'বাংলাদেশে নিরাপদ বোধ করছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুরের একাডেমি মাঠে হাই পারফরম্যান্স ইউনিটের সঙ্গে ব্যস্ত সময় কাটাচ্ছেন অস্ট্রেলিয়ান ট্রেনার কোরি বকিং l প্রথম আলো
মিরপুরের একাডেমি মাঠে হাই পারফরম্যান্স ইউনিটের সঙ্গে ব্যস্ত সময় কাটাচ্ছেন অস্ট্রেলিয়ান ট্রেনার কোরি বকিং l প্রথম আলো

গুলশানের হলি আর্টিজান থেকে ফ্রান্সের নিস। জার্মানির মিউনিখ থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা। কিংবা যুদ্ধের ভগ্নাবশেষ নিয়ে মাথা তুলে দাঁড়ানো আফগানিস্তান—কোথায় হচ্ছে না সন্ত্রাসী হামলা? অথচ অনিরাপদ শুধু বাংলাদেশ!
না, বাংলাদেশকে কেউ ‘অনিরাপদ রাষ্ট্র’ ঘোষণা করেনি। কিন্তু এ রকম ঘটনাপ্রবাহের পর আলোচনাটা যখন আন্তর্জাতিক ক্রিকেটে সীমাবদ্ধ হয়ে আসে, কেন জানি সবাই ওটাই বলতে চায়। গত বছর ইতালীয় নাগরিক সিজার তাবেলার ওপর প্রাণনাশী হামলার পর যেমন বাংলাদেশ সফরে এলই না অস্ট্রেলিয়া ক্রিকেট দল। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও তারা দল পাঠায়নি, বাংলাদেশ সফর বাতিল করে দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দলও।
হলি আর্টিজান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর ইংল্যান্ড দলের আসন্ন সফর নিয়েও উঁকি দিচ্ছে একই শঙ্কা। ইংল্যান্ডেরই বা দোষ কী! বাংলাদেশে এত দিন ধরে কাজ করেও কি মন থেকে ভয় পুরোপুরি দূরে রাখতে পারছেন জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও তাঁর কোচিং স্টাফের অন্য সদস্যরা? দীর্ঘ ছুটি শেষ হয়ে যাওয়ার পরও কেউ এখনো ঢাকায় ফেরেননি। আগামী মাসের প্রথম সপ্তাহে ফিরবেন বলে শোনা যাচ্ছে। সেটাও বিসিবির কাছ থেকে নানা রকম নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে।
এ কারণেই ব্যতিক্রম বলতে হচ্ছে কোরি বকিংকে। শুধু নাম শুনেই তাঁকে চিনে ফেলার উপায় নেই। তবে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিটের হয়ে কাজ করতে বাংলাদেশে আসা এই অস্ট্রেলিয়ান ট্রেনার তাঁর জগতে মোটামুটি খ্যাতিমান। অস্ট্রেলিয়ার রাগবি দল ওয়েস্ট টাইগার্সের ফিজিক্যাল পারফরম্যান্স ম্যানেজার ছিলেন। এইচপির চুক্তিভিত্তিক ট্রেনারের দায়িত্ব পালনের পাশাপাশি বর্তমানে সিডনির পারফরম্যান্স ট্রেনিং ইনস্টিটিউটের মহাব্যবস্থাপকের দায়িত্বেও আছেন। হলি আর্টিজান ও শোলাকিয়ার ঘটনার পর ৯ জুলাই ঢাকায় আসা সেই কোরি বকিং বলছেন, ‘বাংলাদেশে আমি নিরাপদ বোধ করছি।’
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গেলে এখন যে কারও চোখ আটকে যাবে বকিংয়ের ওপর। বাংলাদেশের নিরাপত্তা নিয়ে বিদেশিদের মনে যখন উদ্বেগ-উৎকণ্ঠার শেষ নেই, তখন এই শ্বেতাঙ্গ দিব্যি জার্সি-শর্টস পরে মাঠ চষে বেড়াচ্ছেন। কখনো মূল স্টেডিয়ামে খেলোয়াড়দের ফুটবল খেলার সঙ্গী, কখনো-বা ব্যস্ত ফিটনেস ট্রেনিং করানোয়। ১৬ জুলাই ক্যাম্প শুরু হওয়ার পর গুলশানে ভাড়া নেওয়া ফ্ল্যাট থেকে প্রায় প্রতিদিনই মিরপুর স্টেডিয়ামে আসা-যাওয়া করছেন কোনো সমস্যা ছাড়াই। বকিংয়ের ভাষায়, ‘আমার একদমই কোনো অস্বস্তি লাগছে না। আমি খুব ভালো আছি। চিন্তিত হওয়ার মতো কিছু দেখছি না।’
এত উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যেও ‘স্বস্তিতে আছি’, ‘ভালো আছি’ কথাগুলো বলতে পারার জন্য বকিং ধন্যবাদ দিলেন বিসিবিকে। ‘যাদের হয়ে কাজ করছি, সেই বিসিবি খুবই ভালোভাবে আমার দেখাশোনা করছে। হয়তো সে জন্যই আমি এতটা স্বস্তিতে এবং নিরাপদে আছি। তারা যেভাবে বলছে, আমিও সেভাবেই চলছি’—বলছিলেন এইচপির ট্রেনার। অন্য যেসব বিদেশি এখন বাংলাদেশে আছেন বা নিকট ভবিষ্যতে যাঁরা বাংলাদেশ সফর করবেন, তাঁদের জন্যও তাঁর একই পরামর্শ। সতর্ক হয়ে চলতে হবে। যাদের আতিথেয়তায় এখানে আসা, তাদের পরামর্শ মানতে হবে। আর এটা শুধু বাংলাদেশ নয়, সব দেশের ক্ষেত্রেই প্রযোজ্য। সন্ত্রাসীদের গ্রেনেড-গুলির লক্ষ্য যে এখন পুরো বিশ্বই!
বকিংকে নিজের নিরাপত্তার চেয়ে বেশি চিন্তিত মনে হলো বাংলাদেশের মানুষ আর অর্থনীতি নিয়ে। সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনা দেশের মানুষের মধ্যে আতঙ্ক ঢুকিয়ে দিয়েছে। অনেক বিদেশিই এই সময়ে বাংলাদেশে আসার প্রশ্নে দু-তিনবার করে ভাবছেন। নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান নেতিবাচক মনোভাব বাংলাদেশের অর্থনীতিতে সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে বলে মনে করেন বকিং, ‘আমার কাছে সবকিছু ইতিবাচকই মনে হচ্ছে। সবার সাহায্য-সহযোগিতাও পাচ্ছি। তবে খারাপ লাগে এ দেশের অর্থনীতির কথা ভেবে। অনেকেই (বিদেশি) দেশ ছেড়ে চলে যাচ্ছেন।’
বাংলাদেশে এখন যে পরিস্থিতি, বকিং তার চেয়েও বাজে পরিস্থিতি দেখেছেন ভারতে। ২০০৮ সালে মুম্বাই হামলার সময় আহমেদাবাদে ছিলেন। পরশু বিসিবির একাডেমি ভবনে বসে ফিরে গেলেন সেই স্মৃতিতে, ‘খুবই অস্বস্তি হচ্ছিল ওই সময়। ওরকম একটা আক্রমণের পর পরিস্থিতিটা খুব নাজুক হয়ে পড়েছিল। সবার মনে ছিল ভয়। দুর্ভাগ্যজনকভাবে এখানেও অনেকটা সে রকম ঘটনাই ঘটেছে।’
এইচপির প্রধান কোচ হিসেবে যোগ দিতে শিগগির ঢাকায় আসছেন আরেক অস্ট্রেলিয়ান সায়মন হেলমট। বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ত্রিনবাগো নাইট রাইডার্সের কোচের দায়িত্ব পালন করলেও বকিংয়ের কাছ থেকে নিয়মিত খোঁজখবর রাখছেন এইচপি ইউনিটের। মাঝে শোনা গিয়েছিল, নিরাপত্তার শঙ্কায় হেলমটের ঢাকায় আসা বিলম্বিত হতে পারে আরও। বকিং এটিকে উড়িয়ে দিলেন গুজব বলে, ‘এখানকার পরিস্থিতি নিয়ে তিনি খুব চিন্তিত নন। সিপিএল শেষ হলেই চলে আসবেন বলে জানিয়েছেন। তাঁর দল ফাইনালে উঠলে হয়তো আগামী সপ্তাহে আসবেন। আর দল টুর্নামেন্ট থেকে বিদায় নিলে চলে আসতে পারেন আরও আগেই।’
বিদেশিদের কাছে কোরি বকিংয়ের মতো তখন বাংলাদেশের আতিথেয়তা ও নিরাপত্তা পরিস্থিতির আরেকটি বিজ্ঞাপন হবেন সায়মন হেলমটও।