'বুড়ো' অ্যান্ডারসন আবার শীর্ষে

লর্ডস টেস্ট কত কিছুই না দিয়েছে জেমস অ্যান্ডারসনকে। ক্যারিয়ার-সেরা বোলিং (৭/৪২), ৫০০ উইকেটের অভিজাত ক্লাবে নাম। এই পারফরম্যান্স ইংলিশ এই পেসারকে আরও একটি আনন্দের উপলক্ষ এনে দিয়েছে। ‘বুড়ো’ বয়সে আবার ফিরেছেন টেস্ট বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষে।
অবশ্য ৩৫ বছর বয়সী অ্যান্ডারসনই র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠা সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় নন। ৩৬ বছর বয়সে গ্লেন ম্যাকগ্রা র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন। কিংবদন্তি অস্ট্রেলিয়ান পেসারের পর অ্যান্ডারসনের চেয়ে বেশি বয়সে র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠেননি আর কোনো পেসার। মুত্তিয়া মুরালিধরন ২০০৯ সালে টেস্ট বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন ৩৭ বছর বয়সে। লঙ্কান কিংবদন্তির পর অ্যান্ডারসনই র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠা বেশি বয়সী বোলার।
২০১৬ সালের আগস্টের পর আবার র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন অ্যান্ডারসন। তাঁকে জায়গা ছেড়ে দিতে দুই নম্বরে নেমে গেছেন রবীন্দ্র জাদেজা। ভারতের বাঁহাতি স্পিনারের চেয়ে ১২ পয়েন্ট বেশি অ্যান্ডারসনের। ইংল্যান্ডকে লর্ডস টেস্ট জেতাতে ব্যাট ও বল হাতে সব্যসাচী ভূমিকায় ছিলেন বেন স্টোকস। প্রথম ইনিংসের ৬ উইকেট ও ৬০ রান অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এক ধাপ ওপরে তুলেছে স্টোকসকে। সতীর্থ মঈন আলীকে সরিয়ে চারে তিনি। বাংলাদেশের সাকিব আল হাসান যথারীতি শীর্ষেই আছেন।
ব্যাটিংয়ের র্যাঙ্কিংয়ে শীর্ষেই আছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। ইংল্যান্ডের অধিনায়ক জো রুট আছেন যথারীতি দ্বিতীয় স্থানে। দলীয় র্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন হয়নি। ভারত শীর্ষে, দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। এরপর যথাক্রমে ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট জিতেও নবম স্থানেই আছে বাংলাদেশ। ক্রিকইনফো।
শীর্ষ পাঁচ বোলার
রেটিং প.
১ (+১) জেমস অ্যান্ডারসন ৮৯৬
২ (-১) রবীন্দ্র জাদেজা ৮৮৪
৩ (-) রবিচন্দ্রন অশ্বিন ৮৫২
৪ (-) রঙ্গনা হেরাথ ৮০৯
৫ (-) জশ হ্যাজলউড ৭৯৪