'ফেরার' অঙ্গীকার মোস্তাফিজের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোস্তাফিজুর রহমান
মোস্তাফিজুর রহমান

দুই ফেরায় কত পার্থক্য! গত আইপিএল খেলে যখন দেশে ফিরলেন মোস্তাফিজুর রহমান, বিমানবন্দরে তাঁর অপেক্ষায় কত মানুষ! আর পরশু মোস্তাফিজ আইপিএল খেলে কোন ফাঁকে দেশে ফিরেছেন, টেরই পাওয়া যায়নি!

১১ এপ্রিল বাংলাদেশ থেকে ভারতে পৌঁছে পরদিনই মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে ম্যাচটা খেলেছেন মোস্তাফিজ। ২.৪ ওভারে ৩৪ রান দিয়ে উইকেটশূন্য। পরে আর সানরাইজার্স হায়দরাবাদের একাদশে সুযোগ পাননি গত আইপিএলের ‘সেরা উদীয়মান’ খেলোয়াড়। মোস্তাফিজের মতো আইপিএলে সাকিব আল হাসানও একটা মাত্র ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। তবে বাঁহাতি অলরাউন্ডারের চেয়ে বেশি আলোচনা মোস্তাফিজের একাদশের বাইরে থাকা নিয়েই। গতবার কোচ টম মুডি ও অধিনায়ক ডেভিড ওয়ার্নারের ‘অটোমেটিক চয়েস’ ছিলেন মোস্তাফিজ। আর এবার তিনি টিম ম্যানেজমেন্টের কাছে উপেক্ষিত! আফগান লেগ স্পিনার রশিদ খানের ধারাবাহিক ভালো খেলা আর অস্ট্রেলীয় পেসার ময়েজেস হেনরিকেসকে টিম ম্যানেজমেন্টের কাছে ভালো বিকল্প মনে হওয়ায় সুযোগ পাননি ‘ফিজ’।

টি-টোয়েন্টিতে মোস্তাফিজের সাম্প্রতিক ফর্ম অবশ্য খারাপ নয়। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টিতে ২১ রানে নিয়েছেন ৪ উইকেট। তবু কেন একাদশে নিয়মিত সুযোগ মিলল না? একটি মাত্র ম্যাচই কি তাঁর পাওনা ছিল? কাল বিসিবির একাডেমি ভবনে এসে মোস্তাফিজ বললেন, ‘দলে আটজন বিদেশি খেলোয়াড় আছে। টিম ম্যানেজমেন্টের কাছে যে চারজনকে সেরা মনে হয়েছে, তাদের খেলিয়েছে। দল ভালো খেলছে বলে ওরা হয়তো সমন্বয়টা ভাঙেনি।’
২০১৫ সালে পাকিস্তানের সঙ্গে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট পা রেখে মোস্তাফিজের এমন অভিজ্ঞতা আগে কখনো হয়নি। ২১ বছর বয়সী পেসার একটু স্মৃতি হাতড়ে বলেন, ‘জাতীয় দলে সুযোগ পাওয়ার পর শুধু চোটের কারণে এক-দুইটা ম্যাচ বাইরে ছিলাম। চোট থেকে ফেরার পর ভালোই যাচ্ছিল (জাতীয় দলে)। কিন্তু এখন সময়টা একটু খারাপ যাচ্ছে।’

তাহলে ছন্দপতন হয়েছে? বাঁহাতি পেসার তা মানতে রাজি নন, ‘না, শ্রীলঙ্কার সঙ্গে টেস্টে তো ভালো খেললাম। ওয়ানডে যা একটু খারাপ হয়েছে।’ তা ভুল বলেননি। কলম্বোয় বাংলাদেশের শততম টেস্টের চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে ৩৪ রানের মধ্যে লঙ্কানদের যে ৪ উইকেট পড়েছিল, তার তিনটিই নেন মোস্তাফিজ, যেটি পরে ফল নির্ধারণেও সহায়ক ভূমিকা রাখে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে প্রত্যাশা অনুযায়ী সাফল্য পাননি, ৩ ম্যাচে পেয়েছেন ৬ উইকেট।

মোস্তাফিজ এখন তাকাতে চান সামনে, ‘দেশের হয়ে সুযোগ পেলে অবশ্যই সেরাটা দেওয়ার চেষ্টা করব। ওখানে (সাসেক্সে) গিয়ে সময় পাব আবার আগের মতো ফিরে আসার, যে ভুলগুলো ছিল সেগুলো নিয়ে কাজ করার।’
সাসেক্সে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্পে যোগ দিতে আজ রাতে রওনা হওয়ার কথা মোস্তাফিজের। বাংলাদেশ দলের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক সাকিবও তাঁর সঙ্গী হচ্ছেন। আর স্ত্রীর অসুস্থতার খবর শুনে হঠাৎ দেশে ফেরা মাশরাফি বিন মুর্তজা যেতে পারেন পরশু।