'বাধা পেরিয়ে এগোতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
এনামুল হক
এনামুল হক
ঢাকা প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম দুই ম্যাচেই ফিফটি করেছেন এনামুল হক। কাল বিকেএসপিতে আবাহনীর বিপক্ষে আউট হয়েছেন ৯৭ রানে। দল জিতেছে বলে এ নিয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সের ওপেনারের খুব আফসোস নেই। মুঠোফোনে তিনি বললেন জাতীয় দলের বাইরে থাকার অভিজ্ঞতা, তাঁর খেলার ধরনে আনা বদল নিয়ে

* সেঞ্চুরি থেকে তিন রান দূরে থেকে ফিরেছেন, আফসোস হচ্ছে নিশ্চয়ই?

এনামুল হক: মাংসপেশিতে টান না লাগলে সেঞ্চুরিটা হয়তো হয়ে যেত। একেবারেই নড়তে পারছিলাম না। আমার মধ্যে ‘নার্ভাস নাইনটিজ’ কাজ করে কম। আবাহনীর মতো বড় দলের বিপক্ষে সেঞ্চুরি করতে পারলে অন্য রকম ভালো লাগা কাজ করে। এটা নিয়ে আফসোস আছে, আবার নেইও! ম্যাচটা তো জিতে গেছি।

* লিগে ধারাবাহিক ভালো খেলছেন। ব্যাটিং নিয়ে আলাদা কাজ করেছেন?

এনামুল: প্রিমিয়ার লিগ শুরুর আগে সালাউদ্দিন স্যার (গাজীর কোচ) বলছিলেন, জাতীয় দলে ফিরতে হলে আমাকে বিশেষ কিছু করতে হবে। এটা মাথায় আছে। এমনভাবে নিজেকে এগিয়ে নিয়ে যেতে চাই, যাতে অন্যদের চেয়ে আমার পার্থক্যটা বোঝা যায়।

* আপনার বল বেশি খেলার প্রবণতা অনেক কমেছে। ব্যাটিংয়ের ধরনে এই পরিবর্তনটা কীভাবে এল?

এনামুল: সালাউদ্দিন স্যার আমাকে বলেছেন, এক-দুই রান ও বাউন্ডারি সংখ্যা বাড়াতে হবে। সেটাই করার চেষ্টা করছি। একটা ম্যাচে ৪৭ বলে ৫০, আরেকটিতে ৫১ বলে ৫৪ রান করে আউট হয়েছি। আজ (কাল) মাংসপেশিতে টান না লাগলে ১২০ বলে ১৫০ রানও হতে পারত! চেষ্টা করব প্রিমিয়ার লিগ শেষে স্ট্রাইকরেটটা ১০০ বা ১১০ রাখতে।

* অবধারিত প্রশ্ন, প্রায় দেড় বছর জাতীয় দলের বাইরে আছেন। দলে ফেরা নিয়ে কী ভাবছেন?

এনামুল: প্রতিনিয়ত এ নিয়ে অনেক কথা শুনতে হয়। আমার ভালো খেলাটা জরুরি। গত দুই বছরে ঘরোয়া ক্রিকেটে প্রায় আড়াই হাজার রান করেছি—উড়িয়ে দেওয়ার মতো বিষয় নয়! জাতীয় দলের ভাবনা সব সময়ই কাজ করে। কেউ চায় না ওই ড্রেসিংরুমটা ছেড়ে আসতে। কেউ চায় না বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ হাতছাড়া করতে। জাতীয় দলে খেললে মানুষের যে ভালোবাসা পাওয়া যায়, সেটা ভীষণ মিস করি। যারা জাতীয় দলের বাইরে থাকে, সবারই এই অনুভূতিটা হয়।

* এই দেড় বছরে তাহলে এই উপলব্ধি আপনার?

এনামুল: মানুষ হার থেকে শেখে। আমিও একইভাবে শিখছি। অল্প বয়সে অনেক কিছু পেয়েছি আবার অনেক কিছু হারিয়েছিও। অনেক দিন হলো জাতীয় দলের বাইরে আছি। বাধা পেরিয়ে আমাকে এগোতে হবে। মনেপ্রাণে বিশ্বাস করি, ভালো কিছু করার এটাই সেরা সময়।

* ২০১৫ বিশ্বকাপে সর্বশেষ ওয়ানডে খেলেছেন। আপনাকে জায়গা হারাতে হয়েছে বন্ধু সৌম্য সরকারের কাছে! জাতীয় দলের টপ অর্ডারে যে প্রতিদ্বন্দ্বিতা, ফেরাটা নিশ্চয়ই আরও কঠিন হয়ে গেছে...

এনামুল: এটা একধরনের চ্যালেঞ্জ। যে ভালো খেলছে, তার চেয়ে দ্বিগুণ ভালো খেলে ফিরতে হবে। চ্যালেঞ্জটা আমি নিয়েছি। আমার স্বপ্ন অনেক বড়। স্বপ্নের পেছনে ছুটছি, কষ্ট করছি, পরিশ্রম করছি। সারাক্ষণ ক্রিকেট নিয়েই ভাবছি। এর প্রতিদানে নিশ্চয়ই কিছু পাব।