বাংলাদেশের বিশেষ সাহায্য চায় জিম্বাবুয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>*ফাইনালে উঠতে বাংলাদেশের সাহায্য চান কাইল জার্ভিস
ফাইনালে উঠতে তামিমদের দিকে তাকিয়ে জার্ভিস। ছবি: প্রথম আলো
ফাইনালে উঠতে তামিমদের দিকে তাকিয়ে জার্ভিস। ছবি: প্রথম আলো

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে কারা? কালকের আগ পর্যন্ত অঙ্কের হিসাবে সামান্য হলেও এগিয়ে ছিল জিম্বাবুয়ের সম্ভাবনা। কিন্তু কাল বাংলাদেশের কাছে ৯১ রানের হার নেট রান রেটের হিসাবে তাদের পিছিয়ে দিয়েছে অনেকটাই। আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ বিশাল ব্যবধানে জিতলেই কেবল ফাইনালে খেলার সম্ভাবনা থাকবে হিথ স্ট্রিকের দলের।

প্রার্থনার ভঙ্গিতে শেষ ম্যাচটি দেখা ছাড়া তাই আপাতত আর কোনো কাজ নেই জিম্বাবুয়ে দলের খেলোয়াড়দের। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে এসে কাইল জারভিসও বলে গেলেন সেটাই, ‘এখন নেট রান রেটের হিসাবেই সব হবে। আশা করি পরের ম্যাচে বাংলাদেশ আমাদের এই সাহায্যটা করবে!’ তবে ফাইনালে যাওয়ার জন্য আরেক দলের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে বলে একটু হতাশই মনে হলো ৪২ রানে ৩ উইকেট নেওয়া পেসারকে, ‘এই পরিস্থিতিতে যাওয়া আমাদের উচিত হয়নি। আমাদের নিজেদেরই এটা নিশ্চিত করা উচিত ছিল। শেষ ম্যাচে বাংলাদেশের জন্য শুভকামনা।’
২১৭ রানের লক্ষ্যকে জয়ের জন্য কঠিন মনে হয়নি জারভিসের। কিন্তু ২০ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর আত্মবিশ্বাস টলে যায় তাঁরও। দলের ব্যাটসম্যানদের প্রতি অসন্তোষ ঝাড়তেও তাই দ্বিধা করেননি জারভিস, ‘বাংলাদেশের যে মানের বোলার আছে তাতে ওই পরিস্থিতি থেকে এই রান করাটা আসলেই কঠিন ছিল। ব্যাটসম্যানদের উচিত নিজেদের কঠিন প্রশ্নের মুখোমুখি করা।’
সতীর্থ ব্যাটসম্যানদের জারভিস তুলনায় আনলেন বাংলাদেশের তামিম ইকবাল ও সাকিব আল হাসানের সঙ্গে, ‘আমাদেরও এ রকমই কিছু দরকার ছিল। আমরাই আমাদের সম্ভাবনাটা নষ্ট করেছি।’
শুধু ব্যাটিং কেন, জারভিসের চোখে কাল জিম্বাবুয়ের বোলিংয়েও ছিল গোলমাল। ১৭০ রানে ৮ উইকেট হারানোর পরও বাংলাদেশের লেজের দিকের ব্যাটসম্যানদের স্কোরটাকে ২১৬-তে নিয়ে যাওয়ায় দুষছেন নিজেদের বাজে বোলিংকেই, ‘আমরা বেশ কিছু বাজে ওভার করেছি। লেজের দিকের ব্যাটসম্যানদের বল করতে গিয়ে ভুল জায়গায় বল ফেলেছি।’
শেষ পর্যন্ত ফাইনালে না উঠেই বাংলাদেশ থেকে বিদায় নিতে হলে দলের আর সবার মতো হতাশ হবেন জারভিসও। তবে তিনি খুশি জিম্বাবুয়ে উন্নতির ধারাটা ধরে রাখতে পারায়। ত্রিদেশীয় সিরিজ শেষে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ওয়ানডের সিরিজ খেলবেন তাঁরা দুবাইয়ে। তার আগে একটা দল হয়ে ওঠাটাকেই বেশি জরুরি মনে করছেন জারভিস। আর কিছু না হোক, শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে সেই লক্ষণ কিছুটা হলেও তো দেখা গেছে!