'বাংলাদেশ-পরিবেশে' স্মিথদের প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেতন-ভাতা নিয়ে বোর্ড আর ক্রিকেটারদের দ্বন্দ্ব শেষ হয়নি এখনো। কিন্তু শিগগিরই সেটির সুরাহা হয়ে যাবে, এমনটি ধরে নিয়েই বাংলাদেশ সফরের জন্য তৈরি হতে চায় অস্ট্রেলিয়া। আর সে কারণেই স্টিভেন স্মিথদের প্রস্তুতিতেও কোনো ঘাটতি রাখছে না ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির (এনটি) ডারউইনে ১০ আগস্ট থেকে এক সপ্তাহের অনুশীলন ক্যাম্প করবে স্টিভেন স্মিথের দল।

ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে বেতন-ভাতা নিয়ে দ্বন্দ্ব বাদে এ মুহূর্তে ক্রিকেট নিয়ে ব্যস্ততা নেই স্মিথ-ওয়ার্নারদের। মুশফিকদের মতো তাঁদের ঘরোয়া ক্রিকেটের সূচিটাও ফাঁকা। বাংলাদেশ সফরের আগে নিজেদের ঝালিয়ে নিতে ডারউইনের মারারা ক্রিকেট মাঠে সাত দিনের একটা প্রস্তুতি ক্যাম্প আয়োজন করেছে সিএ। প্রস্তুতির অংশ হিসেবে ১৪ আগস্ট থেকে নিজেদের মধ্যে তিন দিনের একটা ম্যাচ খেলবেন স্মিথ-ওয়ার্নাররা। গত ফেব্রুয়ারিতে ভারত সফরের আগে দুবাইয়ে এমন অনুশীলন ক্যাম্প করেছিল অস্ট্রেলিয়া।

অনুশীলনের জন্য ডারউইনকে বেছে নেওয়ার ব্যাখ্যায় অস্ট্রেলিয়া দলের পারফরম্যান্স ম্যানেজার প্যাট হাওয়ার্ড বলেছেন, ‘বাংলাদেশের মতো কন্ডিশন পেতে নর্দার্ন টেরিটরি ক্রিকেটের সঙ্গে কাজ করা। বাংলাদেশে মানিয়ে নেওয়ার জন্য আদর্শ পরিবেশ পাওয়া যাবে ডারউইনেই। আর মারারা ক্রিকেট গ্রাউন্ডের সুযোগ-সুবিধাও প্রথম শ্রেণির।’

ডারউইনে এখন শুষ্ক মৌসুম। একই আবহাওয়া থাকবে আগস্টেও। তাপমাত্রা থাকবে ২১ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এনটি ক্রিকেটের প্রধান নির্বাহী ট্রয় ওয়াটসন তাই বলছেন, ‘বাংলাদেশে যে কন্ডিশনে তারা খেলবে, অনেকটা সে রকম পরিবেশে প্রস্তুতির আয়োজন করছি। এতে খেলোয়াড়েরা দারুণ উপকৃত হবে।’

ডারউইন থেকেই সরাসরি রওনা দিয়ে ১৮ আগস্ট ঢাকায় এসে পৌঁছানোর কথা অস্ট্রেলিয়া দলের। ক্রিকেট অস্ট্রেলিয়া।