'বিকৃতকারী'দের মিলনমেলা!

কলম্বোতে কয়েক দিন আগে একটা মেলা বসেছিল। মেলার কেন্দ্রবিন্দুতে দিনেশ চান্ডিমাল ও ফাফ ডু প্লেসি। আর তাঁদের সঙ্গ দিয়েছেন ভারনন ফিল্যান্ডার ও দাসুন শানাকা। দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা সফরে এসেছে। এরই প্রস্তুতিতে একটি পুনর্মিলনী হয়ে গেল বল টেম্পারারদের!
কদিন আগে ওয়েস্ট ইন্ডিজ ঘুরে এসেছেন চান্ডিমাল। সেখানেই তাঁর বিরুদ্ধে উঠেছিল বল টেম্পারিংয়ের অভিযোগ। এ নিয়ে মাঠে না নেমে পুরো দল নিয়েই বিপদে পড়েছিলেন চান্ডিমাল ও কোচ চন্ডিকা হাথুরুসিংহে। চুইংগাম আর মিন্টের রস ব্যবহার করে বলের আকার বিকৃতির অভিযোগ ওঠে চান্ডিমালের বিরুদ্ধে। এদিক থেকে ডু প্লেসি অবশ্য গুরুজন। আঠালো রস ব্যবহার করে বল বিকৃতির দায়ে ম্যাচ ফির বেশ বড় অংশ খসানোর স্মৃতিটা তাঁর বছর দুয়েক পুরোনো।
ফিল্যান্ডার ও শানাকা অবশ্য এমন মোলায়েম-কোমল উপায়ে বল বিকৃতির ঝামেলায় যাননি। তাঁরা কষ্ট করে বল করেন, তাই বল বিকৃতির কাজটাও কষ্ট করেই করেছেন। নখ দিয়ে খুঁটে বলের সুতা তুলে নেওয়ার বড্ড জটিল কাজ করেছেন তাঁরা। বেরসিক ম্যাচ রেফারি অবশ্য এমন সূক্ষ্ম কাজের মূল্য বোঝেননি। পৃথক দুই ঘটনায় দুজনেরই ম্যাচ ফির কিছু অংশ কেটে নিয়েছেন।
কলম্বোতে তাঁরা চাইলেই নতুন উপায়ে বল টেম্পারিংয়ের উপায় খুঁজতে পারেন। অথবা বল টেম্পারিং নিয়ে আইসিসির দ্বিধান্বিত অবস্থান নিয়েও হাসিঠাট্টা করে নিতে পারেন। অস্ট্রেলিয়ার স্যান্ড পেপার কেলেঙ্কারির পর ক্রিকেট থেকে আপাতত ছুটি মেলেছে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটের। আর সে ঘটনায় এমনই ধাক্কা খেয়েছে আইসিসি যে বল টেম্পারিংয়ের শাস্তি এক লহমায় বেড়ে গেছে। আগে সর্বোচ্চ পুরো ম্যাচ ফি কেটে রাখাই ছিল সর্বোচ শাস্তি। এখন সেটা ৬ টেস্ট কিংবা ১২টি সংক্ষিপ্ত সংস্করণের ম্যাচ থেকে নিষিদ্ধ হবেন ক্রিকেটার।
এমন কঠিন শাস্তি শুনে ভয় পেতেই পারেন ডু প্লেসি। হাজার হলে গত ১২ বছরে যে ৮টি বল বিকৃতির ঘটনা ঘটেছে (পড়ুন বিকৃতি করে ধরা পড়েছে), তার ২৫ ভাগই ডু প্লেসির কীর্তি। এ ছাড়া নানা সময়ে বল বিকৃতির অভিযোগ উঠেছে, কিন্তু প্রমাণ মেলেনি কখনো। সমস্যাটা হলো, বল যে বিকৃতি করা হচ্ছে, সেটা ক্যামেরায় দেখা না গেলে কারও পক্ষেই বোঝা সম্ভব নয়। বল বিকৃতি করা হচ্ছে বলে অনেক আওয়াজ ওঠে, কিন্তু আম্পায়াররা নানাভাবে পরীক্ষা করেও কখনো সেটা ধরতে পারেননি। ব্যানক্রফট সিরিশ কাগজে ঘষেও বলের খুব একটা পরিবর্তন আনতে পারেননি। শ্রীলঙ্কা দলও যে বলে কিছু করেছে, সেটা পরদিন সকালে ভিডিও ফুটেজের কল্যাণে জেনেছেন আম্পায়াররা।
শাস্তি বাড়ালেও বল টেম্পারিং নিয়ে সবার মধ্যে এখন দ্বিধা রয়ে গেছে। ডু প্লেসি পর্যন্ত এ নিয়ে মুখ খুলেছেন, ‘আইসিসি শাস্তি অনেক কড়া করেছে কিন্তু ওরা এখনো বলেনি কোনটা করা যাবে আর কোনটা করা যাবে না। চুইংগাম কি চিবানো যাবে? নাকি যাবে না? মুখে মিন্ট রাখা যাবে?’ এ ছাড়া কিছু প্রশ্ন রয়ে যাচ্ছে। মিষ্টিজাতীয় কিছু চিবানোর কতক্ষণ পর বল পরিচর্যা করতে পারবেন ফিল্ডার?
এ ছাড়া এখন পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি, মুখের লালা ব্যবহার করে আসলেই বল বিকৃতি করা যায়। এখন পর্যন্ত যা দেখা যায়, লালার ব্যবহারে বলের একদিক চকচকে রাখা যায়। এর কতটা আইনসিদ্ধ আর কোন পর্যায় পেরোলে তাকে বল বিকৃতি বলা হবে? ভিডিও ফুটেজের ওপর নির্ভর করেই তবে চলবে বল বিকৃতি-সংক্রান্ত সব আলোচনা?
এমন সব প্রশ্নের উত্তরই হয়তো খোঁজা হচ্ছে কলম্বোতে। তবে আইসিসিরই বোধ হয় এ ক্ষেত্রে মাথা ঘামানো উচিত সবচেয়ে বেশি।
ক্রিকইনফোতে প্রকাশিত অ্যান্ড্রু ফিদেল ফার্নান্দোর লেখা অবলম্বনে