'বিরাট' অর্জন ভারতের
রোমাঞ্চ আর বিতর্কের এক সিরিজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে যে সিরিজ জিতে দারুণ এক কীর্তি গড়েছে ভারত। টেস্ট খেলুড়ে সব কটি দেশের বিপক্ষে এখন দ্বিপাক্ষিক সিরিজের ট্রফি ভারতের কাছে।
২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছে ভারত। পাকিস্তানের বিপক্ষে খেলেছে ২০০৭ সালে। ওই দুটি সিরিজেই জয়ের পর ২০১৫ সালে হারিয়েছে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকাকে। গত বছর ভারতের কাছে সিরিজ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। এ বছর হারল বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। এ নিয়ে টানা সাতটা সিরিজ জিতল বিরাট কোহলির দল।
একই সময়ে সব টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সিরিজের ট্রফি ধরে রাখার এই কীর্তি অস্ট্রেলিয়া গড়েছে দুবার। ২০০৪-০৫ মৌসুমের বোর্ডার-গাভাস্কার ট্রফি জিতে তারা প্রথমবার এই চক্র পূরণ করে। দ্বিতীয়বার তারা এই কীর্তি গড়ে ২০০৬-০৭ মৌসুমের অ্যাশেজ জিতে। ২০১২-১৩ মৌসুমে অস্ট্রেলিয়াকে হারিয়ে সব দেশের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজ জয়ের কীর্তি গড়েছিল দক্ষিণ আফ্রিকাও। ক্রিকইনফো।