'বাউন্সার খেলারই অংশ'

বাউন্সারের জবাবে বাউন্সার! চোট পেয়ে মুশফিকের স্ট্রেচারে করে মাঠ ছাড়া। ওয়েলিংটন টেস্ট শেষে তাই সংবাদ সম্মেলনেই কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের কাছে প্রশ্ন—বাউন্সার আইনটা আরেকটু কঠিন করা হচ্ছে না দেখে তিনি কি বিস্মিত? উইলিয়ামসন অবশ্য পক্ষে-বিপক্ষে কিছুই বলেননি। এটাকে খেলার অংশ বলেই মনে করেন কিউই অধিনায়ক।
নিল ওয়াগনার নিজে ব্যাট করার সময় বাংলাদেশের পেসার কামরুল ইসলামের বাউন্সারে ভুগেছেন। নিজে বল হাতে পেয়ে কি আর শোধ নেওয়ার সুযোগটা ছাড়েন কিউই ফাস্ট বোলার! লক্ষ্য বানালেন চোট পাওয়া আঙুল নিয়ে ব্যাট করতে নামা মুশফিকুর রহিমকে। একবার তো আম্পায়ার তাঁকে সতর্কও করে দিলেন। একসময় বাউন্সারে চোট পেয়ে মুশফিক শুয়েই পড়লেন মাঠে। তাঁকে স্ট্রেচারে নিতে হলো বাইরে, আসলে হাসপাতালে। সংবাদ সম্মেলনে অনিবার্যভাবেই এই প্রশ্নটা উঠেছে, উইলিয়ামসনের উত্তর, ‘এটা (বাউন্সার) খেলারই অংশ। সময়ের সঙ্গে নিয়মটাকে অনেক কঠিন করে তোলা হয়েছে। আগে তো যত ইচ্ছা বাউন্সার দেওয়া যেত, তখন হেলমেটও ছিল না।’ এখন হেলমেট-টেলমেট অনেক ভালো বলে মনে করেন নিউজিল্যান্ড অধিনায়ক।
শেষ পর্যন্ত মুশফিক আবার ড্রেসিংরুমে ফিরেছেন দেখে স্বস্তিই পেয়েছেন উইলিয়ামসন, ‘ওয়াগনার নিজে অনেকবার চোট পেয়েছে, বাংলাদেশের কয়েকজনও চোট পেয়েছে। মুশফিককে আবার উঠে দাঁড়াতে দেখে এবং সে সুস্থ আছে জেনে ভালো লাগছে।’