'ফাইনাল'টা জিততে চান মুশফিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়ে চোখ মুশফিকের ছবি: ফাইল ছবি
জয়ে চোখ মুশফিকের ছবি: ফাইল ছবি

ফাইনাল! সিরিজটা এমন সমীকরণে দাঁড়িয়ে, কাল শুরু হতে যাওয়া ঢাকা টেস্ট দুই দলের জন্যই ‘ফাইনাল।’ আর ফাইনাল ম্যাচের আগে ঘুরে ফিরছে একটি শব্দই—জয়, জয় এবং জয়!
মুশফিকের রহিমের ভাবনাতেও জয়। বাংলাদেশ অধিনায়কের জন্য বাড়তি পাওয়া খুলনা টেস্টে গৌরবের ড্র। এমন ড্র-য়ের পর আত্মবিশ্বাসী বাংলাদেশ ‘ফাইনাল’ জিতে পাকিস্তানকে ফেরাতে চায় শূন্য হাতে।
খুলনা টেস্টে বাংলাদেশের ভান্ডারে জমা হয়েছে বহু প্রাপ্তি। সে প্রাপ্তিগুলোকে আত্মবিশ্বাসের জ্বালানি হিসেবে কাজ করবে বাংলাদেশ দলের জন্য। সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক তাই বললেন, ‘অবশ্যই প্রাপ্তি আছে। সেই ইতিবাচক দিকগুলো আত্মবিশ্বাস হিসেবে নিয়ে এ টেস্টটা শুরু করব।’ এরপরই মুশফিক ছুড়লেন জয়ের হুংকার, ‘ফাইনাল ম্যাচ, সেহেতু লক্ষ্য জয়। ফাইনাল ম্যাচে জয়ের জন্য যা যা করা দরকার, তা যেন করতে পারি। সেটার জন্য সবাই কষ্ট করছে। চেষ্টা করব, এ পাঁচটা দিন যেন আমরা ভালো খেলে ফলটা আমাদের দিকে নিয়ে আসতে পারি।’
ম্যাচটা জিতলেই সিরিজ জয়। মুশফিক মনে করেন, সিরিজটা জিতলে কেবল অনন্য অর্জনই হবে না, জুনে ভারতের বিপক্ষে সিরিজের আগে তা কাজ করবে দারুণ এক প্রেরণা হিসেবেও, ‘প্রত্যেকটা টুর্নামেন্টেই আমরা ভালো খেলেছি। আশা থাকবে, যেন খুব ভালোভাবে পাঁচ দিন শেষ করতে পারি। ইনশা আল্লাহ ভালোভাবে শেষ করতে পারলে পরের সিরিজের আগে এটি ভালো একটি মুহূর্ত হয়ে থাকবে আমাদের জন্য। এর জন্য যা যা করা দরকার, আমরা অবশ্যই তা করার চেষ্টা করব ইনশা আল্লাহ।’
মিরপুরে অনুষ্ঠিত ১২ টেস্টের ১০ টিতেই এসেছে ফল। প্রকৃতি বাগড়া দেওয়ার কারণে ফল আসেনি দুটিতে। ফল এলেও বেশির ভাগ তা আক্ষেপ-জাগানিয়া। গত বছর অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ উইকেটের কষ্টসাধ্য সেই জয় আর নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি ড্র বাদে মিরপুরে বাংলাদেশের পক্ষে ফল আসেনি কখনো। মুশফিকও মানছেন, জয়টা তাদের জন্য চ্যালেঞ্জিং হবে, ‘আবহাওয়া সমস্যা করেছে এমন ম্যাচ বাদ দিলে এখানে আমরা যে কয়টা টেস্ট খেলেছি সবগুলোর রেজাল্ট হয়েছে। এই উইকেট বোলার ও ব্যাটসম্যানদের জন্য সহায়ক থাকে। যেকোনো দলের স্পিনাররা এখান থেকে সুবিধা আদায় করে নিতে পারে। খুলনায় আমরা ভালো খেলেছি; কিন্তু এখানে আমাদের খেলটা খুব চ্যালেঞ্জিং হবে। ওরাও আমাদের ২০ উইকেট তুলে নেওয়ার জন্য সব রকম পদক্ষেপ নেবে। তারা চেষ্টা করবে, যেভাবেই হোক ফল যেন তাদের প‌ক্ষেÿযায়। আমরাও চেষ্টা করব, আগের ম্যাচের ফর্ম যেন শেষ ম্যাচেও ধরে রাখতে পারি।’
খুলনা টেস্টে বাংলাদেশ খেলেছিল ‘আট’ ব্যাটসম্যান ও চার বিশেষজ্ঞ বোলার নিয়ে। এ টেস্টে জিততে হলে বোলিং আক্রমণ আরও শক্তিশালী করার তাগিদ অনুভব করছে টিম ম্যানেজমেন্ট। মুশফিকও ইঙ্গিত দিলেন তিন পেসার বা বাড়তি স্পিনার খেলানোর, ‘এটা হচ্ছে ফাইনাল। ওরা অবশ্যই চেষ্টা করবে। আমরাও তাই করব। উইকেটের চরিত্র অনুযায়ী, আমরা চেষ্টা করব তাদের ২০ উইকেট নেওয়ার। খুলনার উইকেটটা ব্যাটিং সহায়ক হলেও আমাদের বোলাররা অনেক চেষ্টা করেছে। যদি মনে করি, আমাদের এ উইকেটে একজন অতিরিক্ত বোলার লাগবে, হোক একজন সিমার বা স্পিনার; আমরা নেব। প্রতিপক্ষের ২০ উইকেট নেওয়ার সমন্বয় করা হবে।’
খুলনা টেস্টে নির্বিষ বল করেছিলেন দলের প্রধান ভরসা সাকিব আল হাসান। টেস্টের সেরা অলরাউন্ডারের এমন পারফরম্যান্সে খানিকটা উদ্বেগ তৈরি করেছে অধিনায়ককে, ‘চিন্তা বলতে, একটু তো অবশ্যই। যেহেতু দলের সেরা বোলার, সাকিব ৫-৬ উইকেট পাবে। কখনো ১-২ উইকেট পেলে ভাবি, ওর যোগ্যতা মতো হয়তো পায়নি। মিরপুরে সাকিবের খুবই ভালো রেকর্ড আছে। আগে যে কাজগুলো করেছে এগুলো যদি সে এ টেস্টে করতে পারে, তাহলে দারুণ কিছুই হবে। আমি তাকিয়ে আছি ওর দিকে। ব্যাটিং-বোলিং যদি সে খুব ভালো করতে পারে, তাহলে এই টেস্ট আমাদেরই হবে।’
দলে বেশ কয়েকজন খেলোয়াড় চোটাক্রান্ত। চোটের কারণে তো ছিটকেই পড়েছেন পেসার রুবেল হোসেন। চোট থেকে পুরোপুরি মুক্ত নন মুশফিক, তামিম ইকবালও। এ নিয়ে অবশ্য তেমন কোনো চিন্তা নেই অধিনায়কের, ‘ক্রিকেটে এমন ছোট-খাটো ইনজুরি আসতেই পারে। আল্লাহর রহমতে আমার কোন চিড় নেই। তামিমেরও নেই। হয়তো শতভাগ ফিট না; তারপরও দলের জন্য. . । যেহেতু তামিম দারুণ ফর্মে আছে। না খেলার মতোও এমন কিছু নয়। কিছু ব্যথা অবশ্য আছে। তবে সেটা কাটিয়ে খেলার জন্য প্রস্তুত সে। আমিও চেষ্টা করব। আজ কিপিং করেছি। ভালো লাগছে। আশা করি, কাল গা গরমের আগে একটু করে দেখব। টেস্টে ক্রিকেটে এটা সহজ নয়। টেস্ট ক্রিকেটে পাঁচ দিনের জন্য কিপিং করার প্রস্তুতি নিয়ে রাখতে হবে। শতভাগ ফিট হয়তো হব না; যতটুকুই আছি চেষ্টা করব, দলের জন্য খেলার।’