'বুকাননের ক্রিকেট নিয়ে ধারণাই নেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
শেন ওয়ার্ন
শেন ওয়ার্ন
অ্যাশেজ হারের পর অস্ট্রেলিয়ার ক্রিকেট রীতিমতো টালমাটাল। চলছে নানা বিতর্ক। বিদায়ী অধিনায়ক মাইকেল ক্লার্কের সমালোচনা করেছেন জন বুকানন-অ্যান্ড্রু সাইমন্ডসরা। সফরে সপরিবারে থাকা নিয়েও হচ্ছে নানা কথা। চ্যানেল নাইনের ‘টুডে’ অনুষ্ঠানের মাধ্যমে এবার সেসব বিতর্কে যোগ দিলেন কিংবদন্তি অস্ট্রেলিয়ান স্পিনার শেন ওয়ার্নও

ব্যাগি গ্রিন সংস্কৃতি নিয়ে বুকাননের মন্তব্যে
এটা চূড়ান্ত হাস্যকর কথা। জন বুকানন সস্তা জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা করছেন এবং বলছেন, ক্লার্কের সময়ে নাকি ব্যাগি গ্রিন সংস্কৃতি হারিয়ে গেছে। আরে ভাই, থামো। তুমি কে? এই বুকাননের ক্রিকেট সম্পর্কে কোনো ধারণাই নেই। সে কখনো ক্রিকেট খেলেনি। জানে না খেলোয়াড়দের কিসের মধ্যে দিয়ে যেতে হয়। অথচ হঠাৎ করে সে ব্যাগি গ্রিন সংস্কৃতি নিয়ে কথা বলতে শুরু করল। যার ক্রিকেট নিয়ে কোনো ধারণাই নেই, তার এমন মন্তব্য অসম্মানজনক। সে আমাদের কয়েকজনকেও বলেছিল, আমরা নাকি ব্যাগি গ্রিন ক্যাপ পরার যোগ্য নই।
ক্লার্ক সহজাত নেতা নন—সাইমন্ডসেরএমন মন্তব্যে
একসময় মাইকেল ক্লার্ক ও অ্যান্ড্রু সাইমন্ডস বন্ধু ছিল ঠিকই, কিন্তু ঘনিষ্ঠ বন্ধু ছিল না। কিন্তু একটা ওয়ানডে সিরিজের আগে সাইমন্ডস মাতাল হয়ে দলকে লজ্জায় ফেলেছিল। আমার মনে হয়, এখন সেও ক্লার্ক সম্পর্কে সস্তা কথা বলতে চাইছে।
স্ত্রী-বান্ধবীদের কারণে খেলায় মনোযোগ ছিন্ন হওয়া
এটা সবচেয়ে ভালো বলতে পারবে খেলোয়াড়েরাই। খেলোয়াড়দেরও একসঙ্গে থাকার দরকার আছে। আমার মনে হয়, দুটির মধ্যে ভারসাম্য জরুরি। আমরা তো সেই পুরোনো যুগে ফিরে যেতে পারি না এবং বলতে পারি না যে, স্ত্রী-বান্ধবীরা হোটেলে ঢুকতে পারবে না, তাদের বাইরে অপেক্ষা করতে হবে। এটা নব্বই দশকের শুরুর দিকে করা হতো। আবার আমি এটাও মনে করি না যে, স্ত্রী-বান্ধবীদের সব সময় খেলোয়াড়দের সঙ্গে থাকার দরকার আছে। এটার জন্য আলাদা সময় বের করতে হবে।
ড্যারেন লেম্যান প্রসঙ্গে
লেম্যান দারুণ কাজ করেছে। আমার ওকে নিয়ে কোনো আপত্তিই নেই। আমাদের শুধু কিছু কাজ ঠিকভাবে করা শুরু করতে হবে এবং ইংল্যান্ডে যে ভুলগুলো করেছি সেখান থেকে শিক্ষা নিতে হবে। আমার মনে হয় বুফ (লেম্যান) থাকবে এবং আরও ভালো কাজ করবে।
অ্যাশেজ হার নিয়ে
আমাদের ব্যাটিং টেকনিকের মৌলিক জায়গাতেই দুর্বলতা ছিল। আপনাকে প্রশ্ন করতে হবে, সুইং আর সিমিং কন্ডিশনে আমার ব্যাটিং টেকনিক এত দুর্বল ছিল কেন? আর সে কারণে ঘরোয়া ক্রিকেটে ফিরে যেতে হবে। ঘরোয়া ক্রিকেটে আমরা সব সময় একই রকম উইকেটে খেলছি।
প্রধান নির্বাচক রডনি মার্শকে নিয়ে
রড মার্শ ও তার নির্বাচক প্যানেল অনেক ভুল করেছে। এই সিরিজের দল নির্বাচনে ভুল ছিল। কিন্তু আমি মনে করি না রডের বিদায় নেওয়া উচিত। শেন ওয়াটসন ও ব্র্যাড হাডিনকে মাত্র একটি করে টেস্টে খেলানো সঠিক মনে হয়নি আমার কাছে। হয় ওদের প্রথম টেস্টে খেলানোরই দরকার ছিল না, অথবা নিজেদের প্রমাণের জন্য ওদের অন্তত দুটি টেস্টে সুযোগ দেওয়া উচিত ছিল।
নতুন অধিনায়ক স্টিভেন স্মিথকে নিয়ে
মাইকেল ক্লার্কের জায়গা নেওয়া খুব কঠিন, কারণ ক্লার্ক ছিল দুর্দান্ত অধিনায়ক। তবে আমার মনে হয় স্মিথও ভালো অধিনায়ক হবে। ওকে চার নম্বরে ব্যাট করতে দেখলে আমার ভালো লাগবে, তিনে নয়। তিনে অন্য কাউকে বেছে নিতে হবে।