'বাংলাদেশ উন্নতি করছে ফাস্ট বোলিং দিয়ে'

ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল বাঁহাতি ওপেনার। আগ্রাসী ব্যাটিংয়ে একাই গুঁড়িয়ে দিতে পারতেন প্রতিপক্ষের বোলিং। তিনি ম্যাথু হেইডেন। সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার এ মুহূর্তে বাংলাদেশে, এশিয়া কাপে ধারাভাষ্যকারের ভূমিকায়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ধারাভাষ্যকক্ষে বসেই পরশু একান্ত সাক্ষাৎকারে হেইডেন বললেন ক্রিকেট ও ক্রিকেটের বাইরের অনেক কিছু নিয়ে—
* মজার একটা বিষয় দিয়েই শুরু করি। দুর্দান্ত ব্যাটিংয়ের পাশাপাশি আপনার আরও একটি গুণ আছে, দারুণ রান্না করতে পারেন। রান্নার ওপর আপনার দুটি বইও আছে। এটা শিখেছিলেন কার কাছ থেকে?
ম্যাথু হেইডেন: শিখেছিলাম দাদির কাছ থেকে। যেখানে বড় হয়েছি, সেখানে দাদা-দাদি থাকতেন আমাদের সঙ্গে। আমি শাকসবজির বাগান করতাম। সেগুলো দাদি ও আমি মিলে রান্না করতাম। যখন বিভিন্ন জায়গায় যেতে শুরু করলাম, তখন বিভিন্ন অঞ্চলের রান্না শিখলাম। এর পর এটা নেশায় পরিণত হলো। এখনো সেটি চালিয়ে যাচ্ছি।
* আপনার প্রিয় পদ (ডিশ) কোনটি?
হেইডেন: আমার কাছে ‘ডাল খাড্ডা’ খুব প্রিয়। উপমহাদেশে এটা খুবই পরিচিত। আমি নিরামিষাশী নই। সামুদ্রিক খাবারও রান্না করতে পছন্দ করি।
* রান্নাঘর ছেড়ে এবার ক্রিকেট মাঠে আসা যাক। বর্তমান সময়ের কোন ওপেনারের খেলা ভালো লাগে?
হেইডেন: (একটু ভেবে) ডেভিড ওয়ার্নার তো অবশ্যই। রোহিত শর্মার খেলাও ভালো লাগে। এই দুজন সত্যি দুর্দান্ত।
* তামিম ইকবালের খেলা দেখে থাকবেন। বাংলাদেশ ওপেনারের ব্যাটিং কেমন লাগে?
হেইডেন: সে অসাধারণ খেলোয়াড়। এই টুর্নামেন্টে এখনো তাকে দেখিনি। তবে বিশ্বকাপে দেখেছিলাম, বিধ্বংসী।
* টেস্টে আপনার সফল সঙ্গী ছিলেন জাস্টিন ল্যাঙ্গার, সীমিত ওভারে অ্যাডাম গিলক্রিস্ট। তিনজনই ছিলেন বাঁহাতি। মজার ব্যাপার, বাংলাদেশের বর্তমান ওপেনিং জুটির সমন্বয়টাও এমন। টেস্টে তামিম-ইমরুল কায়েস, সীমিত ওভারে তামিম-সৌম্য সরকার। তিনজনই বাঁহাতি এবং সবাই বেশ সাফল্য পাচ্ছেন। আপনাদের সঙ্গে তুলনা নয়, বলতে চাইছি সাদৃশ্য নিয়ে। এই সাদৃশ্যটা আপনি কীভাবে দেখেন?
হেইডেন: আমরা যখন বড় হয়েছি, তখন সব সময়ই বাঁ-ডানহাতির সমন্বয় করা হতো। তবে সময়ের সঙ্গে সেটি বদলেছে। একজন খেলোয়াড় কোথায় খেলে, এখন সেটাই গুরুত্বপূর্ণ। তামিম কাভার দিয়ে খেলতে পছন্দ করে। ল্যাঙ্গারও কাভারে খেলতে পছন্দ করত। আমি আবার সোজা খেলতে পছন্দ করতাম। অনসাইডে বেশি স্বচ্ছন্দ ছিলাম। একজন ব্যাটসম্যান কোন অঞ্চলে খেলতে স্বচ্ছন্দ বোধ করে, সেটি হিসাব করেই একজন বোলার তার লাইন-লেন্থ পরিবর্তন করে।
* সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ওয়ানডেতে দারুণ খেলছে। কিন্তু টেস্ট, টি-টোয়েন্টিতে ততটা নয়...
হেইডেন: বাংলাদেশ উন্নতি করছে আসলে ফাস্ট বোলিং দিয়ে। তাদের দারুণ কিছু ফাস্ট বোলার আছে। বিশ্বের যেখানেই খেলেন, ওয়ানডেতে প্রতিপক্ষের ১০ উইকেট পাওয়ার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অবশ্য সব সময় কিছু ভালো স্পিনার ছিল। তবে গত কয়েক বছরে তাদের পেসারদের বিরাট উন্নতি হয়েছে।
* মুস্তাফিজুর রহমানের বোলিং দেখেছেন নিশ্চয়...
হেইডেন: অসাধারণ এক বোলার। মজার ব্যাপার কি জানেন, বাংলাদেশ ও পাকিস্তান থেকে প্রচুর বাঁহাতি বোলার উঠে আসছে। আধুনিক ক্রিকেটে প্রচুর বাঁহাতি ব্যাটসম্যান আছে। দেখে ভালো লাগছে, এখন আন্তর্জাতিক ক্রিকেটে প্রচুর বাঁহাতি বোলারও চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে।
* টেস্টে ও টি-টোয়েন্টিতে ভালো করতে হলে বাংলাদেশের কোন দিকে বেশি জোর দেওয়া উচিত বলে মনে করেন?
হেইডেন: বাংলাদেশের যে বোলিং আক্রমণ আছে, সেটা দারুণ। আমার মতে, এখন তাদের নজর দিতে হবে ব্যাটিংয়ে। বিশেষ করে এমন কিছু ব্যাটসম্যান দরকার, যারা মাঠের চারদিকে ঘুরিয়ে খেলতে পারে। অবশ্যই শর্ট বলে দুর্দান্ত হতে হবে। কাল (রোববার) শ্রীলঙ্কার বিপক্ষে দেখলাম, বাউন্সারে বেশ অস্বস্তিতে পড়েছে ব্যাটসম্যানরা। সব উপমহাদেশীয় ব্যাটসম্যানের ক্ষেত্রেই এটা দেখা যায়। যখন উইকেট গতিময় ও বাউন্সি হবে, তখন আপনাকে সমস্যায় পড়তে হবে। এটি সামলানোর কিছু টেকনিক থাকতে হবে, যেটি ক্রিকেটের সব সংস্করণেই গুরুত্বপূর্ণ।
* এবার আপনার ক্যারিয়ারে আসি। শুরুর দিকে নিয়মিত ছিলেন না দলে। বিশেষ করে ১৯৯৭ সালের ফেব্রুয়ারি-মার্চে দক্ষিণ আফ্রিকা সফর শেষে টেস্ট দল থেকে বাদ পড়লেন। এর পর তিন বছরের বিরতি। দীর্ঘ সময়ে দলের বাইরে থাকাটা নিশ্চয় কষ্টের ছিল...
হেইডেন: মনে হয়, ওই সময় আমার চেয়ে দারুণ কিছু খেলোয়াড় ছিল। মার্ক টেলর, মাইকেল স্ল্যাটারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করাটা খুবই কঠিন ছিল। আমার সময় আট-নয়জন ব্যাটসম্যান ছিল, যাদের সামর্থ্য ছিল টেস্ট খেলার।
* এ সময়টাতে নিজেকে উদ্বুদ্ধ করেছিলেন কীভাবে?
হেইডেন: শুধু রান করো আর খেলাটাকে ভালোবাসো—এভাবেই নিজেকে উদ্বুদ্ধ করেছি।
* আক্রমণাত্মক ব্যাটিংয়ে আপনার শারীরিক গঠন কতটা সহায়ক ভূমিকা পালন করেছে?
হেইডেন: একজন ব্যাটসম্যান হিসেবে এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। যদি বোলারদের শাসন করতে হয়, আপনাকে শারীরিক দিক দিয়েও এগিয়ে থাকতে হবে।
* ২০০৩ সালের অক্টোবরে পার্থ টেস্টে ভেঙে দিয়েছিলেন ব্রায়ান লারার ৩৭৫ রানের রেকর্ড। কিন্তু সেটি বেশি দিন টিকল না। চার মাস পর অপরাজিত ৪০০ রান করে টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ডটি আবার নিজের করে নিয়েছিলেন লারা। এ নিয়ে কোনো আক্ষেপ আছে?
হেইডেন: আমি যখন ওর রেকর্ড ভাঙলাম, আমাকে ফোন করেছিল। যখন সে আমারটা ভাঙল, আমিও তাকে ফোন করেছিলাম। একে অপরকে অভিনন্দন জানিয়েছি। আর রেকর্ড ভাঙা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। রেকর্ড হয় ভাঙার জন্যই।
* খেলোয়াড়ি জীবনে ভারতের সঙ্গে আপনার খুব ‘তিক্ত’ সম্পর্ক ছিল। ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে প্রায়ই লেগে যেত...
হেইডেন: ঠিক, ভারতের সঙ্গে খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সম্পর্ক ছিল আমার। তবে তাতে কষ্ট পাওয়ার মতো কোনো ব্যাপার ছিল না। সব সময়ই ভারতের বিপক্ষে খেলাটা উপভোগ করতাম। কারণ, আমাদের মধ্যে ভীষণ প্রতিযোগিতা হতো। ওদের বিপক্ষে হারটাও খুব পোড়াত। তবে কোনো খেলোয়াড়ের ওপর রাগ-ক্ষোভ ছিল না। আইপিএলে তাদের অনেকের সঙ্গে তো বছরের পর বছর খেলেছি।
* ২০০৬ সালে বাংলাদেশ সফরের স্মৃতি মনে আছে? সেই ফতুল্লা টেস্ট...
হেইডেন: বেশি কিছু মনে নেই। প্রথম টেস্ট ক্লোজ ছিল। রিকি পন্টিং, আমি ভালো খেলেছিলাম (প্রথম টেস্টে)। জেসন গিলেস্পি ডাবল সেঞ্চুরি (পরের টেস্টে) করে বাদ পড়েছিল (হাসি)।