'বুড়ো' মিসবাহ এখন কী করবেন?

এই সিরিজটাই দেখুন না। চার ইনিংস ব্যাট করেছেন। দুটি ফিফটি, একটি সেঞ্চুরি। ৬০-এর ওপর গড়ে ২৪৩ রান। মিসবাহ-উল হককে বয়স দিয়ে বিবেচনা করলে চলবে না। টেস্ট ইতিহাসেই ৪০ পেরিয়েও ক্যারিয়ারে কমপক্ষে এক হাজার রান যোগ করতে পেরেছেন এমন মাত্র চার খেলোয়াড়ের একজন মিসবাহ। ৪০ পেরিয়ে টেস্টে কমপক্ষে চারটি সেঞ্চুরি করেছেন মাত্র দুজন। মিসবাহ আর জ্যাক হবস। চিরকালই ‘বুড়ো’ খেলোয়াড়দের খেদিয়ে দেওয়াও সুখ্যাত পাকিস্তানই ভীষণ করে চাইছে মিসবাহ যেন এখনই বিদায় না বলে দেন।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের অনুরোধটা রাখলে মিসবাহ হয়ে যাবেন দুই দশকের মধ্যে প্রথম খেলোয়াড়, ৪২ বছর বয়সেও যিনি টেস্ট খেলবেন। চলতি সিরিজের আগে পাকিস্তান অধিনায়ক ইঙ্গিত দিয়েছিলেন, ভারতের বিপক্ষে সিরিজটা যেহেতু হচ্ছে না, ইংল্যান্ডের বিপক্ষে খেলেই বিদায় নিতে পারেন। সে হিসাবে রোববার শুরু শারজা টেস্ট হয়ে যেতে পারে তাঁর শেষ ম্যাচ।
কিন্তু পিসিবি সভাপতি শাহরিয়ার খান বলেছেন, ‘আমরা ওকে বলে দিয়েছি, অবসর নিয়ে ভাবলেও সেটি যেন এক বছরের মধ্যে না ভাবে। আগামী বছর ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে অধিনায়ক ও সিনিয়র খেলোয়াড় হিসেবে ওর উপস্থিতি খুবই দরকার।’
পাকিস্তানের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হয়ে যাওয়া মিসবাহ আরও এক বছর থেকে যাবেন কিনা, তা এখনো জানাননি। এখনকার ক্রিকেটে ৪২ বছর বয়সেও কারও খেলে যাওয়া মোটামুটি অভাবিত একটা ব্যাপার। সর্বশেষ ১৯৯৫ সালে জন এমবুরি ৪২ পেরিয়েও টেস্ট খেলেছেন। গত চার দশকের মধ্যে প্রথম খেলোয়াড় হিসেবে ৪১ পেরিয়ে সেঞ্চুরি করার রেকর্ড গড়া মিসবাহর যে ফর্ম আর ফিটনেস, তাতে আরও বছর কয়েক অনায়াসে খেলতে পারবেন বলেই মনে হয়।
কিন্তু ফর্মটাও হুট করে পড়তির দিকে চলে গেলে পাকিস্তানই আবার তাঁকে বোঝা মনে করবে। মিসবাহ হয়তো মাথা উঁচু করেই বিদায় নিতে চাইবেন। দেখা যাক, এখন তিনি কী করেন।