'ফিরে এসো হিউজ; চালিয়ে যাও লড়াই'

ফিল হিউজের দুঃসংবাদে যেন বজ্রাহত গোটা ক্রিকেট দুনিয়া। ক্রিকেট মাঠে এই অযাচিত দুর্ঘটনা বিমূঢ় করে দিয়েছে সবাইকে। সিডনির সেন্ট ভিনসেন্ট হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর সঙ্গে লড়তে থাকা অস্ট্রেলীয় ব্যাটসম্যান হিউজের দ্রুত আরোগ্যের জন্য সারা দুনিয়া থেকেই আসছে শুভকামনা। সবার কণ্ঠেই একই সুর, ‘ফিরে এসো হিউজ। এভাবে বিছানায় শুয়ে থাকা তোমায় মানায় না।’
বাউন্সারের আঘাত পেয়ে হিউজ যখন হাসপাতালে, ইংল্যান্ডে তখন খুব সকাল। ঘুম থেকে উঠেই এই দুঃসংবাদে হতবিহ্বল সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন, ‘ঘুম থেকে উঠেই এই ভয়াবহ সংবাদটা পেলাম। ওর পরিবারের জন্য খুব খারাপ লাগছে।’
প্রার্থনা ঝরেছে জেমস অ্যান্ডারসনের টুইটেও, ‘মর্মন্তুদ সংবাদটি পেয়ে স্তম্ভিত। প্রার্থনা করছি হিউজ দ্রুতই আরোগ্য লাভ করুক।’
শেন ওয়ার্নও তাঁর প্রার্থনা পৌঁছে দিয়েছেন হিউজের কাছে। টুইটারে শুভকামনার সঙ্গে আছে কঠিন এই লড়াইয়ের প্রেরণাও, ‘লড়াই চালিয়ে যাও বন্ধু। হাল ছেড়ো না। তোমার আর তোমার পরিবারের জন্য রয়েছে আমাদের সবার শুভকামনা। এই লড়াই কেবল তোমার নয়, আমাদেরও।’
সকালে অনুশীলন শেষ করেই সংবাদটা পেয়েছেন মাহেলা জয়াবর্ধনে। জানিয়েছেন, সংবাদটা তাঁর জন্য ভয়াবহ ধাক্কা হয়েই এসেছে। টুইটারে লিখেছেন, ‘আশা করি খুব তাড়াতাড়িই সে সুস্থ হয়ে উঠবে।’
বিরাট কোহলি হিউজকে অভিহিত করেছেন বিরাট মাপের একজন ক্রীড়াবিদ হিসেবে। টুইটারে তাঁর মন্তব্য, ‘প্রার্থনাটা সব সময়ই ওর জন্য থাকছে। লড়াই চালিয়ে যাও বন্ধু। এই দুঃসময়ে পৃথিবীর সব শক্তি থাকুক তোমার আর তোমার পরিবারের সঙ্গে।’
দক্ষিণ আফ্রিকান ওয়ানডে অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স একে ‘ভয়াবহ ঘটনা’ হিসেবে উল্লেখ করে আশাবাদ জানিয়েছেন তাঁর দ্রুত আরোগ্যের। সূত্র: টুইটার।