'বেপরোয়া' টেন্ডুলকার!

ক্রিকেটের প্রতি তাঁর আসক্তি নতুন করে বলার নেই। ক্রিকেটের পরই আরেকটি জিনিসের প্রতি আসক্তি শচীন টেন্ডুলকারের—উদ্দাম গতিতে গাড়ি চালানো! ফর্মুলা ওয়ান তারকা মাইকেল শুমাখারের সঙ্গে হয়তো এ কারণেই তাঁর বন্ধুত্ব। গতির এই নেশার কারণে একবার বেশ বিপাকেই পড়েছিলেন। সে গল্পটাই শোনালেন লিটল মাস্টার।
গতকাল ভারতের গুরগাঁওয়ে এক গেমিং সেন্টারের উদ্বোধনের সময় শোনালেন বেপরোয়া গাড়ি চালানোর সেই গল্প, ‘কয়েক বছর আগে ইংল্যান্ডে ঘটেছিল ঘটনাটি। বিএমডব্লিউর লোকেরা আমাকে একটা লিমিডেট এডিশনের গাড়ি (বিশেষভাবে নির্মিত অল্পসংখ্যক গাড়ি) দিয়ে বলেছিল টেস্ট ড্রাইভের জন্য। বলেছিল, ব্রেকটা কেমন সেটা যেন তাদের জানাই। আমি আসলে সেটাই করছিলাম।’
তবে টেন্ডুলকারের এই পরীক্ষা-নিরীক্ষায় খুব একটা রাজি ছিলেন না স্ত্রী অঞ্জলি। বউকে অনেক বুঝি-শুনিয়ে রাজি করিয়ে বেরিয়ে পড়লেন। পাশের সিটে স্ত্রীকেও নিয়েছিলে, ‘অঞ্জলিকে বুঝিয়ে পাশে বসিয়ে বেরিয়ে পড়েছিলাম। ঠিক কত গতিতে গাড়ি চালিয়েছিলাম, সেটা না-ই বা বললাম। তবে গতি নেহাত মন্দ ছিল না। যেহেতু তারা বলেছে ব্রেক চেক করতে। আমি সেটাই করতে চাইলাম। তারপর ব্রেক করার সঙ্গে হ্যাঁচকা মেরে গাড়ি গেল থেমে। মাধ্যাকর্ষণ টান এমন মারাত্মক ছিল যে অঞ্জলি ও আমি টের পেলাম হাড়ে হাড়ে। তারপর সারা দিন ধরে মাথায় কী যে মারাত্মক ব্যথা! গতির এই অভিজ্ঞতাটা এখনো ভুলতে পারিনি!’
জোরে গাড়ি চালানোর ‘দায়ে’ অঞ্জলি পরে টেন্ডুলকারকে কী বলেছিলেন, সেটা না জানা গেলেও গতি আর অ্যাডভেঞ্চারের প্রতি তাঁর দুর্বার আকর্ষণের প্রমাণ মিলল। টেন্ডুলকার জানালেন, বন্ধুদের নিয়ে মুম্বাইয়ে একটা গো-কার্টিং ট্রাকই গড়ে ফেলেছেন। তথ্যসূত্র: পিটিআই।