'ফিনিশার' নাসির, আগুনে রুবেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুটি ছবিই বিকেএসপির, তবে দুই মাঠের। প্রিমিয়ার লিগে কাল এক মাঠে সেঞ্চুরির আলো ছড়ালেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের নাসির হোসেন (ওপরে)। পাশের মাঠে বিধ্বংসী বোলিংয়ে ৬ উইকেট নিয়েছেন প্রাইম ব্যাংকের পেসার রুবেল হোসেন (নিচে) l শামসুল হক
দুটি ছবিই বিকেএসপির, তবে দুই মাঠের। প্রিমিয়ার লিগে কাল এক মাঠে সেঞ্চুরির আলো ছড়ালেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের নাসির হোসেন (ওপরে)। পাশের মাঠে বিধ্বংসী বোলিংয়ে ৬ উইকেট নিয়েছেন প্রাইম ব্যাংকের পেসার রুবেল হোসেন (নিচে) l শামসুল হক

ফতুল্লা স্টেডিয়ামে শেষ ওভারের উত্তেজনা ছড়াল শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও ভিক্টোরিয়ার ম্যাচ। জয়ের জন্য শেষ ওভারে ২ রান দরকার ছিল শেখ জামালের। মেহেদী মাহবুবের প্রথম দুই বলে দুটি সিঙ্গেল নিয়েই ২ উইকেটের জয় তুলে নেন আবদুর রাজ্জাক ও ইলিয়াস সানি।
অবাক হচ্ছেন? যে ম্যাচ মাত্র দুই রানের জন্য শেষ ওভারে গেছে, সেটি কী আর এমন উত্তেজনা ছড়াল! বিকেএসপিতে প্রিমিয়ার লিগের অন্য দুই ম্যাচে যা হয়েছে সে তুলনায় ফতুল্লার ম্যাচ আসলেই অনেক উত্তেজনাপূর্ণ ছিল। একপেশে এই দুই ম্যাচে যা একটু রং ছড়িয়েছেন নাসির হোসেন আর রুবেল হোসেন। নাসিরের দুর্দান্ত সেঞ্চুরিতে মোহামেডানকে ৭ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। পাশের মাঠে পেসার রুবেলের আগুন ঝরানো বোলিং কলাবাগানের বিপক্ষে ৫ উইকেটের জয় এনে দিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেটার্সকে। ২১ রানে ৬ উইকেট নিয়েছেন রুবেল।
২৫ রানে ২ উইকেট হারিয়ে বেশ চাপেই ছিল গাজী। চার নম্বরে নেমে নাসিরের শুরুটাও চাপ নিয়েই। প্রথম বলে ১ রান নিলেও দ্বিতীয় রান করেছেন ১২তম বলে। প্রথম বাউন্ডারি পেতে খেলেছেন ১৪ বল। দলের ৭৯ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ফিরে যেতে দেখেছেন এনামুল হককেও। এরপরই খোলস থেকে বের হতে থাকেন নাসির। ৬৯ বলে ফিফটি, ১০৪ বলে সেঞ্চুরি। থার্ডম্যানে শুভাশিস রায়কে দারুণ এক কাটে বাউন্ডারি মেরে ছুঁয়েছেন তিন অঙ্ক। সবচেয়ে বড় কথা, চতুর্থ উইকেটে ভারতীয় অলরাউন্ডার পারভেজ রসুলের সঙ্গে ১৩১ বলে ১৪৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে জিতিয়ে দিয়েছেন ম্যাচই। ব্যক্তিগত ৬ রানে তাইজুলের বলে শর্ট মিড উইকেটে জীবন পাওয়া পারভেজ ৫৭ বলে অপরাজিত ছিলেন ৫৩ রানে।
নাসির বেশি চড়াও হয়েছেন তাইজুল ইসলামের ওপর। ৯ চারের সঙ্গে পাঁচ ছক্কার চারটিই এই বাঁহাতি স্পিনারের বলে। এর তিনটি আবার ৩২তম ওভারে পরপর তিন বলে। প্রথমটা তাইজুলের মাথার ওপর দিয়ে, দ্বিতীয়টি লং অন আর শেষটির গন্তব্য লং অফ সীমানার ওপারে। ১০৬ বলে অপরাজিত ১০৬ রান—নাসির আবারও আদর্শ ফিনিশারের বিজ্ঞাপন!
গত প্রিমিয়ার লিগে আম্পায়ারদের সঙ্গে অসদাচরণের দায়ে এক ম্যাচ নিষিদ্ধ থাকায় ম্যাচটা খেলতে পারেননি তামিম ইকবাল। তবে দুপুরের দিকে মাঠে এক চক্কর দিয়ে গেছেন মোহামেডান অধিনায়ক। কিন্তু তাতে কি আর তামিমের শূন্যতা পূরণ হয়! ৭৮ রানে ৪ উইকেট হারানো মোহামেডানকে টেনে তোলার চেষ্টা করেছে পঞ্চম উইকেটে রহমত শাহ-মেহেদী হাসান মিরাজের ১১৮ রানের জুটি। স্টাম্পিং, ক্যাচ, রানআউট থেকে সহজ-কঠিন মিলিয়ে গোটা ছয়েক সুযোগ পাওয়া রহমত রানআউট হওয়ার আগে করেছেন ৭৮। আলাউদ্দিনের বলে আবু হায়দারের ক্যাচ হওয়ার আগে মিরাজ ৫২।
ফিক্সিংয়ের নিষেধাজ্ঞা কাটিয়ে পাঁচ বছর পর কলাবাগান ক্রীড়া চক্রের অধিনায়ক হয়ে কাল প্রিমিয়ার লিগে ফিরেছেন মোহম্মদ আশরাফুল। দুর্ভাগ্য আশরাফুলের, তিনি কিনা ফিরলেন রুবেল হোসেনের দিনে! প্রাইম ব্যাংক পেসারের বলটা স্টাম্পে টেনে এনে বোল্ড হওয়ার আগে আশরাফুল করেছেন মাত্র ৬ রান। রুবেলের তোপে ৪৬.২ ওভারে মাত্র ১৮৪ রানে শেষ কলাবাগান। ভারতীয় ব্যাটসম্যান উন্মুক্ত চাঁদের অপরাজিত ৬১ রানের সৌজন্যে প্রাইম ব্যাংক তা পেরিয়ে গেছে ৫ উইকেট হাতে রেখেই।
নুরুল হাসানের ৮০ রানের পরও ফতুল্লায় সহজ হয়নি শেখ জামাল ধানমন্ডি ক্লাবের জয়। দুই স্পিনার রাজ্জাক-সোহাগ গাজীর সামনে ভিক্টোরিয়া ২০৯ রানে অলআউট হয়ে গেলেও ম্যাচ জিততে শেষ ওভার পর্যন্ত খেলতে হয়েছে তাদের।
সংক্ষিপ্ত স্কোর
ভিক্টোরিয়া-শেখ জামাল
ফতুল্লা
ভিক্টোরিয়া: ৪৮.২ ওভারে ২০৯ (উত্তম ৮৮, নাসিরউদ্দিন ৪৪; রাজ্জাক ৪/২৯, সোহাগ ৩/২৯)। শেখ জামাল: ৪৯.২ ওভারে ২১০/৮ (নুরুল ৮০, রাজিন ৩২, তানভীর ৩১; মনির ৩/৩৬, আরাফাত ২/৪৪)।
ফল: শেখ জামাল ২ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ:
নুরুল হাসান।

মোহামেডান-গাজী গ্রুপ বিকেএসপি-৩
মোহামেডান: ৫০ ওভারে ২২০/৮ (রহমত ৭৮, মিরাজ ৫২, শামসুর ৩৫; মেহেদী ২/২৯, আলাউদ্দিন ২/৪০)। গাজী গ্রুপ: ৩৭ ওভারে ২২৩/৩ (নাসির ১০৬*, এনামুল ৫৪, পারভেজ ৫৩*; তাইজুল ২/৬১)।
ফল: গাজী গ্রুপ ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ:
নাসির হোসেন।

প্রাইম ব্যাংক-কলাবাগান বিকেএসপি-৪
কলাবাগান: ৪৬.২ ওভারে ১৮৪ (তুষার ৪৭, মাসাকাদজা ৩৮; রুবেল ৬/২১, সৌম্য ২/৩৩)। প্রাইম ব্যাংক: ৪৬.৫ ওভারে ১৮৬/৫ (উন্মুক্ত চাঁদ ৬১*, আল আমিন ৩৫; সানজিত ৩/২৫)।
ফল: প্রাইম ব্যাংক ৫ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ:
রুবেল হোসেন।