'বুড়ো' ফ্লেচারই সমস্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডানকান ফ্লেচার
ডানকান ফ্লেচার

ভারতীয় ক্রিকেট দলের চরম ব্যর্থতার দায়ভার অনেকের ওপরই বর্তাচ্ছে। ব্যাটসম্যানদের ব্যর্থতা, অধিনায়ক ধোনির ক্যারিশমার অভাব থেকে শুরু করে অনেক কিছুই। কোচ ডানকান ফ্লেচারের বিরুদ্ধেও অভিযোগ ওঠাটা অস্বাভাবিক নয়—এই মর্মে যে তিনি দলকে উদ্বুদ্ধ করতে ব্যর্থ। কিন্তু সবকিছু ছাপিয়ে ভারতীয় ক্রিকেট মহলে এখন ফ্লেচারের বয়স নিয়ে জোর আলোচনা। ৬৫ বছরের ‘বুড়ো’ ফ্লেচার নাকি ভারতের মতো একটি দলের অভিভাবকের দায়িত্বে পুরোপুরিই ব্যর্থতার পরিচয় দিয়েছেন।

বয়স একটা ব্যাপার হতে পারে, কিন্তু বিষয়টি নিয়ে এত দিন কিন্তু আলোচনা হয়নি। এই ধরণির অন্যতম প্রবীণ ক্রিকেট কোচ হিসেবে পরিচিত ফ্লেচারের চুক্তি কিন্তু ২০১৫ পর্যন্ত বাড়িয়ে রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ডই। ইংল্যান্ডে ব্যর্থতার পরপরই অন্য আর সবকিছুর সঙ্গে জেরবার সমালোচনা, ‘এই বুড়োটাকে কেন ক্রিকেট দলের কোচ হিসেবে বসিয়ে কাঁড়ি কাঁড়ি বৈদেশিক মুদ্রা গোনা হচ্ছে!’

ফ্লেচারের বয়স নিয়ে প্রশ্ন তুলেছেন গুন্ডাপ্পা বিশ্বনাথ, বিষেণ বেদিসহ অনেকেই। বিশ্বনাথ তো সরাসরিই বলে দিয়েছেন, ‘বয়সের ভারে নির্জীব ফ্লেচারের মধ্যে কোনো চনমনে ভাব দেখার প্রশ্নই আসে না। তাঁকে দেখলেই মনে হয়, তিনি ক্লান্ত-বিধ্বস্ত। অনুশীলনের মাঠেও তাঁকে দেখা যায় এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে ঝিমোতে। দলটাকে মনে হয় একেবারেই অভিভাবকহীন।’

বেদি সাহেব বয়স-টয়স নিয়ে কথা বলে সময় নষ্ট করেননি। তিনি নাকি সব সময়ই এই জিম্বাবুইয়ান কোচের যোগ্যতা নিয়ে সন্দিহান। তিনি বলেছেন, ফ্লেচারকে দখিন দুয়ার দেখিয়ে দেওয়ার সময় এটিই।’

ডব্লিউ ভি রমন বয়স নিয়ে মাথা ঘামাতে চান না। যোগ্যতা থাকলে কোনো দলকে কোচিং করানো নাকি কোনো সমস্যাই নয়। তিনিও বিষেণ সিং বেদির সঙ্গে একমত, ‘ভারতীয় ক্রিকেট দলের কোচের পদে থাকার যোগ্যতাই নাকি ফ্লেচারের নেই।’

অংশুমান গায়কোয়াড় ফ্লেচারের কোচিংয়ের সমস্যা দেখছেন। তিনি পরামর্শ দিয়েছেন, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়ের মতো সাবেক ক্রিকেটারদের নিয়ে কমিটি গঠন করে ফ্লেচারের কোচিং-কেতা খতিয়ে দেখা হোক। দলের সব ক্রিকেটারের সঙ্গে আলাপ করে বোঝার চেষ্টা করা হোক সমস্যাটা আসলে কোথায়।

গুন্ডাপ্পা বিশ্বনাথ ভারতীয় ক্রিকেট দলে বিদেশি কোচেরই ঘোর বিরোধী। তিনি ফ্লেচারের জায়গায় কপিল-গাভাস্কার-ভেংসরকারদের কোচ হিসেবে দেখতে চান। ফ্লেচারকে নিয়ে সবচেয়ে মজার কথাটাও বলেছেন তিনি, ‘এই কোচের ফিটনেসেই সমস্যা আছে। তাঁকে কখনো ঘরোয়া ক্রিকেটের ম্যাচগুলো দেশময় সফর করে দেখতে দেখা যায় না। দেখবে কী করে, এই বুড়োর সেই শক্তিই নেই।’ তথ্যসূত্র: এবেলা, কলকাতা।