'বাংলাদেশ-প্রেরণা' নিয়ে ইংল্যান্ডের সামনে আফগানিস্তান

খারাপ সময় যেকোনো দলেরই আসতে পারে। ইংল্যান্ডও সেই দুঃসময়ের ঘূর্ণাবর্তে। কিন্তু আফগানিস্তানের কোচ অ্যান্ডি মোলস তা মানছেন কোথায়? বাংলাদেশ থেকে অনুপ্রেরণা নিয়ে আফগানরাও চায় ইংল্যান্ডকে চূড়ান্ত লজ্জা দিতে!
বাংলাদেশের সঙ্গে আফগানিস্তানের একটি জায়গায় দারুণ মিল। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয় এসেছিল স্কটল্যান্ডের বিপক্ষে। আফগানদেরও তা-ই। বাংলাদেশের ১৯৯৯ বিশ্বকাপ শেষটা হয়েছিল পাকিস্তানের মতো বড় দলকে হারিয়ে। আফগানিস্তানের সামনে একই সুযোগ। আগামীকাল সিডনিতে ইংল্যান্ডকে হারিয়ে প্রথম বিশ্বকাপ-মিশনটা স্মরণীয় করে রাখতে দৃঢ় প্রত্যয়ী আফগানিস্তান। মোলস বললেন, ‘আগের ম্যাচের ভিডিও দেখেছি। সঠিক জায়গায় বল করে চাপে ফেলা, দারুণ ফিল্ডিং করা, “হাফ চান্স” কাজে লাগানো, বাংলাদেশিরা যা করেছে আমরাও তা-ই করার চেষ্টা করব। ব্যাট হাতে কাউকে জ্বলে উঠতে হবে, এগুলো কঠোর গোপনীয় কিছু নয়। ’
বিশ্বকাপের শুরুতেই মোলস জানিয়েছিলেন, তারা দল কেবল সংখ্যা পূরণ করতে আসেনি, এসেছে দারুণ খেলতে। স্কটল্যান্ডের বিপক্ষে জয় আর শ্রীলঙ্কার সঙ্গে দারুণ লড়াইটা বাদে তারা আসলে চমক না দেখাতে পারল কোথায়? তবে ইংল্যান্ডকে হারিয়ে সেই চমক দিতে চান মোলস, ‘বিশ্বকাপে চমকে দেওয়ার প্রত্যাশা নিয়ে এসেছিলাম। শ্রীলঙ্কার বিপক্ষে সেটা প্রায় হয়েও যাচ্ছিল। যদি আমরা ধারাবাহিকতা ধরে রাখতে পারি এবং সময়ের কাজ সময়ে করতে পারি, এখনো বিশ্বাস করি আমাদের সুযোগ আছে। তবে সেটি করতে সেরাটাই দিতে হবে, ইংল্যান্ডকে কিছুতেই সুযোগ দেওয়া যাবে না। ’
ওদিকে এখনো বাংলাদেশের বিপক্ষে পরাজয়ের দুঃস্মৃতির ঘোর যেন কাটছে না পল ফারব্রেসের। আফগানদের বিপক্ষে ‘কিছু’ একটা ঘটে গেলে সেটি হবে ভয়াবহ। ইংল্যান্ডের সহকারী কোচ বলেছেন, ‘বাংলাদেশের বিপক্ষে হারটা যদি হয় ভয়ংকর, কল্পনাও করতে পারছি না আগামীকাল হারলে কী হবে। এতটুকু বলা যায়, সেটি হবে ভীষণ ভয়ংকর। ’ তথ্যসূত্র: ক্রিকইনফো ও এএফপি।