'বাংলাদেশের পেসারদের ভবিষ্যৎ উজ্জ্বল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়াকার ইউনিস, ম্যাথু হেইডেন, লাসিথ মালিঙ্গা—তিনজনেরই প্রশংসা পেয়েছেন বাংলাদেশের পেসাররা।
ওয়াকার ইউনিস, ম্যাথু হেইডেন, লাসিথ মালিঙ্গা—তিনজনেরই প্রশংসা পেয়েছেন বাংলাদেশের পেসাররা।

এই তো গত এপ্রিলে পাকিস্তান সিরিজেও বাংলাদেশের বোলিং আক্রমণ ছিল স্পিননির্ভর। জুনে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সবাই সবিস্ময়ে দেখল, বাংলাদেশ নেমেছে চার পেসার নিয়ে! চার পেসার নিয়ে বাংলাদেশ খেলেছিল আগেও অনেকবার। কিন্তু ওই প্রথম কৌশলটা কাজে লাগল দারুণভাবে।

এরপর সীমিত ওভারের ক্রিকেটে পেসারদের ওপরই ভরসা রেখেছে বাংলাদেশ। তাঁরাও আস্থার প্রতিদান দিয়েছেন। জুনের পর থেকে এ পর্যন্ত পরিসংখ্যানটা দেখুন, সেখানে পেসারদের জয়জয়কার। গত নয় মাসে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বাংলাদেশের সফল বোলারদের সেরা তিনের দুজনই ফাস্ট বোলার। এই সময় ৯ ওয়ানডেতে ২৬ উইকেট নিয়ে সবার ওপরে মুস্তাফিজুর রহমান। দুইয়ে থাকা মাশরাফি বিন মুর্তজা ৯ ম্যাচে নিয়েছেন ১১ উইকেট। সমানসংখ্যক উইকেট নিয়ে সাকিব আল হাসান আছেন তিনে।

টি-টোয়েন্টিতেও সাফল্যের চিত্রটা একই রকম। ৮ ম্যাচে ১৮ উইকেট নিয়ে সবার ওপরে আল আমিন। ৯টি-টোয়েন্টিতে ১১ উইকেট নিয়ে দুইয়ে মুস্তাফিজ। ১০ ম্যাচে সমানসংখ্যক উইকেট নিয়ে এই সংস্করণেও তিনে সাকিব।

পরিসংখ্যানই বলে দিচ্ছে, সীমিত ওভারে বাংলাদেশের সাফল্যে বড় অবদান রাখছেন পেসাররা। উজ্জ্বল পারফরম্যান্সে মুস্তাফিজ-আল আমিন-তাসকিনরা প্রশংসা পাচ্ছেন অনেক ক্রিকেট বোদ্ধার। পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার ওয়াকার ইউনিস, সাবেক অস্ট্রেলীয় ওপেনার ম্যাথু হেইডেন, শ্রীলঙ্কান অধিনায়ক লাসিথ মালিঙ্গা-সবার কণ্ঠে অভিন্ন স্তুতি, দারুণ করছেন বাংলাদেশের পেসাররা।

গতকাল বিকেলে মুস্তাফিজ-আল আমিনদের নিয়ে মালিঙ্গার কণ্ঠে আরেক প্রস্থ প্রশংসা, ‘বাংলাদেশের পেসাররা উন্নতি করছে। যারা ভালো খেলবে, তাদের কথা বলতেই হবে। একসময় বাংলাদেশ দুই-তিনজন স্পিনার খেলাত। এখন তারা চারজন পেসার নিয়ে নামছে। এটাই প্রমাণ করে, তাদের পেসাররা ভালো করছে। তাদের ভবিষ্যৎ উজ্জ্বল।’