'ফাইনালে' এসে খেলায় মনোযোগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ফাইনাল’ টেস্ট। ঝাঁজটা তো এর আগেই সবচেয়ে বেশি বেরিয়ে আসার কথা। একে অপরকে উড়িয়ে দেবে বলে হুমকি দেওয়ার সময়ও এটাই। অথচ এই ম্যাচের আগেই যেন সবচেয়ে শান্ত স্টিভেন স্মিথ। খুব নিরীহ কণ্ঠে বললেন, ‘যেসব ব্যাপার আমাদের হাতে, আমি সেদিকেই মনোযোগ দিচ্ছি। আলাদা করে প্রতিটি বল খেলা নিয়ে ভাবছি আর মাঠে কী করতে হবে মনোযোগ দিচ্ছি।’
পুনে, বেঙ্গালুরু আর রাঁচি—সিরিজের প্রথম তিন টেস্টে কী হয়নি! স্লেজিং, খোঁচাখুঁচি, উত্তেজনা, রোমাঞ্চ—সবই ছিল। ১-১ সমতায় থাকা সিরিজ ধর্মশালায় যখন অঘোষিত ‘ফাইনাল’-এর রূপ নিয়েছে, সব উত্তেজনা যেন চুপসে গেল! ম্যাচ রেফারি দুই অধিনায়ককে বুঝিয়েছেন বলে? নাকি বিরাট কোহলি আর স্মিথের সামনে আইসিসির নিয়মভঙ্গের শাস্তি তুলে ধরে নীরব হুমকি দেওয়ার কারণে?
স্মিথের শান্ত থাকার আরেকটা কারণও থাকতে পারে। গতকাল রাত পর্যন্ত জানা যায়নি ধর্মশালা ম্যাচে কোহলি খেলবেন কি না! রাঁচিতে পাওয়া কাঁধের চোট এখনো সেরে ওঠেনি। গতকাল রাত পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেননি ভারত অধিনায়ক। পরশু মুম্বাইয়ের ব্যাটসম্যান শ্রেয়াস আয়ারকে দলে ডেকেছেন নির্বাচকেরা। শেষাবধি কোহলি ফিটনেস টেস্টে পাস না করলে হয়তো এই ডানহাতির টেস্ট অভিষেক হয়েও যেতে পারে! স্মিথ বা অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় লড়াইটা কোহলির সঙ্গে। তিনিই থাকছেন না। ‘খেলোয়াড় চলে গেছে, খেলবে কার সাথে’ বলেই কি স্মিথ একটু শান্ত!
এমনিতেই সিরিজটা একদমই ভালো কাটছে না কোহলির। তিন ম্যাচে পাঁচ ইনিংসে মাত্র ৪৬ রান। তার ওপর অস্ট্রেলিয়ার দিক থেকে অনবরত খোঁচা তো আছেই। এখন আবার চোটের ধাক্কা। সব মিলিয়ে কোহলির কণ্ঠটা একটু ঝাঁজহীনই, ‘সিরিজটা দারুণ এক বাঁকে দাঁড়িয়ে। শেষ ম্যাচটি নিয়ে সবাই সত্যি খুব রোমাঞ্চিত। চড়াই-উতরাইয়ের খু-উ-ব রোমাঞ্চকর এক সিরিজ এটা। অনেকটা রোলারকোস্টারের মতো। আশা করি, সিরিজটা ভালোভাবে শেষ হবে আর দর্শকেরা রোমাঞ্চকর ক্রিকেট দেখতে পাবে।’
দুই অধিনায়ক শান্তির পতাকা উড়িয়ে দিয়েছেন। কণ্ঠে রোমাঞ্চকর ক্রিকেট উপহার দেওয়ার কোরাস। কিন্তু মাঠের বাইরের লোকদের এতে বয়েই গেল! বিশেষ করে অস্ট্রেলিয়ার সাবেকদের। ভারত জয়ের নেশা যে চেপে বসেছে তাঁদের। যেকোনো মূল্যে বোর্ডার-গাভাস্কার ট্রফি জিততে চান তাঁরা। এই সিরিজ যে দুজনের নামে তাঁদের একজন কিংবদন্তি অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যালান বোর্ডারের কথাতেই বোঝা যায় ভারতে জয় পেতে অস্ট্রেলিয়া কেন এত মরিয়া, ‘এই সিরিজ জয় হবে সবচেয়ে বড় অর্জন। কারণ, ভারতে সিরিজ জয় অস্ট্রেলিয়ান ক্রিকেটে “হোলি গ্রেইল”-এর মতো!’ এএফপি, রয়টার্স, ক্রিকইনফো।
অভিষেক
ভারতের ২৭তম ও বিশ্বের ১১৪তম টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হচ্ছে ধর্মশালার