'ফেবারিট'দের সিরিজ জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তামিম–মুশফিক জুটি আবারও গড়ে দিল জয়ের ভিত। ছবি: শামসুল হক
তামিম–মুশফিক জুটি আবারও গড়ে দিল জয়ের ভিত। ছবি: শামসুল হক

‘একটি কবিতা লেখা হবে। তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা!’
মুহূর্তটার জন্য ব্যাকুল হয়ে অপেক্ষা করছিল সবাই। মিরপুরের উপচে পড়া গ্যালারি। টিভি সেটের সামনে উশখুস করতে থাকা দর্শক। চলতি পথে কানে হেডফোন গুঁজে রাখা শ্রোতা। কম্পিউটার-ল্যাপটপ-মোবাইলে স্কোরের হালনাগাদ নিতে থাকা মানুষটা। অবশেষে এল সেই মুহূর্ত। ৩৬তম ওভারের দ্বিতীয় বলে। জুনায়েদ খানের ফুল লেংথ বলটা ফাইন লেগে সীমানা পার করে সেই জাদুকরী তিন অঙ্কে পৌঁছে গেলেন তামিম ইকবাল।
এবার? এবার কী উদ্‌যাপন হবে? না, এবার আর অভিমান নয়। রাগ নয়। কাউকে কোনো বার্তা দেওয়া নয়। সব যেন গতকাল বৃষ্টির সঙ্গেই ধুয়েমুছে গেছে। ব্যাটটা বনবন ঘোরালেন। হেলমেট খুলে অভিবাদনও গ্রহণ করলেন। আনন্দে-আবেগে থইথই। তাঁকে মনে হচ্ছিল শিশু। যে শিশুটা বাস করে তাঁর মনের গভীরে। যে শিশুটার বয়স কখনোই বাড়ে না। মাহমুদউল্লাহর পর প্রথম বাংলাদেশি হিসেবে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করলেন তামিম।
ম্যাচটা বাংলাদেশ ‘শেষ’ করে ফেলেছিল আসলে আগেই, অপেক্ষা ছিল শুধু তামিমের সেঞ্চুরির। আর তামিমও যেন ‘দুষ্টুমি’ করে অপেক্ষাটা দীর্ঘ থেকে দীর্ঘতর করছিলেন।
ম্যাচটা শেষ হয়ে গিয়েছিল কখন? ৭৭ রানেই পাকিস্তানের ৫ উইকেট পড়ার পর? সাদ নাসিম আর ওয়াহাব রিয়াজের প্রতিরোধে পাকিস্তান ২৩৯ করার পরও? আজ কেন জানি দিনের প্রথম বলটা থেকেই একবারও মনে হয়নি বাংলাদেশ হারবে। অবশেষে সেই কাঙ্ক্ষিত জয়টা এল ৩৯তম ওভারের প্রথম বলে। ২-০ করে ফেলল বাংলাদেশ। জিতে নিল সিরিজ। দ্বিপক্ষীয় সিরিজ বাংলাদেশ অনেকবারই জিতেছে। এর আগে ১৬ বার। তবে এশিয়ার তিন পরাশক্তির কোনো একটির বিপক্ষে এই প্রথম এল সিরিজ জয়। 

প্রথম ম্যাচে ৭৯ রানের জয়। আজকের জয়টা সাত উইকেটের। দুটোর কোনটা বেশি সহজে এল—এ নিয়ে বিতর্কটা হতে পারে। কোন ম্যাচে পাকিস্তান বেশি অসহায় আত্মসমর্পন করল, এ নিয়েও আলোচনা হতে পারে। প্রথম ম্যাচের মতো মিল থাকল আরেক জায়গায়। তামিম-মুশফিকের জুটিই গড়ে দিল জয়ের ভিত। ‘রান মেশিন’ মুশফিক সর্বশেষ ছয় ইনিংসে তাঁর চতুর্থ পঞ্চাশোর্ধ্ব ইনিংসটি খেললেন। শেষ পর্যন্ত আউট হলেন ৬৫ করে। জয় থেকে বাংলাদেশ তখন মাত্র ২২ রান দূরত্বে। ততক্ষণে তামিমের সঙ্গে তাঁর ১১৮ রানের জুটিটা আসল কাজ করে দিয়েছে। ৭১ বল বাকি থাকতে জিতল বাংলাদেশ। জিম্বাবুয়ে-ওয়েস্ট ইন্ডিজ বাদে কোনো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে বলের ব্যবধানে বাংলাদেশের সবচেয়ে বড় জয়।
প্রথম ম্যাচের সঙ্গে পার্থক্য, আজ আর ম্যাচ সেরা নিয়ে কোনো প্রশ্ন থাকল না। আজ তামিমের ব্যাট কখনো যেন চাবুক। কখনো ধারালো তলোয়ার। কখনো শিল্পীর তুলি। কবজির মোচড়ে ফ্লিক করছেন। সাপের ফণা তুলে ধেয়ে আসা বাউন্সারকে সপাটে পুল করছেন। কখনো ডাউন দ্য উইকেটে এসে লং অফ কিংবা লং অনে বল পাঠিয়ে জ্যামিতি শেখাচ্ছেন পাকিস্তানের বোলারদের, ‘দ্যাখো, বৃত্তের চাপ এভাবে আঁকতে হয়।’ সত্যিই যেন আজ বাংলাদেশ পাকিস্তান দলকে ক্রিকেটীয় ধারাপাতের প্রথম পাঠ শেখাল। আর তামিম ছিলেন হেড মাস্টার।
প্রথম থেকেই এতটাই খুনে মেজাজে ছিলেন, আজহার আলীকে মনে হচ্ছিল পৃথিবীর অসহায়তম অধিনায়ক। ফাইন লেগ ভেতরে এনে লং অফকে বাইরে পাঠান, তামিম বেছে নেন ফাইন লেগকেই। ফাইন লেগ পেছনে ঠেলে লং অন ভেতরে আসে তো এবার ফিল্ডারদের মাথার ওপর দিয়ে সীমানা ছাড়া। তামিমের শক্তির জায়গা দেখাতে ‘ওয়াগন হুইল’ দেখাচ্ছিল টিভিতে। আশ্চর্য, মাঠের এমন জায়গা নেই যেখানে তামিম রান নেননি! আজহার জুনায়েদকে সরিয়ে আজমলকে আনেন, আজমল মার খান। আজমলকে সরিয়ে রাহাত। রাহাত আরও বেধড়ক মার খান! বেচারা আজহার এই সিরিজের পরে নিজে থেকেই না অধিনায়কের পদ ছেড়ে দেন!
মাত্র ৫.৪ ওভারেই ৫০ তুলে ফেলল বাংলাদেশ। ১২টিই চার থেকে। এর মধ্যে সিঙ্গেল মাত্র একটি, অন্যটি এসেছে ওয়াইড থেকে! প্রথম পাওয়ার প্লেতেই ৮৩ তুলে ফেলল বাংলাদেশ। এর মধ্যে তামিমেরই ৫১, সেটিও এসেছে ৩১ বলে। ১২টি চার। ৫১-র ৪৮-ই তামিম নিলেন ‘রান’ না নিয়ে। মানে না দৌড়ে আরকি! এর মধ্যে সবচেয়ে বকবক করতে থাকা রিয়াজকে টানা তিনটি চার মেরে পৌঁছেছেন ফিফটিতে। আগের ওভারেই টানা তিনটি চার মেরেছেন আজমলকেও!

‘কী কোচ, বলেছিলাম না?’ ম্যাচ শেষ করে সাকিবকে নিয়ে ফেরার পথে হাথুরুর সঙ্গে তামিম। আজমল কি শ্রদ্ধাই জানাচ্ছেন? ছবি: শামসুল হক
‘কী কোচ, বলেছিলাম না?’ ম্যাচ শেষ করে সাকিবকে নিয়ে ফেরার পথে হাথুরুর সঙ্গে তামিম। আজমল কি শ্রদ্ধাই জানাচ্ছেন? ছবি: শামসুল হক

১১৬ বলে ঠিক ১১৬ রানে অপরাজিত। ১৭টি চার, ১টি ছক্কা। মজাটা এখানেই। ৩১ বলে প্রথম ৫০ করা তামিম পরের ৫০ তুলেছেন ৭৭ বলে। প্রথম পঞ্চাশে ১২টি চার মারা তামিম এবার মেরেছেন চারটি চার। মাঝখানে টানা ৫৬টি বলের মধ্যে চার মেরেছেন মাত্র একটি! এই তামিম এখন বোঝেন, কখন নিতে হবে ঝুঁকিটা। এই তামিম জানেন, কখন সামলাতে হবে লোভটাকে। এই তামিম এখন এতটাই পরিণত! তারই ফলাফল ষষ্ঠ সেঞ্চুরি।
ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক আগেই হয়েছেন। এবার সর্বোচ্চ সেঞ্চুরির মালিকও হলেন, অবশ্য সাকিবের সঙ্গে ভাগাভাগি করে। একমাত্র ছক্কাটি সেঞ্চুরির পরেই মেরেছেন। সেটা ছয় না মেরে চার মারলেই তাঁর জন্য লাভ হতো বেশি! ছয়ের বদলে আরেকটি চার মারলে এক ইনিংসে সর্বোচ্চ চারের (১৭টি) রেকর্ডটা আর শাহরিয়ার নাফীসের সঙ্গে ভাগাভাগি করতে হতো না। নাফীসের সঙ্গে আরেকটি জায়গায় নাম বসল তাঁর। টানা দু ম্যাচে সেঞ্চুরি প্রথম নাফীসই করেছিলেন। আরেকটি রেকর্ডের হাতছানি আছে তামিমের সামনে। তিন ম্যাচ সিরিজে তিনটা সেঞ্চুরি কেবল দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক করেছেন (২০১৩, প্রতিপক্ষ ভারত)।
তামিম-ছটায় মুশফিক আড়ালে চলে গেছেন। এ নিয়ে মুশি আপত্তি করবেনও না। ১০০ রানে ২ উইকেট হারানোর পর তামিমকে যোগ্য সাহচর্য না দিলে চাপে পড়ে যেত বাংলাদেশ। সাহচর্য বলাটা বোধ হয় ভুলই হলো। তামিম যেন সময় নিয়ে সেঞ্চুরিটা করতে পারেন, সেই সুযোগ মুশিই দিয়েছেন। তামিম ব্যাটে খোলস পরালেও তিনি রানের গতি কমতে দেননি। ৭০ বলে ৬৫ রানের ইনিংসটায় আছে আটটি চার, একটি ছক্কা। ছক্কাটি তাঁর সবচেয়ে প্রিয় শট স্লগ সুইপে, আজমলকে।
বেচারা আজমল। ক্রিকইনফো একটা কার্টুন প্রকাশ করেছে। কার্টুনের বক্তব্য, আগে আজমলের দুসরা শুনলে বাংলাদেশের ব্যাটসম্যানরা কাঁপত, এখন দুসরা শুনলেই হাসে। অ্যাকশন শুধরে ফেরার পর ১২৩ রান দিয়ে পেয়েছেন এক উইকেট!
পাকিস্তানের বোলাররা রানটা প্রতিযোগিতা করেই দিয়েছেন। ঠিক উল্টো ছবি বাংলাদেশের বোলারদের মধ্যে। সবাই আজ কাঁধ মিলিয়ে লড়েছেন। সাতজন বোলার বল করেছে, দুজন বাদে উইকেট পেয়েছেন সবাই। এটাই এখন বাংলাদেশের প্রতিচ্ছবি। পুরো একটা দল হয়ে ওঠা। অন্য এক দিনের বার্তা দেওয়া। অন্য এক যুগের শুরু। ৩১-১-এর পরিসংখ্যান ভুলে যান। বাংলাদেশ-পাকিস্তানের হিসাব এখন ২-০! ম্যাচ শেষে আজহারের কণ্ঠ যতটা মিনমিনে শোনাল, মাশরাফির কণ্ঠে ততটাই আত্মবিশ্বাসের ঝলকানি। ৩-০? এখন তো মনে হচ্ছে খুবই সম্ভব। এখন বিশ্বাস হলো তো সাকিবের কথা? ফেবারিটরাই তো সিরিজ জিতল!
এই সফরে আসার আগে পাকিস্তান অনেক ‘হ্যাপা’ দিয়েছে। অমুক দাও, তমুক দাও...। ভাবখানা এমন, বিমানেই উঠব না। এরপর বাংলাদেশ সফরে বিমানে ওঠার আগে পাকিস্তান অবশ্যই দুবার ভাববে! বাকি দলগুলোও কি নয়?

আরও পড়ুন