'বীর' হতে হবে শ্রীলঙ্কার কাউকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চান্ডিমাল কী পারবেন ‘বীর’ হতে? ছবি: এএফপি।
চান্ডিমাল কী পারবেন ‘বীর’ হতে? ছবি: এএফপি।

ব্রেন্ডন ম্যাককালাম ইনিংস ঘোষণা করার সঙ্গে সঙ্গেই হয়তো দীর্ঘ একটা নিঃশ্বাস বেরিয়ে এসেছে শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের ভেতর থেকে। দেড় দিনের মতো হাতে রেখে ৪০৫ রানের লক্ষ্যমাত্রা। দলের কেউ খুব বড় ‘বীর’ না হয়ে উঠলে কোনো সম্ভাবনা নেই।

‘বীর’ হবেন কে! এই দলে নেই কুমার সাঙ্গাকারা কিংবা মাহেলা জয়াবর্ধনের মতো কেউ। ‘বীর’ যদি হতেই হয়, তাহলে সেই দায়িত্ব নিতে হবে অধিনায়ক ম্যাথুসকেই। দিনেশ চান্ডিমালকেও এগিয়ে আসতে হবে ‘বীর’ হওয়ার অভিপ্রায়ে। এরত করে যদি কিছু হয়। আপাতত ডানেডিন টেস্টে পর্বতারোহণের ঝুঁকিটা নিতে হবে লঙ্কানদের। পাড়ি দিতে হবে বন্ধুর পথ। যে পথের পরতে পরতে থাকবে বিপদের আশঙ্কা।

নিজেদের দ্বিতীয় ইনিংসে টম লাথামের সেঞ্চুরিটা পূরণ হওয়ার পর ডিক্লেয়ার করে দেওয়ার পথ খুঁজছিল নিউজিল্যান্ড। পরিসংখ্যান বই দেখে কেউ হয়তো ব্রেন্ডন ম্যাককালামকে পরামর্শ দিলেন মাঠে নেমে গোটা কয়েক ছয় মেরে আসতে। দুটি ছয় মারতে পারলেই যে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ডের অংশীদার হবেন তিনি। ম্যাককালাম শুনলেন সেই পরামর্শ। মাঠে নেমেই হাঁকালেন গোটা দুই ছক্কা। আর তাতেই ইতিহাসের পাতায় লেখা হয়ে গেল এই মারকুটে ব্যাটসম্যানের নাম।

৩ উইকেটে ২৬৭ স্কোরবোর্ডে উঠতেই ইনিংস ঘোষণা করে দিলেন নিউজিল্যান্ড দলপতি। অ্যাঞ্জেলো ম্যাথুসের চোখ চলে গেল লক্ষ্যমাত্রার দিকে—৪০৫। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১০৯ রান তুলতেই বৃষ্টি এসে ধুয়ে দিয়ে গেল ডানেডিন। বৃষ্টির তোড়ে আজ আর মাঠেই গড়াল না খেলা। টেস্টের পঞ্চম দিনটা তাই নিউজিল্যান্ডের জন্য একটু চাপই বয়ে নিয়ে আসছে। জিততে হলে যে শ্রীলঙ্কার ৭ উইকেট তুলে নিতে হবে তিন সেশন থেকেই। ম্যাককালাম মনে মনে ক্ষুব্ধ হতেই পারেন, ‘বৃষ্টি আসার আর সময় পেল না।’

শ্রীলঙ্কার উদ্বোধনী জুটিতে এসেছে ৫৪ রান। দ্বিমুথ করুণারত্নে আর কুশাল মেন্ডিসের জুটি কিউই বোলারদের বিরুদ্ধে প্রতিরোধের খেলাটা খেলেছেন মোটামুটি ভালোই। করুণারত্নে ফেরেন ২৯ রানে, উদারা জয়াসুন্দারা মাত্র ৩ রানে। বৃষ্টি আসার আগে অবশ্য মেন্ডিসের ৪৬ রানে ফেরাটা বড় ধাক্কাই হয়েছে লঙ্কানদের জন্য। ১৫০ বল খেলে ৫টি চারে একটি বড় ইনিংসের ভিত্তি দারুণভাবে তৈরি করেছিলেন এই মেন্ডিস। কিন্তু টিম সাউদির বলে উইকেটের পেছনে তিনি ধরা পড়েন বিজে ওয়াটলিংয়ের হাতে।

দিন শেষে অবশ্য ‘বীর’ হওয়ার ইঙ্গিত মিলেছে দিনেশ চান্ডিমালের ব্যাটে। ৬৪ বল মোকাবিলা করে ৭টি চারে তিনি অপরাজিত আছেন ৩১ রান করে। কাল এই খেলাটা দীর্ঘসময় ধরে খেলতে পারলেই ডানেডিনে গৌরবগাথা লেখা সম্ভব হবে তাঁর দল শ্রীলঙ্কার। ম্যাথুস হয়তো নামবেন কাল দিনের শুরুতেই। জয়ের জন্য এখনো ২৯৬ রান দরকার লঙ্কানদের। সূত্র: এএফপি।