'বিস্ময়' উপহার দিলেন মুশফিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবশেষে ইউনিস খান আউট। মোহাম্মদ শহীদ দলকে এনে দিলেন অতিকাঙ্ক্ষিত একটি উইকেট। হতাশার এক দিনে এমন উদ্যাপনের সুযোগ কমই পেয়েছে বাংলাদেশ  l শামসুল হক
অবশেষে ইউনিস খান আউট। মোহাম্মদ শহীদ দলকে এনে দিলেন অতিকাঙ্ক্ষিত একটি উইকেট। হতাশার এক দিনে এমন উদ্যাপনের সুযোগ কমই পেয়েছে বাংলাদেশ l শামসুল হক

টসে জিতে ফিল্ডিং! প্রেসবক্স থেকে বিস্ময়টা ছড়িয়ে পড়ল গ্যালারি হয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সর্বত্র। তাই বলে নির্বাচকদের রুমেও?
মাঠের যেকোনো বিস্ময়কর সিদ্ধান্তের একটা না একটা ব্যাখ্যা দিন শেষে সংবাদ সম্মেলনে পাওয়া যায়। অনেক সময় নির্বাচকেরাও বলে দিতে পারেন, অমুক সিদ্ধান্তের পেছনে তমুক চিন্তাটা ছিল। কাল তাঁরাও ফেল! নির্বাক সাবেক ক্রিকেটাররাও। ঢাকা টেস্টে বাংলাদেশ দল টস জিতে কেন আগে ফিল্ডিং নিল, সেটা কারও মাথায়ই ঢুকছে না। এ নিয়ে নির্বাচকদেরও বিস্ময়টা খেলা চলাকালে বিসিবি অফিসের বারান্দায় হেঁটেই টের পাওয়া গেছে।
সবচেয়ে ভালো ব্যাখ্যা দিতে পারতেন কোচ বা অধিনায়ক। কিন্তু প্রথম দিন শেষের সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের হয়ে এলেন মাত্রই দ্বিতীয় টেস্ট খেলতে নামা পেসার মোহাম্মদ শহীদ। এই প্রসঙ্গটা তাই তাঁর সযত্নে এড়িয়ে যাওয়াটাই স্বাভাবিক। তবে প্রশ্নোত্তর পর্বের একটা পর্যায়ে শহীদও বলে ফেললেন, ‘আরেকজন পেস বোলার থাকলে ভালো হতো।’
চোট পেয়ে শাহাদাত হোসেনের মাঠ ছাড়ায় এটা আরও বেশি করে টের পেয়েছেন শহীদ। এক দিনে বল করতে হয়েছে ২১ ওভার! সৌম্য সরকার ১২ ওভারের মতো বল করলেও পেস আক্রমণের মূল দায়িত্বটা কাঁধে নিতে হয়েছে অনভিজ্ঞ শহীদকেই।
টসে জেতার পর আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে দুই রকম প্রশ্ন শোনা গেছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে:
১. টসে জিতে কেন আগে ফিল্ডিং নিল বাংলাদেশ?
২. ফিল্ডিংই যদি নেবে, দলে তিনজন বিশেষজ্ঞ পেসার নেওয়া হলো না কেন?
সাবেক খেলোয়াড়দের কণ্ঠে দ্বিতীয় প্রশ্নটাই জোর পাচ্ছে বেশি। ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেটার আতহার আলী খান সকালে সিরিজ সম্প্রচারকারী টেলিভিশন চ্যানেলের হয়ে পিচ রিপোর্ট করেছেন। উইকেটে মৃদু ঘাস দেখায় মুশফিকের ফিল্ডিং করার সিদ্ধান্তকে সমর্থন করছেন তিনি। এ ছাড়া মাঠেই পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হককেও বলতে শুনেছেন, টসে জিতলে তিনিও আগে ফিল্ডিং করতেন। আতহারের প্রশ্ন তাই অন্য জায়গায়, ‘উইকেটে সকালে কিছুটা ঘাস ছিল। আমার প্রশ্ন—এ রকম উইকেটে বাংলাদেশ তিনজন বিশেষজ্ঞ পেসার নিয়ে খেলল না কেন? পাকিস্তান তো ঠিকই তিন পেসার নিয়েছে!’
দিন শেষে মাঠে দাঁড়িয়েই কথা হচ্ছিল বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান সাবেক অধিনায়ক নাঈমুর রহমানের সঙ্গে। আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত স্পষ্ট নয় তাঁর কাছেও, ‘উইকেটে ঘাস ছিল। এই উইকেটে একজন বাড়তি পেসার নেওয়া উচিত ছিল। সাবেক অধিনায়ক হিসেবে আমার চোখে উইকেটের সঙ্গে দলের কম্বিনেশনটা ঠিক মিলছে না।’
সাবেক ক্রিকেটারদের মাথায় প্রশ্নটা ঘুরপাক খেলেও একটা সূত্রে জানা গেছে, ঢাকা টেস্টে তিন পেসার খেলানোর চিন্তা বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের কখনোই ছিল না। সাকিব আল হাসান ও তাইজুল ইসলামের সঙ্গে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে খেলার কথা ছিল জুবায়ের হোসেনের। কিন্তু কাল সকালে হঠাৎ গোড়ালিতে ব্যথা অনুভব করায় শেষ মুহূর্তে ছিটকে পড়েন তিনি, টিকে যান শুভাগত হোম।
আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত এতটাই কৌতূহলোদ্দীপক যে, প্রেসবক্সে কাল টসের পর থেকেই ঘাঁটাঘাঁটি—দেশের মাটিতে খেলা টেস্টে এর আগে কতবার টসে জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ দল? এবারের সিরিজের আগে মাত্র ৬টিতে, যদিও দেশের মাটিতে বাংলাদেশ টেস্ট খেলেছে ৪৭টি। ওই ছয় টেস্টের পাঁচটিতেই হার। ২০০৮-এর অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে যে টেস্টটি ড্র হয়েছে, তাতে বৃষ্টির অবদানই ছিল বেশি।
ব্যাপারটাকে কাকতালীয়ও বলতে পারেন, তবে দেশের মাটিতে টসে জিতে প্রতিপক্ষকে আগে ব্যাটিং করতে পাঠানো বাংলাদেশের প্রথম তিন অধিনায়কেরই অধিনায়কত্ব ক্যারিয়ার শেষ হয়েছে ওই টেস্টের মাধ্যমে। ঘটনাচক্রে নাঈমুর রহমান, খালেদ মাহমুদ ও হাবিবুল বাশার তিনজনই কাল মিরপুরে। অধিনায়কের ভূমিকায় শেষ টেস্ট ম্যাচের স্মৃতি নিশ্চয়ই উঁকি দিয়ে গেছে তাঁদের মনে।
দলের সঙ্গে মুশফিকুর রহিমও এখন দুর্দান্ত ফর্মে। কাজেই খুব খারাপ কিছু হলেও হয়তো ঢাকা টেস্ট অধিনায়ক মুশফিকের শেষ টেস্ট হবে না। তবে কৌতূহল আর বিস্ময় তো থেকেই যায়। একাদশ দেখে যেখানে মনে হচ্ছে, টিম ম্যানেজমেন্ট ব্যাটিংটাকেই বেশি শক্তিশালী করতে চেয়েছে, সেখানে টসে জেতার পর নেওয়া সিদ্ধান্ত দিচ্ছে উল্টো অনুভূতি। বাংলাদেশ দল যেন বোলিং-শক্তিতেই বলীয়ান!
স্কোরকার্ড
টস: বাংলাদেশ
পাকিস্তান ১ম ইনিংস রান বল ৪ ৬
হাফিজ ক মুশফিক ক শহীদ ৮ ১৬ ১ ০
আসলাম ক শাহাদাত ব তাইজুল ১৯ ৫৮ ২ ০
আজহার অপরাজিত ১২৭ ২৫৮ ১৩ ০
ইউনিস ক শুভাগত ব শহীদ ১৪৮ ১৯৫ ১১ ৩
মিসবাহ অপরাজিত ৯ ১৮ ০ ১
অতিরিক্ত (লেবা ৬, ও ১, নো ৫) ১২
মোট (৯০ ওভারে, ৩ উইকেটে) ৩২৩
উইকেট পতন: ১-৯ (হাফিজ, ৩.৩ ওভার), ২-৫৮ (আসলাম, ২২.৫), ৩-৩০৮ (ইউনিস, ৮৪.৫)।
বোলিং: শাহাদাত ০.২-০-৪-০, সৌম্য ১১.৪-১-৩২-০ (নো ২), শহীদ ২১-৬-৪৩-২ (নো ৩, ও ১), তাইজুল ৩০-২-১০২-১, শুভাগত হোম ৮-০-৪৭-০, সাকিব ১৪-০-৬৮-০, মুমিনুল ২-০-৮-০, মাহমুদউল্লাহ ২-০-১২-০, ইমরুল ১-০-১-০।