'বিশেষজ্ঞ'-বিভ্রাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতায় চাইলে কোনো বিখ্যাত ব্যক্তির বেশ নিতে পারেন, অঙ্গভঙ্গি নকল করতে পারেন। তাই বলে বিবিসির মতো সংবাদমাধ্যমে অন্য কারও বেশে হাজির হওয়া! নাদিম আলম নামে একজন করেছেন এমনটাই। সাবেক পাকিস্তানি উইকেটকিপার-ব্যাটসম্যান নাদিম আব্বাসী পরিচয় দিয়ে তিনি এসেছিলেন বিবিসি ওয়ার্ল্ড নিউজ, বিবিসি এশিয়ান নেটওয়ার্ক ও রেডিও ফাইভ লাইভ-এর সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে। সাবেক ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়ার সঙ্গে ক্রিকেট নিয়ে দিয়েছেন ‘বিশেষজ্ঞ মতামত’! বর্তমানে রাওয়ালপিন্ডিতে ক্রিকেট কোচিংয়ে যুক্ত আব্বাসী পাকিস্তানের হয়ে তিনটি টেস্ট খেলেছিলেন, তবে মিডিয়ার সামনে জীবনে একবারই এসেছিলেন, সেই ১৯৯৬ বিশ্বকাপে! আর আলমের দৌড় তাঁর নিজের শহর ইংল্যান্ডের হার্ডাসফিল্ডের ক্রিকেট পর্যন্ত! আব্বাসী স্বভাবতই চটেছেন, বিবিসির মতো প্রতিষ্ঠান কীভাবে এমন ভুল করতে পারে, প্রশ্ন তুলেছেন তা নিয়ে। তবে আলমের মাথাব্যথা নেই খুব একটা। ক্রিকেট নিয়ে আলোচনাটা ‘ভালোই’ করেছেন বলে মত তাঁর! বিবিসি অবশ্য ‘আসল’ নাদিমের কাছে ক্ষমা চেয়ে ঘটনাটিকে ‘গুরুত্বের’ সঙ্গে নিয়েছে বলে জানিয়েছে। পিটিআই।