
‘অভিষেকেই সেঞ্চুরি, এই নিয়ে আমি কত দিন ধরে ভেবেছি!’
ভাবনাটা অ্যাডাম ভোজেসের মাথায় এসেছিল বোধ হয় সেই ২০০৬ সালের ডিসেম্বরেই। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার ১৩ সদস্যের দলে ডাক পেলেন ভোজেস, স্বপ্ন দেখলেন টেস্ট অভিষেকের। কিন্তু স্বপ্নটা ভেঙে খান খান হতে সময় নিল না, ঢোকা হয়নি প্রথম একাদশে। সেই স্বপ্ন পূরণ হলো সাড়ে আট বছর পর। সত্যি হলো অভিষেকে সেঞ্চুরির স্বপ্নও। আর তাতেই ইতিহাসে ভোজেস।
পরশু ডমিনিকার উইন্ডসর পার্কে অপরাজিত ১৩০ রান করা ভোজেসই এখন টেস্ট অভিষেকে সবচেয়ে বেশি বয়সী সেঞ্চুরিয়ান। ৩৫ বছর ২৪২ দিন বয়সে সেঞ্চুরি করে ভোজেস পেছনে ফেলেছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ডেভ হটনকে। ক্রিস রজার্সের চোটের কারণেই একাদশে ঢোকা এই ডানহাতির অসাধারণ সেঞ্চুরিতে বেঁচেছে অস্ট্রেলিয়াও। টেস্টের প্রথম দিনে ভোজেস যখন ক্রিজে এলেন, ৬১ রানেই নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট। পরশু দ্বিতীয় দিনের লাঞ্চের আগেই ১২৬ রান তুলতে গেল আরও ৩ উইকেট। ১৪৮ রানের মামুলি সংগ্রহ নিয়েও প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের লিড নেওয়ার স্বপ্নটা চুরমার করলেন ভোজেস। পরশু শেষ বিকেলে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস যখন শেষ হলো, লেজের ব্যাটসম্যানদের নিয়ে অস্ট্রেলিয়াকে তুলে দিয়েছেন ৩১৮ রানের উচ্চতায়। শেষ চার ব্যাটসম্যানকে নিয়েই ১৯২ রান যোগ করেছেন, জশ হ্যাজলউডকে নিয়ে শেষ জুটিতেই ৯৭।
পুরো দিনে ওয়েস্ট ইন্ডিজের পাওয়া একটাই-দেবেন্দ্র বিশুর বোলিং। ৮০ রানে ৬ উইকেট, ক্যারিয়ার-সেরা বোলিং করে এই লেগ স্পিনার ফিরিয়ে আনলেন শেন ওয়ার্নের স্মৃতি। অস্ট্রেলিয়ার লেগ স্পিন কিংবদন্তির ‘বল অব দ্য সেঞ্চুরি’র ২২ বছর পূর্তির দিনেই ব্র্যাড হাডিনকে বিভ্রান্ত করেছেন ওয়ার্নের মতোই এক বল করে। লেগ স্টাম্পে পিচ করে হাডিনের অফ স্টাম্পের বেল তুলে নিয়েছে বিশুর বলটা!
তবে কাল দ্বিতীয় ইনিংসে দারুণভাবেই ঘুরে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৩৭ রানের মধ্যে ব্রাফেট, হোপ আর ব্রাভোকে হারিয়ে প্রথম ইনিংসের মতো বিপর্যয় দেখছিল স্বাগতিকেরা। চতুর্থ উইকেটে ডাওরিচ (৭০) ও স্যামুয়েলস (৭১*) ম্যাচে ফিরিয়ে এনেছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তৃতীয় দিনের চা বিরতি পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪ উইকেটে ১৮৯, লিড নিয়েছে ১৯ রানের। ক্রিকইনফো, রয়টার্স।
টেস্টে অভিষেকে সবচেয়ে বেশি বয়সী সেঞ্চুরিয়ান
| বয়স | ব্যাটসম্যান | রান | ম্যাচ | ভেন্যু | সাল |
| ৩৫ বছর ২৪৩ দিন | অ্যাডাম ভোজেস | ১০৩* | অস্ট্রেলিয়া-ও. ইন্ডিজ | ডমিনিকা | ২০১৫ |
| ৩৫ বছর ১১৮ দিন | ডেভ হটন | ১২১ | জিম্বাবুয়ে-ভারত | হারারে | ১৯৯২ |
| ৩৩ বছর ২৪০ দিন | বিলি গ্রিফিথ | ১৪০ | ইংল্যান্ড-ও. ইন্ডিজ | পোর্ট অব স্পেন | ১৯৪৮ |
| ৩২ বছর ৩৩৪ দিন | হার্বি কলিন্স | ১০৪ | অস্ট্রেলিয়া-ইংল্যান্ড | সিডনি | ১৯২০ |
| ৩২ বছর ২৮৩ দিন | আমিনুল ইসলাম | ১৪৫ | বাংলাদেশ-ভারত | ঢাকা | ২০০০ |