'বাচ্চা' ভেবে ভুল কোরো না - ইংলিশদের নাসিমের হুমকি

>ইংল্যান্ডে যাওয়ার আগেই ইংলিশ ব্যাটসম্যানদের সাবধান করে দিলেন পাকিস্তানের পেসার নাসিম শাহ
বয়স মাত্র ১৭। এরই মধ্যে বিশ্ব ক্রিকেটে নাম ছড়িয়েছেন নাসিম শাহ। পাকিস্তানি পেসার কতটা ভয়ংকর হয়ে উঠতে পারেন তা ভালোই টের পেয়েছেন শ্রীলঙ্কা ও বাংলাদেশের ব্যাটসম্যানরা। গত নভেম্বরে ১৬ বছর বয়সে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া সেই নাসিম আজ হুমকি দিলেন ইংলিশ ব্যাটসম্যানদের। বললেন তাঁকে যদি বাচ্চা ভেবে গুরুত্ব না দেয় তারা, তবে ইংলিশদের চড়া মূল্য দিতে হবে।
আগস্টে তিনটি করে টেস্ট ও টি–টোয়েন্টি খেলবে ইংল্যান্ড ও পাকিস্তান। সেই সিরিজ খেলতে এ মাসের শেষেই ইংল্যান্ডের উড়োজাহাজে চড়ার কথা পাকিস্তান ক্রিকেট দলের। সফরের দলও ঘোষণা করা হয়ে গেছে। সেই দলে আছেন টেস্ট ইতিহাসে সবচেয়ে কম বয়সে হ্যাটট্রিক পাওয়া বোলার নাসিম। সফরে পাকিস্তানি বোলিং আক্রমণের অন্যতম ভরসাও এই কিশোর।
৪ টেস্টের ক্যারিয়ারে ১৩ উইকেট নেওয়া সেই নাসিম আজ পাকিস্তানে কথা বলেছেন সংবাদমাধ্যমের সঙ্গে। সেখানেই ইংলিশদের সাবধান করেছেন এই পেসার, ‘তাঁরা যদি আমাকে বাচ্চা মনে করে তবে বড় ভুল করবে। বয়সে কী আসে যায়, আমার বোলিংটাই হলো আসল। তাই ওদের উচিত হবে আমাকে গুরুত্ব দেওয়া।’
গত ফেব্রুয়ারিতে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করা নাসিম ইংল্যান্ডে সম্ভবত আরেক তরুণ ফাস্ট বোলার শাহীন শাহ আফ্রিদির সঙ্গে পাকিস্তানের বোলিং উদ্বোধন করবেন।