘আমরা কোনো ভুল করিনি। স্রেফ একটা উদ্‌যাপনই করেছি। এখানে সরি বলার কিছু নেই। দুঃখ প্রকাশ করারও কিছু নেই।’ ক্রিকেটে এ ধরনের ঘটনা যে এটাই প্রথম নয়, সেটাও মনে করিয়ে দিয়েছেন মাশরাফি।

‘ফাইনালে’র আগে কথার লড়াইয়ের পারদ এভাবে শুধু ওপরের দিকেই উঠেছে। বাংলাদেশ-ইংল্যান্ড লড়াইয়ে যেন ভর করেছে অ্যাশেজের উত্তেজনা! শেষ ম্যাচটি ফাইনালে রূপ নিলে যেকোনো সিরিজই রোমাঞ্চকর হয়ে ওঠে। কিন্তু এখানে বাড়তি মাত্রা যোগ করছে কথা আর শরীরী ভাষার যুদ্ধ।

বাংলাদেশ তো বটেই, ইংল্যান্ডের জন্যও সম্ভবত এটা নতুন এক অভিজ্ঞতা। অস্ট্রেলিয়া, ভারতের মতো বড় দল ছাড়া আর কোনো দলের কাছ থেকে মাঠ ও মাঠের বাইরে এতটা উত্তাপ তারা পেয়েছে কি না সন্দেহ। ভারত সফরের জন্য সেই ‘রিহার্সেল’টাও বাংলাদেশেই হয়ে গেল বাটলার-স্টোকসদের।