'বড়'দের পথে 'ছোট'রাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুরে বাংলাদেশ দলের সামনে দাঁড়াতেই পারছে না জিম্বাবুয়ে! ওদিকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জয়রথ ছুটছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলেরও। ‘বড়’দের মতো একের পর এক জয় উপহার দিয়ে চলেছে ‘ছোট’রাও। কাল জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলকে ম্যাচে ৭ উইকেট হারিয়ে ৩-০-এ সিরিজ নিশ্চিত করে ফেলল বাংলাদেশের যুবারা। বাকি শুধু ধবলধোলাই।
বড়দের মতো ছোটরাও সেটি করতে পারবে? অধিনায়ক মেহেদি হাসান মিরাজ অবশ্য আশাবাদী। তবে চলতি সিরিজটা তাঁর কাছে জানুয়ারিতে ঘরের মাঠে অনুষ্ঠেয় যুব বিশ্বকাপের প্রস্তুতিই, ‘আমাদের মূল লক্ষ্য বিশ্বকাপ। তার আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার এটা দারুণ সুযোগ। তবে ধবলধোলাইটা হলে ভালোই হয়। হয়ে যাবে ইনশা আল্লাহ।’
টসে জিতে কাল ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দল স্পিন-বিষে নীল হয়ে অলআউট ৮৪ রানে। ৯ রানেই প্রথম উইকেট ফেলে তাদের পতনের রাস্তাটা দেখিয়ে দিয়েছিলেন অধিনায়ক মিরাজ। অধিনায়কের দেখানো পথেই হেঁটেছেন দলের অন্য স্পিনাররাও—আরিফুল ইসলাম, সনজিত সাহা, সাঈদ সরকার, সালেহ আহমেদ। তবে সবচেয়ে সফল আরিফ। বাঁহাতি স্পিনার ৯.৫ ওভারে ১৮ রানে নিয়েছে ৪ উইকেট। ২ উইকেট সনজিতের। বাকিরা নিয়েছেন একটি করে।
৮৫ রানের মামুলি লক্ষ্য অনায়াসেই টপকে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯, ৩ উইকেটের বিনিময়ে ১৫.৫ ওভারেই পেয়ে যায় জয়ের দেখা। জাকির হাসান করেছেন সর্বোচ্চ ২৭। নাজমুল হোসেন অপরাজিত ছিলেন ২১ রানে।