'বাংলাওয়াশে'ই উদ্যাপনের অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সাকিব আল হাসান আইপিএলে যাওয়ার দিনই বলে গিয়েছিলেন, পাকিস্তানের বিপক্ষে সিরিজে বাংলাদেশ ফেবারিট। ক্রিকেটের বাইরের এক অনুষ্ঠানে গিয়ে একই কথা বলেছিলেন মাহমুদউল্লাহও। সিরিজ শুরুর আগেই বাতাসে আশার রেণুর এমন ওড়াউড়ি একটা ভালো লাগার অনুভূতি তৈরি করেছিল। যাক, বাংলাদেশের ক্রিকেটাররা অন্তত সাহস করে স্বপ্নের কথাটা বলতে শিখেছেন।
তখন কি আর কেউ ভেবেছিলেন, এ শুধু বলার জন্য বলা নয়, সাকিব-মাহমুদউল্লাহরা কাজটা করেও দেখাবেন! প্রথম ওয়ানডেতে পাওয়া জয় দিল ১৬ বছর পর পাকিস্তানকে হারানোর স্বাদ। দ্বিতীয় ওয়ানডের জয়ে ভর করে চলে এল পাকিস্তানের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের সাফল্যও। এখন ৩-০-র অপেক্ষা। কিন্তু মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে যে এমন একের পর এক অভূতপূর্ব ঘটনা ঘটে যাচ্ছে, তাতে ক্রিকেটারদের মধ্যে আনন্দের হিল্লোল বইছে না কেন? কেন তাঁরা অন্য বড় দলকে হারানোর পর যে রকম উদ্যাপন করেন, সে রকমটা করছেন না? জাতীয় পতাকা নিয়ে ‘ল্যাপ অব অনার’ নেই, নেই জয়ের নায়ককে কাঁধে তুলে মাঠ ছাড়ার দৃশ্য! কেন এমনটা?
এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে শেষ পর্যন্ত পাওয়া গেল একটা শব্দই—আত্মবিশ্বাস। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিশ্বকাপ বাংলাদেশ দলের প্রতিটি শিরায় ছড়িয়ে দিয়েছে এই টনিক। কাল হোটেল লবিতে হাঁটতে হাঁটতে সাব্বির রহমান বলছিলেন, ‘দুটো ম্যাচেই আমাদের বিশ্বাস ছিল আমরা জিতব। জয় প্রত্যাশিত ছিল বলেই হয়তো ম্যাচ শেষে উৎসব হয়নি।’ বাঁহাতি স্পিনার আরাফাত সানির জবাবও সংক্ষিপ্ত, ‘আমরা এখন ভালো ক্রিকেট খেলছি। অল্পতেই খুশি হওয়ার দিন আর নেই।’
তবে নাসির হোসেনের কাছে এখনো সবকিছু মনে হচ্ছে ভোজবাজির মতো, ‘আগে সাত ম্যাচ খেলে একটা জিততাম। এখন প্রায় প্রতিদিনই জিতছি। প্রথম ম্যাচের পর সবাই যে রকম নির্বিকারভাবে মাঠ থেকে উঠে যাচ্ছিল, জিতলাম নাকি হারলাম, সেটাই বুঝতে পারছিলাম না।’ জয়ের পর ক্রিকেটারদের আনন্দ-উল্লাস করতে না দেখে যাঁরা হতাশ হচ্ছেন, তাঁদের অবশ্য একটা সুখবর দিলেন তিনি, ‘আমরা পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার জন্য অপেক্ষা করছি। এমন নয় যে এ রকম কোনো সিদ্ধান্ত নিয়ে রাখা হয়েছে যে, হোয়াইটওয়াশ করার পরই উৎসব করব। তবে দেখবেন, তাই হবে।’
তামিম ইকবাল, মাহমুদউল্লাহর মতো ম্যাচ শেষে পরশু রাতটা বাসায় কাটিয়েছেন মুশফিকুর রহিমও। কাল সকালে তাই হোটেলে পাওয়া গেল না তাঁকে। পাওয়া গেল মুঠোফোনে। তবে অন্যদের মতো জিতেও জয়ের আনন্দে না ভাসার কারণ হিসেবে সহজ জয়ের কথা উচ্চারিত হয়নি মুশফিকের মুখে। প্রথম দুই ম্যাচে সিরিজ জয় নিশ্চিত করে ফেলার কাজটাকে তাঁর কাছে বরং কঠিনই মনে হয়েছে, ‘অনেক ভালোভাবে জিতেছি, তাই মনে হচ্ছে ম্যাচ এবং সিরিজ জেতাটা অনেক সহজ ছিল। কিন্তু বাস্তবতা হচ্ছে কাজটা ছিল বেশ কঠিন।’
এ রকম কঠিন কিছু করে ফেলার পরও কেন জয় উদ্যাপন হচ্ছে না, দ্বিতীয় ওয়ানডে শেষে সেই প্রশ্ন করা হয়েছিল মাশরাফি বিন মুর্তজাকেও। তাঁর উত্তরটা অন্যদের মতো ছিল না। অধিনায়কের বরং মত, জয় যার বিপক্ষে বা যেভাবেই আসুক, সেটা নিয়ে গর্ব করা উচিত। তাতে জয়ের পরিপূর্ণ তৃপ্তিটা যেমন আসে, তেমনি উপভোগ করা যায় মাথার ওপর থাকা চাপ সরিয়ে দেওয়ার আনন্দও। তার জন্য অবশ্য আগে চাপটা অনুভবও করতে হবে। এই সিরিজে আজহার আলীর পাকিস্তান যে বাংলাদেশ দলকে ‘উপহার’ দিতে পারছে না সেটাই! তাতে একটা ‘মন্দের ভালো’ অবশ্য হচ্ছে পাকিস্তানের জন্য। বাংলাদেশ দলের আনন্দনৃত্য দেখে আরও ক্ষতবিক্ষত হচ্ছে না হৃদয়।
কাল শেষ ম্যাচেও যে তা হবে না, সে নিশ্চয়তা অবশ্য দেওয়া যাচ্ছে না। বাংলাদেশ দলের পুরো উৎসবটাই যে আছে ‘বাংলাওয়াশের’ অপেক্ষায়!