'বলি কী করে ক্রিকেটাররা একাধিক বিয়ে করতে পারবে না!'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঠের পারফরম্যান্সের চেয়ে সাব্বির-নাসির আলোচিত বিতর্কিত ঘটনায়। প্রথম আলো ফাইল ছবি
মাঠের পারফরম্যান্সের চেয়ে সাব্বির-নাসির আলোচিত বিতর্কিত ঘটনায়। প্রথম আলো ফাইল ছবি
বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়া নাসির-সাব্বির-মোসাদ্দেককে শনিবার ডেকেছে বিসিবি। বিসিবি সভাপতি নাজমুল হাসান আজ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ক্রিকেটারদের বিতর্কিত কর্মকাণ্ড রোধে তাঁরা কিছু উদ্যোগ নিচ্ছেন।


আজ বিকেলে ১৫ সদস্যের এশিয়া কাপের দল দিয়েছে বিসিবি। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানিয়েছেন বাজে পারফরম্যান্সের কারণে সাব্বির রহমান দল নেই। তাঁকে নিয়ে কদিন পর পর যে বিতর্ক হয়, সেটিও যে বাদ পড়ায় ভূমিকা রেখেছে, পরে সেটি বোঝা গেল বিসিবি সভাপতি নাজমুল হাসানের কথায়।

এখানেই শেষ নয়, শনিবার সাব্বিরকে ডেকেছে বিসিবি। তাঁকে ঘিরে যে বিতর্ক, সেটির কারণ জানতে চাইবে বিসিবি। সাব্বিরের সঙ্গে বিসিবির শুনানিতে আসতে হচ্ছে নাসির হোসেন ও মোসাদ্দেক হোসেনকেও। কদিন আগে নাসির ভীষণ আলোচিত হয়েছেন তাঁর এক কথিত মডেল বান্ধবীর সৌজন্যে। গত জুনে সেই বান্ধবী নিজেদের সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে ‘বোমা’ ফাটাতে শুরু করেন, ভীষণ বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় বিসিবিকে। আর মোসাদ্দেকের ঘটনা তো একেবারে টাটকা। ১৬ বছর বয়সে খালাতো বোনকে বিয়ে করেছেন। গত ১৬ আগস্ট স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন। মোসাদ্দেকের স্ত্রী সামিনা শারমীন ২৬ আগস্ট রোববার ময়মনসিংহের আদালতে স্বামীর বিরুদ্ধে যৌতুক ও নির্যাতনের অভিযোগে মামলা করেছেন।

ক্রিকেটারদের শুনানিতে ডাকা নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান আজ বিকেলে বলেছেন, ‘সাব্বিরকে শৃঙ্খলা কমিটি থেকে ডাকা হয়েছে। এর পরে সিদ্ধান্ত হবে। আর এখন সে স্কোয়াডে নেই। অবশ্যই এসবের একটা প্রভাব আছে।’ সবকিছু শুনে কী ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে সেটি অবশ্য পরিষ্কার করতে পারেননি নাজমুল, ‘কথা বলেই সিদ্ধান্ত নেওয়া নেবে। কথা না বলে, একজনকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। এ কারণেই ডেকেছে। কথা বলে সিদ্ধান্ত নেবে। যেটা নেওয়া হওয়া উচিত তেমন সিদ্ধান্তই আসবে।’

গত তিন বছরে তিন ক্রিকেটারকে ফৌজদারি মামলায় যেতে হয়েছে কারাগারে। আরও চারজনের বিরুদ্ধে উঠেছে নারীঘটিত কেলেঙ্কারি কিংবা স্ত্রী নির্যাতনের অভিযোগ। তরুণ খেলোয়াড়েরাই বিতর্কে জড়াচ্ছেন। বিব্রত করছেন দেশের ক্রিকেট ও বিসিবিকে। নাজমুল অবশ্য নাসির-সাব্বিরকে তরুণই বলতে চান না, ‘এরা বুড়া হয়ে গেছে! এখনো যদি ওদের জুনিয়র বলেন, তিন-চার বছর ধরে খেলছে একেকজন।’

‘তরুণ’ বলতে আপত্তি থাকলেও বিসিবি যে এসব ঘটনায় যে ভীষণ বিব্রতকর পরিস্থিতি পড়ে সেটি রোধে ফের কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বললেন নাজমুল, ‘ব্যক্তিগত অনেক সমস্যা আছে। সেটা থাকতে পারে। সবকিছুতে বিসিবিকে জড়ালে হবে না। সব সমাধান বিসিবির পক্ষে করাও সম্ভব না। ডিভোর্স হয় না বাংলাদেশে? কেউ যদি কাউকে ডিভোর্স দিতে চায় এটা নিয়ে আমরা কী করতে পারি? কেউ যদি একাধিক বিয়ে করে সেটিতেও আমাদের কিছু করার নেই। এখন তো আমরা বলতে পারি না যে ক্রিকেট যারা খেলে তারা একাধিক বিয়ে করতে পারবে না! তবে ক্রিকেট খেলোয়াড়েরা অবশ্যই আইডল। তাদেরকে অনেকে অনুসরণ করে। অবশ্যই তাদের ভালো মানুষ হতে হবে। কারও কারও শাস্তি দিচ্ছি। যদি দেখি এসবেও কাজ হচ্ছে না, তখন কড়া শাস্তি দিতেই হবে। চূড়ান্ত সিদ্ধান্ত আমার কাছে একটাই, সে জাতীয় দলে খেলতে পারবে না। এখন আন্তর্জাতিক ক্রিকেটে যদি কেউ খেলতে না পারে, এর চেয়ে বেশি আর কী করতে পারব বলুন?’

শাস্তি তো আছেই। ক্রিকেটারদের বিতর্কিত কর্মকাণ্ডে রোধে বিসিবি মনোবিদের শরণ নেওয়ার কথাও ভাবছে, ‘আমরা মনোবিদ নিয়ে আসার কথা ভাবছি। খেলোয়াড়দের এ নিয়ে কিছু পরামর্শ, উপদেশ দেওয়া যায় কিনা। আমরা তো খালি খেলায় জিততে প্রশিক্ষণ দিই। এখন এসব ব্যাপারেও কিছু করা যায় কিনা ভাবছি। খেলোয়াড়েরা কী করতে পারবে, কী পারবে না এসব। যখন তারা সফরে যাবে তখন তাদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করার কথা ভাবছি। এটা নিয়ে দিক নির্দেশনা তৈরি করছি। সবকিছুর পর কিন্তু ওদের নিজেদেরই ভালো হতে হবে। জোর করে কাউকে ভালো করা যায় না। ওরা নিজেরা ভালো না হলে আমাদের কিছু করার নেই, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।’