'ফিনিশার' থেকে 'বোলার' নাসির

চতুর্থ বলটা যতটা ভালো হওয়ার দরকার ছিল, হলো না। অথচ সেই বলে উইকেট পেলে রেকর্ড বইয়ের ছোট্ট একটা তালিকায় জায়গা হয়ে যেত তাঁর। মাত্র চতুর্থ বোলার হিসেবে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক! দ্বিতীয় আর তৃতীয় বলে ফিরিয়েছেন জেপি ডুমিনি আর এবি ডি ভিলিয়ার্সকে। ওভারের শেষ বলে ডেভিড মিলারের বিপক্ষেও জোরালো আবেদন! তাতে অবশ্য সাড়া মিলল না। কিন্তু দুর্দান্ত এক ওভারে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে আনলেন...কে? নাসির হোসেন!
প্রথম টি-টোয়েন্টির মতো আজও শুরুতেই নাসিরকে বোলিংয়ে নিয়ে এনেছিলেন মাশরাফি। প্রথম ওভারটায় সুবিধা করতে পারলেন না। অধিনায়ক সরিয়ে নিলেন। আবার আনলেন ১২তম ওভারে। সেই ওভারেই নাসিরের ঝলক। ইনিংস শেষে বাংলাদেশের সফলতম বোলারও তিনি। কী উইকেটে, কী ইকোনমি রেটে! ফিনিশার নাসির যেন এখন পুরোদস্তুর বোলার হয়ে উঠছেন!
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ বোলিং করেছিলেন। প্রথম ম্যাচে ৬.৪ ওভার বল করে দিয়েছিলেন ৩১ রান। অবশ্য উইকেট পাননি। দারুণ বোলিং করেছিলেন দ্বিতীয় ম্যাচে। পুরো ১০ ওভার বল করে দিয়েছিলেন ৩৩ রান। পেয়েছিলেন মূল্যবান দুই উইকেট। দুই সেট ব্যাটসম্যান বিরাট কোহলি ও শিখর ধাওয়ানকে ফিরিয়ে দলের অতিপ্রয়োজনীয় ব্রেক থ্রু এনে দিয়েছিলেন নাসিরই। মাশরাফি তো ওই ম্যাচের পর বলেছিলেন, ‘সীমিত ওভার ক্রিকেটে নাসির আমাদের দলের অন্যতম সেরা অফ স্পিনার।’
একটা সময় যিনি ছিলেন ‘ফিনিশার’, সেই নাসির এখন বিবেচিত হচ্ছেন দলের অন্যতম সেরা অফ স্পিনার হিসেবে! এমন প্রশংসা শুনে নাসির রসিকতার সুরেই বলেছিলেন, ‘যে বনে বাঘ নেই, সেখানেই বিড়ালই বাঘ! আমাদের একাদশে অফ স্পিনার নেই। এ কারণে হয়তো তিনি (মাশরাফি) আমাকে অন্যতম সেরা বলেছেন।’
নাসির তাঁর মতোই। ‘সিরিয়াস’ ব্যাপারটা ঠিক ধাতে সয় না। ক্রিকেটটাও উপভোগ করেন সেভাবেই। তিনি নিজে না মানলেও রুয়ান কালপাগে হয়তো ‘সিরিয়াস’। নাসিরকে আরেকটু ঝালিয়ে নিতে পারলে বাঁ হাতি স্পিনারদের ভিড়ে বাংলাদেশের বোলিং আক্রমণে আরও বৈচিত্র্য আসবে। মারমুখী প্রোটিয়াদের বিপক্ষে আজও ৪ ওভার বোলিং করে ২৬ রানে পেয়েছেন ২ উইকেট। বোলারদের ত্রাস ডি ভিলিয়ার্সকে ফিরিয়েছেন ৪০ রানে। সেট হওয়ার আগে সাজঘরের পথ ধরিয়েছেন ডুমিনিকেও।
প্রথম ১০ ওভারে ওভার প্রতি ৯.৫০ করে দক্ষিণ আফ্রিকা তুলেছিল বিনা উইকেটে ৯৫ রান। পরের ১০ ওভারে সেটা ৪ উইকেটে ৭১ রান, রানরেট ৭.১। এই ১০ ওভারের মধ্যে নাসির করেছেন ৩ ওভার। দিয়েছেন ১৭ রান, তুলে নিয়েছেন দুটি উইকেট।
২৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা নাসির এই প্রথম কোনো সিরিজে পর পর দুই ম্যাচে পুরো ৪ ওভার হাত ঘোরালেন। বোঝাই যাচ্ছে, বোলার হিসেবে দলে কতটা অপরিহার্য হয়ে উঠছেন ক্রমেই। বোলিংয়ের ধারটার সঙ্গে যদি পুরোনো সেই ফিনিশার তকমাটাও ধরে রাখতে পারেন, সাকিবের পর আরও একজন দুর্দান্ত অলরাউন্ডার পেয়ে যাবে বাংলাদেশ। ঘরোয়া ওয়ানডেতেও ‘সিরিয়াসলি’ বোলিং করেন না। কিন্তু তাঁর গড় (২৯.৭১) আর ইকোনমি রেট (৩.৮৪) দুটোই কিন্তু বলছে, নাসিরের এই জায়গায় অন্তত ‘সিরিয়াস’ হওয়া উচিত!