'বোলারস' প্রিমিয়ার লিগ!
‘ধুর! এইটা কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট হলো? চার-ছক্কার চেয়ে উইকেট পড়ে বেশি!’ পরশু রাতে সিলেট-ঢাকা ম্যাচ শেষে স্টেডিয়াম থেকে বেরোনোর সময় একটি দর্শক জটলা থেকে ভেসে এল কথাগুলো।
টি-টোয়েন্টিতে দর্শক আসেনই ধুমধাড়াক্কা ব্যাটিং দেখতে। কিন্তু এবার বিপিএলে চার-ছক্কার ছড়াছড়ি কোথায়? বরং সূচনার ঢাকা পর্বে প্রতিদিনই দেখা গেছে বোলারদের দাপট। ১২ ম্যাচের ২৪ ইনিংসে রান ৩১৪৭। ২৪ ইনিংসে ফিফটি ১২টি। ছক্কা ৮৮টি। ইনিংসপ্রতি ৩.৬টি।
২৪ ইনিংসে ২৪০ উইকেটের ১৭১টি নিতে পেরেছেন বোলাররা। প্রতি ১৮.৪ রানে পড়েছে ১ উইকেট। অলআউটের ঘটনা সাতটি, ১০০ রানের নিচে আছে তিনটি ইনিংস। বরিশাল বুলসের পেসার আল আমিনের সৌজন্যে এরই মধ্যে হাটট্রিকও দেখে ফেলেছে বিপিএল!
বোলারদের এমন দাপটের নেপথ্যে ‘ঘরের ছেলে’রাই। শীর্ষ পাঁচ বোলারের চারজনই বাংলাদেশের। ১০ উইকেট নিয়ে সবার ওপরে সাকিব আল হাসান। ৮ উইকেট নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে মোহাম্মদ শহীদ ও মুস্তাফিজুর রহমান।
নির্দিষ্ট করে বললে দাপটা আসলে পেসারদেরই। বছর তিনেক আগে টেস্ট অভিষেকে ১০ নম্বরে নেমে সেঞ্চুরি করা আবুল হাসান আছেন বেশ ছন্দে। পেয়েছেন ৭ উইকেট। জিম্বাবুয়ে সিরিজ থেকেই আল আমিনকে দেখা যাচ্ছে স্বরূপে। বিপিএলেও পারফরম্যান্স মন্দ নয়। পেয়েছেন ৬ উইকেট। অবশ্য এর ৫টিই সিলেটের বিপক্ষে। চোট কাটিয়ে ফেরা শফিউল ইসলাম একটু খরুচে হলেও ৬ উইকেট জানান দিচ্ছে, আরও ভালো কিছু হতে পারে। তবে আলাদাভাবে নজর কেড়েছেন আবু হায়দার। এখন পর্যন্ত ৬ উইকেট পেলেও কুমিল্লা ভিক্টোরিয়ানসের আক্রমণাত্মক মেজাজ ও দলকে ব্রেক থ্রু এনে দেওয়ার সামর্থ্য দিচ্ছে তাঁর উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি। উইকেটের চরিত্রের কারণেই হয়তো স্পিনাররা খুব একটা সাফল্য পাননি। আরাফাত সানির নামের পাশে তাই ৪, তাইজুল ইসলাম ও নাসির হোসেনের ৩ উইকেট।
বোলারদের মধ্যে স্থানীয়দের যতটা দাপট, ব্যাটসম্যানদের ক্ষেত্রে ততটা নয়। ১৫৪ রান নিয়ে তামিম ইকবাল সবার ওপরে থাকলেও তাঁর পরেই আছেন তিন বিদেশি। ১৪২ রান নিয়ে মারলন স্যামুয়েলস দুইয়ে। তিনে কুমার সাঙ্গাকারার রান ১৩৪। দিলশান মুনাবীরা ১৩৩ রান নিয়ে চারে। তবে স্থানীয়দের মধ্যে বেশ নজর কেড়েছেন মোহাম্মদ মিঠুন। রংপুর রাইডার্সের এই ব্যাটসম্যান ১২১ রান নিয়ে রয়েছেন পাঁচে।
বড় ইনিংস না এলেও সর্বশেষ দুই ইনিংসে রান পেয়েছেন সাকিব আল হাসান। ধারাবাহিকতা ধরে রেখেছেন মুশফিকুর রহিম। ৪ ম্যাচে সিলেট অধিনায়কের রান ৯৮। এক ফিফটিতে মাহমুদউল্লাহর পারফরম্যান্সও মন্দ নয়। তবে এখনো ঝলসে উঠতে পারেননি সৌম্য সরকার, সাব্বির রহমান, এনামুল হক, মুমিনুল হক, ইমরুল কায়েসরা।
চোট কাটিয়ে ফেরা সৌম্যের ব্যাটিংয়ে প্রতি ম্যাচেই স্ট্রোক প্লের নমুনা মিলছে। কিন্তু ইনিংসটা বড় হচ্ছে না। রংপুর ওপেনার ৪ ম্যাচে করেছেন ৬৭। এর মধ্যে বাউন্ডারি থেকেই এসেছে ৫৮! স্ট্রাইক রেট ধরলে সৌম্য দুইয়ে (১৭১.৭৯)।
আপাতত নিজের দল কুমিল্লা ভিক্টোরিয়ানস নিয়ে ভাবলেও মাশরাফি বিন মুর্তজার আশা দ্রুতই ছন্দে ফিরে আসবে জাতীয় দলের সতীর্থরা, ‘ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে এসেছি। প্রথমেই চাইব আমার দল ভালো করুক। অন্যদিকে চিন্তা থাকে, জাতীয় দলের খেলোয়াড়েরা যেন ভালো করে। সবাই দারুণ ফর্মে ছিল, যদি শেষ টি-টোয়েন্টিটা বাদ দিই। আশা করি ওরা ভালোভাবেই ফিরে আসবে।’
যেহেতু নিজে বোলার, বোলারদের এ দাপটে মাশরাফির মুখে হাসি থাকারই কথা। তবে তাঁরও অপরাজিত ৫৬ রানের একটি ইনিংস আছে। তবুও ব্যাটসম্যানদের ব্যর্থতায় উইকেটের বড় ভূমিকা দেখছেন বাংলাদেশ দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক, ‘টানা খেলা হচ্ছে। এ কারণে হয়তো উইকেট তৈরি করা সম্ভব হচ্ছে না। ব্যাটসম্যানদের জন্য এটা চ্যালেঞ্জিং হচ্ছে, সেটাও খারাপ নয়। এখানে ব্যাটসম্যানরা যদি রান করতে পারে, তাদের আত্মবিশ্বাস বাড়বে। তবে টি-টোয়েন্টিতে সবাই চায় রান বেশি হোক। স্পোর্টিং উইকেট হলে সবার জন্য সুবিধা।’
ঢাকার প্রথম পর্ব শেষে বিপিএলের আপাতপরিচয় ‘বোলারস প্রিমিয়ার লিগ’! দেখা যাক, চট্টগ্রামে দ্বিতীয় পর্ব কী উপহার দেয়!