'ফিক্সিংয়ের ভূত' কাঁধে নিয়েই ভারতীয় ক্রিকেট!

মোহাম্মদ আজহারউদ্দিন, অজয় শর্মা, অজয় জাদেজা ও মনোজ প্রভাকর—ভারতীয় ক্রিকেটে ‘ফিক্সিং’ বিতর্কে তাঁদের নামই উঠে আসে সবার আগে। কিন্তু ক্রিকেট-বিপণনে বাকি সব দেশ থেকে এন্তার ব্যবধানে এগিয়ে থাকা ভারতে ‘ফিক্সিং’ বিতর্কে তাঁরাই কী শেষ কথা? ব্যাপারটা তো এমন নয় যে সাবেক এই চার ক্রিকেটার অভিযুক্ত হওয়ার পর ভারতে ‘ফিক্সিং’ আর ঘটেনি। এ কলঙ্কের সর্বশেষ উদাহরণ হতে পারেন শান্তাকুমারন শ্রীশান্ত, তবে ক্রিকেটারদের বাইরে সেটা শুধুই পান্দুরাং সালগাওনকার।
আজ ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডের আগে বাজিকরের ছদ্মবেশ নেওয়া সংবাদকর্মীর কাছে উইকেটের তথ্য পাচার করার দায়ে অভিযুক্ত হয়েছেন পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামের পিচ কিউরেটর সালগাওনকার। এ ছাড়া বাজিকরদের ইচ্ছামতো উইকেট বানিয়ে দেওয়ার মতো ভয়ংকর প্রতিশ্রুতিও তিনি অর্থের বিনিময়ে দিয়েছেন। সালগাওনকারের এই আচরণই প্রমাণ করে ভারতে ‘ফিক্সিং’য়ের ভূত যায়নি! ফাঁকে-ফোকরে তা চলছে দেদারই।
সালগাওনকারকে আপাতত বরখাস্ত করেছে বিসিসিআই। ঘটনাটি আরও তদন্তের প্রতিশ্রুতিও দিয়েছে বিসিসিআই। ভারতীয় বোর্ড তো আগে থেকেই যেকোনো ক্রিকেট দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে।
২০০০ সালে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে আজীবন নিষিদ্ধ হয়েছিলেন ভারতের অন্যতম সফল অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন। তিনি নিজে পুনের ঘটনায় সালগাওনকারকে সরাসরি নিষিদ্ধ করার পক্ষে, ‘যা ঘটেছে সেটা খুবই দুঃখজনক। কাউকেই উইকেটের কাছে ঘেঁষতে দেওয়া উচিত নয় (ম্যাচের আগে)। ম্যাচে (আজকের) এর প্রভাব পড়বেই। কিউরেটরকে তাৎক্ষণিকভাবে নিষিদ্ধ করে তদন্ত শুরু হওয়া উচিত।’

ভারতীয় এক সংবাদমাধ্যমের ‘স্টিং অপারেশন’ জালে ফেঁসেছেন সালগাওনকার। তাঁর এই ‘ফিক্সিং’ প্রচেষ্টার ভিডিও সকালে টিভিতে দেখে হতভম্ব দেশটির সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) এ সভাপতি সংবাদমাধ্যমকে বলেন, ‘টিভিতে ঘটনাটা দেখেছি। ঠিক জানি না সালগাওনকার কী বলতে চেয়েছে। উইকেটের কাছে যাওয়া থেকে আসলে কাউকে ঠেকিয়ে রাখার কোনো উপায় নেই। এটা ভারতীয় ক্রিকেটের একটা সমস্যা।’
আন্তর্জাতিক ক্রিকেটে কেউ ‘ফিক্সিং’ করতে চাইলে, সেটা নিরাপত্তার ঘেরাটোপে বন্দী থেকেও করা সম্ভব—এ কথাও মনে করিয়ে দেন সৌরভ, ‘আমি ঠিক জানি না, মাত্র এক দিনের ব্যবধানে সে (সালগাওনকার) কীভাবে বাজিকরদের ইচ্ছামতো উইকেট বানাত। বিসিসিআইয়ের কাছে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা থাকলেও সবকিছুর ওপর নজরদারি সম্ভব নয়। আপনি একজন মানুষের ওপর ১৫টি ক্যামেরা ধরে রাখতে পারেন। কিন্তু কেউ যদি এর মধ্যে থেকেও দুর্নীতি করতে চায়, তাহলে সে নিজেই পথ বের করে নেবে। আসলে কোনো নিরাপত্তাব্যবস্থাই নিখুঁত নয় এবং এসব কারণেই ঘটনাগুলো ঘটে থাকে। এ জন্য শুধু বিসিসিআই এবং সালগাওনকারকে দোষ দিয়ে লাভ নেই।’
শুধু আন্তর্জাতিক অঙ্গন নয়, ভারতের ঘরোয়া ক্রিকেটেও কিন্তু ফিক্সিংয়ের প্রকোপ রয়েছে। পাঁচ বছর আগে আইপিএলে ‘স্পট ফিক্সিং’য়ের দায়ে নিষিদ্ধ হয়েছিলেন পাঁচ ক্রিকেটার। দুর্নীতির কারণেই দুটি ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপারকিংস নিষিদ্ধ হয়েছিল। পুনের ঘটনাটি যেন আবার মনে করিয়ে দিল ক্রিকেটে অর্থই এখন সব অনর্থের মূলে। ছবি: ইন্ডিয়া টুডে