'বিদায়ী' ম্যাচেও সেই সাঙ্গা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘরের মাঠে সাঙ্গাকারার বিদায়টা হলো রাজসিক! ছবি: রয়টার্স
ঘরের মাঠে সাঙ্গাকারার বিদায়টা হলো রাজসিক! ছবি: রয়টার্স

আগামী বছর বিশ্বকাপের পর আর ওয়ানডে খেলবেন না কুমার সাঙ্গাকারা। সে হিসেবে আজ ঘরের মাঠ ক্যান্ডিতেই ছিল সাঙ্গাকারার শেষ ম্যাচ। প্রিয় তারকাকে বিদায় জানাতে পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে দর্শকে টইটম্বুর! গ্যালারিতে ছিলেন সাঙ্গাকারার স্ত্রী-সন্তান ও বোন। ঘরের মাঠ থেকে বিদায়টা দারুণ হলো সাঙ্গার। করলেন সেঞ্চুরি, দল জিতল ম্যাচ ও সিরিজ। ম্যাচসেরাও তিনি। এর চেয়েও আনন্দময় ‘বিদায়’ আর কী হতে পারে! শ্রীলঙ্কার কাছে ৯০ রানে হেরে সিরিজ হারের হ্যাটট্রিকও হলো ইংল্যান্ডের!
শ্রীলঙ্কার দেওয়া ২৯৩ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকল ইংলিশরা। অ্যালিস্টার কুকের দল ৮৪ রানে তুলতেই হারাল প্রথম ৫ উইকেট। ১৮তম ওভারে হ্যাটট্রিকের সুযোগ পেয়েছিলেন সুরঙ্গা লাকমল। দারুণ এক অন-ড্রাইভে চার মেরে লাকমলের হ্যাটট্রিকের সুযোগ ‘নষ্ট’ করালেন জস বাটলার। ইংলিশদের কিছুটা সুযোগ তৈরি হয়েছিল বাটলার-জো রুটের ষষ্ঠ উইকেট জুটিতে ৩৯ ও রুট-ক্রিস ওকসের ৭ম উইকেট জুটিতে তোলা ৪৬ রান। কিন্তু তা প্রয়োজনের তুলনায় মোটেও পর্যাপ্ত নয়। লাকমলের বলে দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করা রুট ফিরলে কার্যত সব প্রতিরোধ ভেঙে পড়ে ইংলিশদের। ৩৩ রানে শেষ ৪ উইকেট হারিয়ে ২০২ রানে অলআউট ইংল্যান্ড। লঙ্কান বোলারদের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নিেয়ছেন লাকমল। সেনানায়েক ৩টি, দিলশান নিয়েছেন ২টি উইকেট।
এর আগে টসে জিতে প্রথম ব্যাট করতে নেমে সাঙ্গাকারার ২০তম ওয়ানডে সেঞ্চুরি ও দিলশানের ফিফটিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৯২ রান তোলে শ্রীলঙ্কা। লঙ্কানদের বড় পুঁজি দেয় দিলশান-সাঙ্গাকারার দ্বিতীয় উইকেট জুটিতে তোলা ১৫২ রান। ট্রেডওয়েলের বলে ৬৮ রানে দিলশান ফিরলে পঞ্চম উইকেট জুটিতে দিনেশ চান্ডিমালের সঙ্গে ৫২ রানের জুটি গড়েন সাঙ্গাকারা। জর্ডানের বলে ফেরার আগে এ বাঁ–হাতির সংগ্রহ ১১২ রান। ফর্মের তুঙ্গে থাকা সাঙ্গাকারার গত পাঁচটি ইনিংস—৯১, ৮৬, ৬৩, ৬৭*! কে বলবে এটা তাঁর বিদায়বেলা? যেন ক্যারিয়ারটা সেই মধ্যগগনে!
এ জয়ে এক ম্যাচ বাকি থাকতেই ৪-২ ব্যবধানে সিরিজ জিতে নিলে শ্রীলঙ্কা।