'ফাইনাল'টাও জিততে চান মরগান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে অস্ট্রেলিয়া জিতে যাওয়ার পর ইংল্যান্ডের পক্ষে বাজি ধরার মানুষ একটু কমই ছিল। কিন্তু ইংল্যান্ডের পক্ষেই এখন অনেকের বাজি। সিরিজটা জিততে পারে যেকোনো দল। পাঁচ ম্যাচের সিরিজে এখন ২-২ সমতা। ওল্ড ট্রাফোর্ডে আজকের ম্যাচটা তাই অলিখিত ‘ফাইনাল’।
পরশু চতুর্থ ম্যাচটি জিতলেই সিরিজটা হতো অস্ট্রেলিয়ার। কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নদের জিততে দেয়নি ইংল্যান্ড। চার দিনের মধ্যে তাদের দ্বিতীয়বার হারিয়ে সিরিজ বাঁচিয়ে রাখল এউইন মরগানের দল। অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে বেঁধে দিয়েছিল ঠিক ৩০০ রানের লক্ষ্য। স্বাগতিক দল অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ রান তাড়া করে ম্যাচ জিতে নিল ১০ বল হাতে রেখেই। এই নিয়ে চতুর্থবার তাদের ৩০০ বা তার বেশি রান তাড়া করে জয়। প্যাট কামিন্সের বলে গ্লেন ম্যাক্সওয়েলের দুর্দান্ত এক ক্যাচ হয়ে ৯২ রানে যখন আউট হলেন এউইন মরগান, দলের রান ২৩৮। ৫ উইকেট হাতে নিয়ে জয়ের জন্য দরকার তখনো ৬২ রান। কিন্তু জনি বেয়ারস্টো ও মঈন আলীদের ব্যাটিং-দৃঢ়তায় ইংল্যান্ড পথ হারায়নি। জয়ের নেতৃত্বে ছিলেন মরগানই, কিন্তু অধিনায়ক কৃতিত্ব ভাগ করে দিয়েছেন সবাইকে, ‘আজকের (পরশু) জয়ের বিশেষত্ব হলো দলের সবাই এতে অবদান রেখেছে। টপ অর্ডার থেকে শুরু করে একেবারে নিচের সবাই। মঈন আলী ও ডেভিড উইলি শেষটা যেভাবে করল তা এককথায় দুর্দান্ত।’
বাংলাদেশের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের পরই ইংল্যান্ড বদলে গেছে ওয়ানডেতে। গত জুনে ঘরের মাঠে বিশ্বকাপ রানার্সআপ নিউজিল্যান্ডকে তারা সিরিজে হারিয়েছে ৩-২ ব্যবধানে। ট্রেন্টব্রিজে কিউইদের ৩৪৯ রান তাড়া করে পাওয়া জয়টা তো ছিল রোমাঞ্চকর। সেই জয়েও মরগানের ছিল সবচেয়ে বড় অবদান, খেলেছিলেন ৮২ বলে ১১৩ রানের অসাধারণ এক ইনিংস। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজে টানা তিনটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেললেন ইংল্যান্ড অধিনায়ক। বছরটাই অবশ্য দুর্দান্ত যাচ্ছে ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়কের। এই গ্রীষ্মে ফিফটি পেলেন সাতটি।
আবারও দলের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিতে পেরে সন্তুষ্ট মরগান, ‘মানুষকে অনুপ্রেরণা দেওয়ার জন্য অনেক পথ দেখানো যেতে পারে, বলা যেতে পারে হাজারটা কথা। কিন্তু সেরা উপায় হলো সামনে থেকে নেতৃত্ব দেওয়া। আজ (পরশু) সেটা আমি করতে পেরেছি। যা অসাধারণ।’ যে দলটিকে ৮ সেপ্টেম্বর তৃতীয় ম্যাচের আগে পেয়ে বসেছিল সিরিজ হারের ভয়, সেই তারাই তিন দিন পর উল্টো সিরিজ জয়ের আশায় উদ্দীপ্ত। সিরিজ নির্ধারণী পঞ্চম ম্যাচের আগে মরগান জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী, ‘রোববারের (আজ) ম্যাচ নিয়ে ছেলেরা আত্মবিশ্বাসে ভরপুর। আমরা জয়ের জন্য উন্মুখ হয়ে আছি।’
আগুন ঝরানো বোলিং করেছেন প্যাট কামিন্স। ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করে তুলে নিয়েছেন সর্বোচ্চ ৪টি উইকেট—কামিন্সের দুঃখটা একটু বেশিই। পরশুর পরাজয়ে নিজেদের বোলিংকেই কাঠগড়ায় তুলেছেন অস্ট্রেলিয়ার তরুণ ফাস্ট বোলার, ‘যদি আপনি ৩০০ রান করেন এবং ভালো বোলিং করেন তাহলেই বেশির ভাগ ম্যাচ জেতা সম্ভব। আমরা সম্ভবত যথেষ্ট রান করলেও বোলিংটাই আমাদের ডুবিয়েছে।’ এএফপি।