'বিশ্বের সেরা বোলার হতে পারে আমির'

আবারও ইংল্যান্ড, আবারও লর্ডস—মোহাম্মদ আমিরের স্মৃতিতে কি ফিরে আসবে পাঁচ বছরের আগে ঘটনা-দুর্ঘটনা? কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে! স্পট ফিক্সিংয়ের দায়ে আমিরের গায়ে কলঙ্কের কালি লেগেছিল সেবারই। এরপর তো তাঁর ক্রিকেট ক্যারিয়ার থেকেই হাওয়া গেছে পাঁচটি বছর। কলঙ্কিত সেই অধ্যায় পেছনে ফেলে আমিরের আরেক দ্বিতীয় ইনিংস শুরু হচ্ছে লর্ডসেই। ২০১০ সালের পর আমির যে আবার টেস্ট খেলতে যাচ্ছেন ক্রিকেট তীর্থ বলে পরিচিত এই মাঠেই।
পাঁচ বছর টেস্ট না খেললেও আমিরে এতটাই আস্থা, পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হক মনে করেন, ২৪ বছর বয়সী বাঁহাতি পেসার হতে পারেন বিশ্বসেরা, ‘সে যেভাবে বোলিং করে; গতি, সুইং ও নিয়ন্ত্রণ—সবকিছুই তার বোলিংয়ে আছে। এখনো সে বিশ্বের সেরা বোলার হতে পারে।’
ইংল্যান্ডের সঙ্গে পাকিস্তানের প্রথম টেস্ট শুরু হবে ১৪ জুলাই। এর আগে সমারসেটের সঙ্গে তিন দিনের ম্যাচ খেলবেন মিসবাহরা। এই ম্যাচে ইংলিশ কন্ডিশনে নিজেকে ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবেন আমির। নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা পাকিস্তানি পেসার এ বছর ২ ওয়ানডেতে ৫ ও ১১ ম্যাচে নিয়েছেন ১১ উইকেট। নিষেধাজ্ঞার আগে ১৪ টেস্টে ৫১ উইকেট নেওয়া পাকিস্তানি পেসার আগের ধারটাই ফিরে পাবেন বলে আশাবাদী মিসবাহ, ‘ফেরার পর যতগুলো ম্যাচ খেলেছে, সে ভালো করেছে। ও জানে এখন চাপের মধ্যে আছে। তবে এটা সে ভালোভাবেই সামলাচ্ছে। এখানে খেলতে পারাটা তার জন্য দারুণ সুযোগ। এখানেই সে সমস্যায় পড়েছিল। এখানে দারুণ খেলে বিশ্বকে দেখানো ও দলকে কিছু দেওয়ার তার দারুণ সুযোগ।’
লর্ডসে খেলা সর্বশেষ টেস্টে আমির পেয়েছিলেন ৬ উইকেট। এবার সেখান থেকেই শুরু করলে তাঁর ফেরাটা হবে রাজকীয়। এএফপি।