'বাংলাদেশময়' ওভাল
চ্যাম্পিয়নস ট্রফিতে ৪ তারিখের ম্যাচের আর কোনো টিকিট বাকি নেই। ভারত-পাকিস্তান ম্যাচের এ তথ্যে অবশ্য কেউ অবাক হয় না। কিন্তু বিস্ময় জাগিয়েছিল, টুর্নামেন্ট শুরু হওয়ার দুই সপ্তাহ আগেই উদ্বোধনী ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে যাওয়ায়। টি-টোয়েন্টির যুগে ওয়ানডে ম্যাচ নিয়ে এত আগ্রহ!

আজ বাংলাদেশের ম্যাচ শুরু হতেই রহস্য উদ্ঘাটন হলো। প্রবাসী বাংলাদেশিরাই এমন কীর্তি গড়েছেন। ওভালে চ্যাম্পিয়নস লিগের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশকে অকুণ্ঠ সমর্থন দিতে পৌঁছে গেছেন সবাই। আজকের ম্যাচে অন্তত গ্যালারিতে ইংল্যান্ডকেই কোণঠাসা করে দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ বলতে দলের সমর্থকেরা; ম্যাচের আগেই নেচে গেয়ে, গ্যালারিতে পতাকা উড়িয়ে জানান দিয়েছেন নিজেদের। আজ ওভালে ম্যাচ শুরু হতেই তামিম-সৌম্যদের প্রতিটি শট, সেটা হোক রক্ষণাত্মক কিংবা আক্রমণাত্মক, করতালিতে উৎসাহ জোগাচ্ছেন তাঁরা। ম্যাচের ফল জানতে অপেক্ষা করতে হবে আরও অনেকক্ষণ, তবে দর্শক-সমর্থনে জয়টা বাংলাদেশ পেয়ে গেছে ইতিমধ্যেই।
