'বর্ণান্ধ' ওয়েড খেলবেন গোলাপি বলে!

ম্যাথু ওয়েড ‘বর্ণান্ধ’! অ্যাডিলেডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দিন–রাতের টেস্টে তিনি গোলাপি বল কীভাবে দেখবেন, এটি বড় একটা প্রশ্ন। তবে ওয়েডের দাবি, একটু কষ্ট হলেও অ্যাডিলেডে গোলাপি বলের সঙ্গে মানিয়ে নিতে তাঁর কোনো সমস্যা হবে না।
বছর তিনেক আগেই অস্ট্রেলিয়ার হয়ে খেলেছিলেন ওয়েড। কিন্তু বাজে পারফরম্যান্সের কারণে বাদ পড়ে যান। পার্থ ও হোবার্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম দুটি টেস্টে উড়ে যাওয়ার পর অস্ট্রেলীয় দলে পাইকারি পরিবর্তনের অংশ হিসেবেই ওয়েড ফিরতে যাচ্ছেন অ্যাডিলেডে। তবে ওয়েডের ব্যাটিং সামর্থ্য অস্ট্রেলীয় দলে তাঁর ফেরায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
গত বছর শেফিল্ড শিল্ডের একটি ম্যাচ গোলাপি বলের সঙ্গে পরিচয় ঘটেছিল ওয়েডের। তিনি মনে করেন, সে ম্যাচের অভিজ্ঞতা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে তাঁকে সাহায্য করবে, ‘গোলাপি বলে গত বছর অ্যাডিলেড ওভালে শেফিল্ডের একটি ম্যাচ খেলেছিলাম। টেস্টে এখন কী করি, সেটিই দেখার বিষয়। টেস্টে গোলাপি বলে খেলা হলে আপনাকে অবশ্যই এর সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে।’
বর্ণান্ধ হলেও ব্যাপারটিকে তিনি মাথা থেকে সরিয়ে রাখতে চান, ‘আমি ব্যাপারটিকে মাথায় রাখতে চাই না। আমি বলের রং দেখতে পারি। কেবল মাঝেমধ্যে একটু বেশি সময় নিয়ে বলের গতিপথটা বুঝে নিতে হয়। আমি মনে করি কোনো সমস্যা হবে না সবকিছু ঠিকঠাক সামলে নেব।’
২০১৩-১৪ মৌসুমে শেফিল্ড শিল্ডে গোলাপি বলে প্রথম খেলা হয়েছিল।ওয়েড মনে করেন সে সময়ের তুলনায় গোলাপি বলে খাপ খাইয়ে নেওয়া এখন অনেকটাই সহজ, ‘আমি গোলাপি বলে আগের চেয়ে অনেক বেশি করেই খাপ খাইয়ে নিয়েছি বলে মনে করি। আপনি যত খেলবেন, তত তাড়াতাড়ি খাপ খাইয়ে নিতে পারবেন। তবে এটাও ঠিক, গোলাপি বলও আগের তুলনায় অনেক উন্নত হয়েছে।’ ২০১৪ সালে অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ক্রিস রজার্স নিজের বর্ণান্ধতার কথা বলে গোলাপি বলের একটি ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন।
অ্যাডিলেড ওভালে দ্বিতীয়বারের মতো গোলাপি বলে হতে যাচ্ছে দিন–রাতের টেস্ট। গত বছর এই মাঠে অনুষ্ঠিত প্রথম দিনরাতের টেস্টে নিউজিল্যান্ডকে ৩ উইকেটে হারিয়েছিল অস্ট্রেলিয়া। তিন দিনেই শেষ হওয়া সেই টেস্টটি ছিল দারুণ উত্তেজনাপূর্ণ। সূত্র: এএফপি