'বাজি'টা কেন জিততে পারেননি মাহমুদউল্লাহরা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কার স্পিনারদের সামনে দুই ইনিংস মিলে ৮০ ওভারও খেলতে পারেনি বাংলাদেশ। ছবি: শামসুল হক
শ্রীলঙ্কার স্পিনারদের সামনে দুই ইনিংস মিলে ৮০ ওভারও খেলতে পারেনি বাংলাদেশ। ছবি: শামসুল হক
• প্রতিপক্ষের শক্তির জায়গা স্পিন জেনেও বাংলাদেশ স্পিন-সহায়ক উইকেটে খেলেছে।
• কিন্তু ঝুঁকিটা নেওয়া কি সঠিক ছিল?

মিরপুর টেস্ট শেষ হয়ে গেছে আড়াই দিনে! আজ দুপুরের উজ্জ্বল আলোতেও বাংলাদেশ দলের খেলোয়াড়দের মুখে ঘোর অন্ধকার! বিষাদে ভরা এ দুপুরে এক খেলোয়াড়ের রসিকতায় না হেসে উপায় নেই, ‘বাকি দুই দিনের ডিএ (দৈনন্দিন ভাতা) দেবে তো?’

খেলোয়াড়ের ‘সেন্স অব হিউমার’ প্রশংসা করতেই হয়। কিন্তু খানিক আগে ২২ গজে স্কিল-টেম্পারমেন্টের যে প্রদর্শনীটা হলো, সেটির প্রশংসা যে করা যাচ্ছে না! চট্টগ্রামের ন্যাড়া উইকেটে দুর্দান্ত ব্যাটিং শৈলীর পর মিরপুরে একটা ঝুঁকি নিতে চেয়েছিল বাংলাদেশ। ‘যা হয় হবে, ফল চাই’—এ ভাবনাতেই কঠিন উইকেটে খেলার সিদ্ধান্ত। টেস্টের আগে মাহমুদউল্লাহ বারবার নিজেদের ‘পজিটিভ ইনটেন্ট’ বা ইতিবাচক ভাবনার কথা বলে গেছেন। স্পিন লড়াইয়ে প্রতিপক্ষের সঙ্গে পেরে ওঠা কঠিন হবে, সেটি জেনেও যে ঝুঁকিটা নিয়েছেন, সেটির জন্য বাহবা পেতেই পারেন তাঁরা। তাই বলে দেশের মাঠে এভাবে অসহায় আত্মসমর্পণ? ‘ব্যাখ্যা দেওয়া আসলে কঠিন’—সংবাদ সম্মেলনে অধিনায়ক মাহমুদউল্লাহও যেন অসহায়!

তবে কেন ঝুঁকিটা নেওয়া হলো? ‘ক্রিকেট খেলাটা একটা বাজির মতো। জানতাম যে ওদের স্পিন বিভাগ খুব ভালো। আর আমাদের স্পিন বিভাগও ভালো করেছিল। জানতাম আমাদের ব্যাটসম্যানদের জন্যও চ্যালেঞ্জিং হবে। তবু আমরা আমাদের ব্যাটসম্যানদের ওপর ভরসা রেখেছিলাম। দুর্ভাগ্য ব্যাটসম্যানরা ভালো করতে পারেনি’—আস্থার প্রতিদান দিতে পারেননি, অধিনায়কের কাঠগড়ায় ব্যাটসম্যানরা তো উঠবেনই।

কিন্তু ‘মাইন ফিল্ডে’ কীভাবে ব্যাটিং করতে হয়, শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা সেটা ভালোভাবে করিয়ে দেখিয়েছেন। বিশেষ করে রোশেন সিলভা। দুই ইনিংসে ধৈর্য আর স্কিলের যে অনুপম প্রদর্শনী দেখিয়েছেন, বাংলাদেশের ব্যাটসম্যানরা কেন সেটি পারেননি? এবার বোলারদের ঘাটতি চোখে পড়ছে মাহমুদউল্লাহর, ‘আপনি হেরাথ, দিলরুয়ান বা আকিলার বোলিং দেখেন, আমরা যে কয়টা বাউন্ডারি মেরেছি অনেক ঝুঁকি নিয়ে মারতে হয়েছে। অন্যদিকে আমাদের বোলাররা যখন বোলিং করেছে...এই উইকেটে যত সামনে খেলাবেন, ব্যাটসম্যানদের রান করা তত কষ্ট। আমাদের স্পিনাররা পাঁচটা বল ভালো করেছে, একটা বল সহজ বাউন্ডারি দিয়েছে। এই ব্যাপারটা ওদের চাপ কমিয়ে দিয়েছে। আমাদের স্পিনারদের আরেকটু ভালো করা উচিত ছিল। কিন্তু আমাদের ব্যাটসম্যানরাই বেশি দায়ী ছিল।’

বাংলাদেশের ভাবনায় ছিল ইতিবাচক ক্রিকেট খেলা, রক্ষণাত্মক নয়। সব ঠিক আছে। কিন্তু ইতিবাচক মানে তো ভুল শট খেলা নয়, ভুল জায়গায় বল ফেলা নয়, বারবার ক্যাচ হাতছাড়া করা নয় কিংবা দল নির্বাচনে একের পর এক ভুল সিদ্ধান্ত নয়। বাজিতে জিততে হলে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে—যেটি বাংলাদেশই ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার সঙ্গে করে দেখিয়েছে। আজ করে দেখাল চন্ডিকা হাথুরুসিংহের শ্রীলঙ্কা। মাহমুদউল্লাহ যে পজিটিভ ইনটেন্টের কথা বলছেন, এ ভাবনার বীজটা কিন্তু হাথুরুই বুনে দিয়ে গিয়েছিলেন বাংলাদেশ দলে। মাহমুদউল্লাহদের ব্যর্থতা এখানেই, ‘গুরুমারা বিদ্যা’টা ফলাতে পারেননি জায়গামতো!