'বিগ হোল' দেবে অসাধ্যসাধনের সাহস
কিম্বার্লির প্রায় সবকিছুর নামের সঙ্গেই ‘ডায়মন্ড’। ডায়মন্ড ট্যাক্সি, ডায়মন্ড লজ, ডায়মন্ড প্যাভিলিয়ন মল, এমনকি এখানকার ক্রিকেট মাঠটার নামও ডায়মন্ড ওভাল। যে শহরের মাটির নিচে হীরার ছড়াছড়ি, সে শহরের সবকিছুর সঙ্গে ডায়মন্ড থাকবে, সেটাই স্বাভাবিক।
দক্ষিণ আফ্রিকায় এলে হীরা কেনার শখ হয় অনেকেরই। কিম্বার্লি হীরার শহর বলে এখানে এলে শখ পূরণ করার ব্যাপারও চলে আসে। বাংলাদেশ দলের কোনো কোনো ক্রিকেটার যেমন কিম্বার্লি এসে খাঁটি হীরার সন্ধানে আছেন। এ রকমও শোনা গেছে, কোনো এক ব্যবসায়ী নাকি টিম হোটেলে নানা ধরনের হীরা নিয়ে যাবেন। সেখান থেকে খেলোয়াড়েরা পছন্দ করে হীরা কিনবেন।
হীরা কেনা, হীরা দেখার পাশাপাশি কিম্বার্লিতে হীরার খনি ঘুরে দেখারও সুযোগ আছে। পৃথিবীর সবচেয়ে বড় হীরার খনি দ্য কিম্বার্লি মাইন এই শহরেই। ১৮৭২ সালে হীরা উত্তোলন শুরু হয়ে তা শেষ হয় ১৯১৪ সালে। হীরা তুলতে গিয়ে এই ৪২ বছরে ৫০ হাজার খনিশ্রমিক মিলে যে গর্তটা খুঁড়েছেন, সেটি এখন পৃথিবীর বৃহত্তম মনুষ্যসৃষ্ট গর্তগুলোর অন্যতম। পরিত্যক্ত হওয়ার পর থেকে এর নাম হয়ে গেছে ‘দ্য বিগ হোল কিম্বার্লি’। ৪২ একর জায়গাজুড়ে প্রায় ৭০৬ ফুট গভীর এই খনি থেকে কী পরিমাণ হীরা উত্তোলন করা হয়েছে জানেন? ১ কোটি ৪৫ লাখ ৪ হাজার ৫৬৬ ক্যারেট বা ২ হাজার ৭২২ কিলোগ্রাম। তবে হীরার দীপ্তি চোখকে শুধু ধাঁধিয়েই দেয় না, এর পেছনে লুকিয়ে আছে অনেক বেদনারও গল্প। খনিতে কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন অগণিত শ্রমিক, স্বজনহারাদের অশ্রুতে ভেসেছে কিম্বার্লি।

কেউ হীরা কিনুক বা না কিনুক, কিম্বার্লি এসে বিগ হোল দেখেননি, এমন মানুষ বিরল। মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসানসহ বাংলাদেশ দলের বেশ কয়েকজন ক্রিকেটার আর কোচিং স্টাফের কয়েক সদস্য কাল গিয়েছিলেন বিগ হোল দেখতে। তা হোটেল থেকে হাঁটা দূরত্বের বিগ হোলে কী দেখলেন মাশরাফি-সাকিবরা?
বিগ হোল বলতে যা বোঝায়, পরিত্যক্ত কিম্বার্লি মাইনও সে রকম। আক্ষরিক অর্থেই এটি বিরাট এক গর্ত। গর্তের একেবারে নিচে শান্ত নীল পানি। গোলাকার হয়ে চারদিকে পাথুরে মাটি শক্ত হয়ে নিচে নেমে গেছে। পাশেই একটা জাদুঘর। কিম্বার্লি মাইন থেকে হীরা তোলার কাজে ব্যবহৃত নানা সরঞ্জাম, হীরা আনা-নেওয়ার ছোট ট্রেন, ক্রেন, ওই সময়ের ছবি—এ রকম আরও কত কিছুই-না সাজিয়ে রাখা আছে সেখানে। আর আছে বাহারি নামের হীরা। কোনোটা কোহিনূর, কোনোটা গ্রেট মোগল বা হোপ। বিগ হোল থেকে তুলে আনা জ্বলজ্বলে স্টার অব সাউথ আফ্রিকা, টিফানি, জুবিলি, কালিনান ডায়মন্ডও আছে চোখ ধাঁধিয়ে দিতে।
বিগ হোলের গল্প ১০৩ বছর পুরোনো। কিম্বার্লির এই বিশাল গর্ত আর এর কাহিনি আজও মানুষকে দেয় অসাধ্যসাধনের সাহস। মাটি থেকে শূন্যের দিকে এগিয়ে যাওয়া ছোট ব্রিজের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে নিচের বিশাল গর্তের দিকে তাকালে একটা কথাই মনে হয় সবার আগে—মানুষের অসাধ্য আসলে কিছুই নয়।
ধুঁকতে ধুঁকতে এগোনো দক্ষিণ আফ্রিকা সফরের বাকি ম্যাচগুলোর জন্য সেই সাহসটা বিগ হোল থেকেই নিতে পারেন মাশরাফি-সাকিবরা।