'ফেরা'র ম্যাচে ফিরল ভারতও

অনেকগুলো প্রত্যাবর্তনের গল্প ছিল ম্যাচটিতে। ফেরার গল্প। শন টেইট ও আশিস নেহরাকে সেই ২০১১ ওয়ানডে বিশ্বকাপে সর্বশেষ দেখা গিয়েছিলে অস্ট্রেলিয়া ও ভারতের জার্সিতে। যুবরাজ সিং সর্বশেষ খেলেছিলেন দুই বছর আগের টি-টোয়েন্টি বিশ্বকাপে। শেন ওয়াটসনেরও এটি এই অস্ট্রেলীয় গ্রীষ্মে প্রথম ম্যাচ, গত বছর আগস্টে ইংল্যান্ড সফরের পর আর খেলা হয়নি।
তিনজনের অভিষেকও ছিল। অস্ট্রেলিয়ার হয়ে ট্রাভিস হেড, ভারতের হয়ে জসপ্রীত বুমরা ও হার্দিক পান্ডে। তবে নতুনের আগমন আর পুরোনোদের প্রত্যাবর্তনের ম্যাচে আসল ফেরা যেন হয়ে থাকল মহেন্দ্র সিং ধোনির। ব্যাট হাতে মাত্র তিনটা বল খেলতে পেরেছেন। এক ছক্কা, এক চার—৩ বলে ১১। ফিরলেন সেই ধোনিও, ছয় বোলারদের ঘুরিয়ে ফিরিয়ে বল করালেন। ভারতও ফিরল নিজের চেহারায়। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অ্যাডিলেডে অস্ট্রেলিয়াকে হারাল ৩৭ রানে।
৫৫ বলে খেলা বিরাট কোহলির ক্যারিয়ার সেরা অপরাজিত ৯০, সুরেশ রায়নার ‘ক্যারিয়ার বাঁচানো’ ৩৪ বলে ৪১ আর রোহিত শর্মার ২০ বলে ৩১ রানের ইনিংসে ভারত ৩ উইকেটে তুলেছিল ১৮৮। ১ উইকেটে ৮৯ রান তুলে ফেলে ভালো জবাবও দিচ্ছিল অস্ট্রেলিয়া। কিন্তু সেখান থেকেই পথ হারাল, আর ফিরতে পারেনি। তিন বল বাকি থাকতেই ১৫১ রানে অলআউট।
ওয়ানডে সিরিজে ৪-১ ব্যবধানে হারলেও শেষ ম্যাচটি জিতেছিল ভারত। ক্রিকেটে যে কথাটি অনেক বেশি ব্যবহার করা হয়, মোমেন্টাম, সেটিকেই এই ম্যাচেও টেনে আনল ধোনির দল। টসে জিতে অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ ব্যাট করতে পাঠিয়েছিলেন ভারতকে। হয়তো আশা ছিল, অনেক দিন পর ফেরা টেইট গতির ঝড় তুলবেন। তার ওপর আজকের ম্যাচের ভেন্যু অ্যাডিলেড সম্ভবত তাঁর সবচেয়ে পছন্দের। এই ভেন্যুতে টি-টোয়েন্টিতে তাঁর ৪২ উইকেটের রেকর্ড অস্ট্রেলিয়ার যেকোনো ভেন্যু মিলিয়েই কোনো বোলারের সর্বোচ্চ।
তো সেই টেইট আজ কী করেন সেটি ছিল দেখার বিষয়। সঙ্গে জেমস ফকনার, কেন রিচার্ডসনরা তো ছিলেনই। কিন্তু এই ম্যাচে তাঁরা যা করতে পারলেন, তা হলো তিনজনই ৪০-এর বেশি করে রান দিলেন। তাঁদের ওপর তলোয়ার চালালেন ভারতীয় ব্যাটসম্যানরা। টেইট ৪ ওভারে ৪৫ রান দিয়ে উইকেটশূন্য। শেষ তিন ওভারে রীতিমতো ঝড় তুলেছে ভারত। তুলেছে ৪০ রান। তাতেই স্কোরটা এমন জায়গায় গেল, ম্যাচ প্রায় সেখানেই শেষ। এর আগে ১৬০-এর বেশি তাড়া করেই যে অস্ট্রেলিয়া জিতেছিল একবার।
অধিনায়ক ফিঞ্চ ৩৩ বলে ইনিংস সর্বোচ্চ ৪৪ করে নিজে কিছুটা চেষ্টা করেছিলেন। অস্ট্রেলিয়ার ‘আসল’ অধিনায়ক স্টিভ স্মিথ ১৪ বলে ২১ করে চেষ্টাও করলেন। কিন্তু ৯ থেকে ১১—টানা তিন ওভারে স্মিথ-ফিঞ্চ-হেড ফিরে যাওয়ার পর আর মাথা তুলে দাঁড়াতে পারল না অস্ট্রেলিয়া। প্রথম দুই উইকেটে ৪০-এর বেশি দুটি জুটি হলেও এর পর আর ২০-এর ঘরের জুটিই হলো না।
টি-টোয়েন্টিতে অভিষিক্ত বুমরা ২৩ রানে নিলেন ৩ উইকেট। তবে ম্যাচ সেরা কোহলিই। ভারতের প্রজাতন্ত্র দিবসে যে কোহলিকে পাশে রেখে জাতীয় সংগীত গেয়েছেন ধোনি, ম্যাচের শুরুতে। ভবিষ্যতের কোনো প্রতীকী দৃশ্য? কে জানে!
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ২০ ওভারে ১৮৮/৩ (কোহলি ৯০*, রায়না ৪১, রোহিত ৩১, ধোনি ১১*, ধাওয়ান ৫; ওয়াটসন ২/২৪, ফকনার ১/৪৩)
অস্ট্রেলিয়া: ১৯.৩ ওভারে ১৫১/১০ (ফিঞ্চ ৪৪, স্মিথ ২১, লিন ১৭, ওয়াটসন ১২, ফকনার ১০; বুমরা ৩/২৩, অশ্বিন ২/২৮, জাদেজা ২/২১, পান্ডে ২/৩৭)
ফল: ভারত ৩৭ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: বিরাট কোহলি