'বিশ্বকাপে ভালো কিছুই অপেক্ষা করছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেঞ্চুরি ফসকে যাওয়ায় আক্ষেপ নিয়ে ফিরছেন এনামুল। ছবি: প্রথম আলো
সেঞ্চুরি ফসকে যাওয়ায় আক্ষেপ নিয়ে ফিরছেন এনামুল। ছবি: প্রথম আলো

দুই ম্যাচ বাকি থাকতেই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। এখন অপেক্ষা কেবল ধবলধোলাইয়ের। এনামুল হক এ ব্যাপারে বেশ আশাবাদী। এ সিরিজের পরই মনোযোগ থাকবে বিশ্বকাপে। সে ব্যাপারে এনামুলের আশাবাদ, বিশ্বকাপে ভালো কিছুই অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। তবে তার আগে রানে ফিরতে হবে সবাইকেই।
মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি হয়নি। অল্পের জন্য সেঞ্চুরি ফসকে যাওয়ায় আক্ষেপ হয় না? এনামুল বললেন, ‘আক্ষেপ তো একটু লেগেছেই। সেঞ্চুরিটা হাতছাড়া হয়েছে। একজন ব্যাটসম্যান যখন নড়বড়ে নব্বইয়ে আউট হয় তখন আফসোস একটু লাগবেই। আরও বেশি আফসোস লাগছে যে আমি আগে কখনো নব্বইয়ের ঘরে আউট হইনি।’
সিরিজ জেতা তো হলো। এবার বাংলাদেশের চোখ ধবলধোলাইয়ের দিকে। এনামুল এ ব্যাপারে বেশ আশাবাদী, ‘ধবলধোলাই অবশ্যই সম্ভব। আমার আর তামিম ভাইয়ের বড় একটা শুরু হচ্ছে। মাশরাফি ভাই দারুণ শুরু করছেন। বোলিংয়ে সাকিব ও সানি ভাই খুব সুন্দর স্পেল করছেন। পেসাররাও ভালো করছে। এখানে আসলে বোলিং করা বেশ কঠিন। কুয়াশা থাকে। সব মিলিয়ে বলতে পারেন, দল হিসেবে বাংলাদেশ বেশ ভালো করছে। এই জিনিসটা অন্য সময় একটু হলেও ঘাটতি ছিল। আমরা যেভাবে পারফর্ম করছি, একটা বড় বড় ব্যবধানে জিতছি, সে হিসেবে অবশ্যই ৫-০ করা সম্ভব।’
এ সিরিজের পরই মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকবে বিশ্বকাপ। সে ক্ষেত্রে বাংলাদেশের খেলোয়াড়দের ভাবনা কী? এনামুল বললেন, ‘বিশ্বকাপের কথা সব সময়ই মাথায় থাকে। এটা একটা বড় ব্যাপার। ওখানকার পরিবেশ নিয়ে কোচের সঙ্গে কথা হচ্ছে। আমিও খেলে এসেছি, ব্যাপারটা আমার মাথায় আছে। এই সিরিজটা খুব গুরুত্বপূর্ণ ছিল ব্যাটসম্যানদের জন্য, এখনো আছে। সবাই যদি রানে ফেরে তাহলে বিশ্বকাপে ভালো কিছুই অপেক্ষা করছে আমাদের জন্য। যদি ব্যাটসম্যানরা ফর্মে না থাকে, তাহলে খুব কঠিন হবে। ব্যাটসম্যানরা রানে ফিরেছে, ভালো খেলছে। এটি ইতিবাচক ব্যাপার।’
বছরজুড়েই বাংলাদেশে হাবুডুবু খেয়েছে ব্যর্থতার চোরাবালিতে। এর মধ্যে কিছু ক্লোজ ম্যাচও ছিল। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ বেরিয়ে এসেছে সে পরাজয়ের বৃত্ত থেকে। এনামুল বললেন, ‘কিছু ক্লোজ ম্যাচে হেরেছি। যেগুলো হওয়ার কথা নয়। হয়তো বা সে সব ম্যাচে ভাগ্য আমাদের পক্ষে ছিল না। এ ছাড়া সাকিব আল হাসানের ফেরা একটা বড় ব্যাপার। সবাই রানে ফিরেছে, সেটাও বড় ব্যাপার। জয়ের সময় একটু পরিবর্তন তো থাকেই। জেতা দলের ড্রেসিংরুম আর পরাজিত দলের ড্রেসিংরুমে পার্থক্য থাকেই।’