'বন্ধু'কে হারিয়ে শোকাতুর ইমরান

>পাকিস্তানের কিংবদন্তি লেগ স্পিনার আবদুল কাদিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। খেলোয়াড়ি জীবনে কাদিরকে সঙ্গে নিয়ে দুর্দান্ত বোলিং জুটি গড়ে তুলেছিলেন ইমরান
লেগ স্পিনকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে তুলেছিলেন তিনি। আর তাঁকে তুলে এনেছিলেন ইমরান খান। বলা হচ্ছে আবদুল কাদিরের কথা। হৃদ্রোগে আক্রান্ত হয়ে কাল মারা গেছেন কিংবদন্তি এ লেগ স্পিনার। ওয়ানডে ক্রিকেটে লেগ স্পিনকে একসময় পাত্তা দেওয়া হতো না। কিন্তু কাদিরকে তুলে এনে ভাবনাটা ভুল প্রমাণ করেছিলেন ইমরান। টেস্ট ও ওয়ানডে—দুই সংস্করণ মিলিয়ে ইমরানের সঙ্গে ভয়ংকর জুটি গড়েছিলেন কাদির। খেলোয়াড়ি জীবনের সেই সতীর্থকে হারিয়ে শোক প্রকাশ করেছেন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান।
আর সপ্তাহখানেক পরই ৬৪ বছর বয়সে পা রাখতেন কাদির। আশির দশকে কাদিরকে ওয়ানডে ক্রিকেটে অপরিহার্য করে গড়ে তুলেছিলেন ইমরান। তাঁর গায়ে পাকিস্তানের জার্সি ওঠার পেছনেও ইমরানের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। খেলোয়াড়ি জীবনের সে সতীর্থকে হারিয়ে এক শোকবার্তায় ইমরান বলেন, ‘আমি খুব ভালো একজন বন্ধু হারালাম আর দুর্দান্ত এক ক্রিকেটারকে যে দেশের হয়ে নিজেকে নিংড়ে দিয়েছে।’ ক্রিকেটার থেকে রাজনীতিবিদ এবং তারপর দেশের প্রধানমন্ত্রী হওয়া ইমরান জানিয়েছেন, কাদিরের মৃত্যু তাঁর কাছে বড় আঘাত।

ইমরানের নেতৃত্বেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে ৫৬ রানে ৯ উইকেট পেয়েছিলেন কাদির। টুইটারেও শোক প্রকাশ করেছেন ইমরান, ‘কাদিরের চলে যাওয়ায় খুব দুঃখ পেয়েছি। তার পরিবারের প্রতি আমার দোয়া ও সমবেদনা। আবদুল কাদির ছিল এক প্রতিভা, সর্বকালের সেরা লেগ স্পিনারদের একজন। নানা মজার কথা বলে সে দল আর ড্রেসিংরুমকেও চাঙা রাখত সব সময়।’