'বিশ্বাস, ভালো কিছু হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাশরাফি বিন মুর্তজা
মাশরাফি বিন মুর্তজা

এই টুর্নামেন্টের জন্য মাস দেড়েক ধরে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। শেষ পর্যন্ত ঘোষিত চূড়ান্ত দলের ওপর অধিনায়কের আস্থারও অভাব নেই। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগের একটিকে আরেকটির চেয়ে এগিয়ে রাখতেও রাজি নন। তবে ভালো করার ব্যাপারে মাশরাফির শর্ত হলো, মাঠে সবকিছুর সঠিক প্রয়োগ।

‘ভালো’র সংজ্ঞাটা মাশরাফি দেননি, সেটি দেওয়াটা তাঁর জন্য কঠিনও। এশিয়া কাপে বাংলাদেশের সর্বোচ্চ ‘ভালো’ ফাইনালে ওঠা, আর সেখান থেকে মাত্র ৩ রানের জন্য শিরোপা-বঞ্চিত হয়ে ফেরা। সেটি নিজেদের ঘরেই মাত্র একটি টুর্নামেন্ট আর চার বছর আগের কথা—২০১২ এশিয়া কাপ। আবারও সেই ঘরের মাঠে এশিয়া কাপ। কিন্তু বড় পার্থক্যটা তো বলা হয়েছে শুরুতেই। এক দিনের আন্তর্জাতিক ম্যাচের বদলে এশিয়া কাপ এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টির আসর। এখানেই মাশরাফির মধ্যে লক্ষ্যটাকে নির্দিষ্ট একটি তারে বেঁধে নিতে দ্বিধা কাজ করে। সবচেয়ে অননুমানযোগ্য সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে বাংলাদেশের সামর্থ্য যে র‍্যাঙ্কিংয়ের সীমাকে ছাড়িয়ে যেতে পারেনি! ওয়ানডেতে র‍্যাঙ্কিং যেখানে ৭, টি-টোয়েন্টিতে তা ১০। এমনকি আফগানিস্তানও র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের ওপরে। তারপরও মাশরাফি আশায় আছেন, ‘আত্মবিশ্বাস ঠিক থাকলে আমরা ভালো খেলব।’

আগামী বুধবার টুর্নামেন্টের উদ্বোধনী দিনই মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ ভারত। ইনজামাম-আকিবের কথা অনুযায়ী টুর্নামেন্ট তাহলে শুরুই হচ্ছে ‘দুই ফেবারিট’-এর লড়াই দিয়ে। তাতে জয়-পরাজয় যা-ই আসুক, আলাদা একটা চাওয়া থাকবে মাশরাফির। সাফল্যের পূর্বশর্ত হিসেবে যে আত্মবিশ্বাসের কথা বললেন, প্রথম ম্যাচে পারফরম্যান্সের তাতে বড় একটা ভূমিকা থাকবেই।