
শুধু ম্যাচের আগে একটু সমস্যা, ম্যাচের পরও হয়তো একটু। মাঠে কোনো সমস্যা নেই।
ম্যাচের আগে সমস্যা, কারণ মুস্তাফিজুর রহমান সেভাবে ইংরেজি বলতে পারেন না। অধিনায়ক হিসেবে ডেভিড ওয়ার্নারকে তো তাঁর বোলারের সঙ্গে পরিকল্পনাটা ভাগাভাগি করতে হয়। আর পরে সমস্যা হয় যদি মুস্তাফিজ ম্যাচসেরা হয়ে যান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও তো ইংরেজিতেই কথা বলতে হয়।
পরশু হায়দরাবাদে সর্বশেষ ম্যাচের পর ডেভিড ওয়ার্নার তাই হাসিমুখে বলছিলেন, ‘ও সব সময় আমাকে বলে, “বোলিং নো প্রবলেম, বাট স্পিকিং অ্যান্ড ব্যাটিং প্রবলেম।”’ তো এই ‘প্রবলেম’ কীভাবে সমাধান করেন ওয়ার্নার? ‘ম্যাচের আগে তো গুগল ট্রান্সলেটর আছেই। আর দেশে আমার এক বন্ধু আছে, যে বাংলা বলতে পারে। তার সাহায্য নিই’—মুখের হাসিটা রেখেই বললেন ওয়ার্নার। মাঠে অবশ্য এই সমস্যা নেই। ওয়ার্নারই জানালেন, ‘ওর কী করতে হবে, সে তা জানে। সে-ই তার ফিল্ডিং সাজায়। আমার যদি কোনো দ্বিমত থাকে, সহজেই বোঝাতে পারি।’ আর ম্যাচের পরে? সেই সমস্যার সমাধান তো পরশু মুস্তাফিজই দেখিয়ে দিলেন। রমিজ রাজাকে দিব্যি বাংলায় প্রতিক্রিয়া জানিয়ে দিলেন। যাঁদের বুঝতে সমস্যা, তাঁরাই বাংলা শিখুন না!

জাদুকরি? রহস্যময়? অসাধারণ? আমরা তো আমাদের তারকা খেলোয়াড় মুস্তাফিজের জন্য বিশেষণের সংকটে পড়ে যাচ্ছি!
অফিশিয়াল টুইটারে
সানরাইজার্স হায়দরাবাদ
ওর সঙ্গে বল করতে পারা দারুণ ব্যাপার। তার কাছ থেকে আমি স্লোয়ার শেখার চেষ্টা করছি, কিন্তু সে যেভাবে এটা করে, আর কেউ তা পারে না।
ভুবনেশ্বর কুমার
ভারতীয় বোলার ও আইপিএলে মুস্তাফিজের সতীর্থ
ও যেভাবে বলের গতি পরিবর্তন করে, সেটা একটা শিল্প। নিশ্চিতভাবেই ভবিষ্যতে সে গ্রেট বোলারদের একজন হবে। বাংলাদেশের ভাগ্য যে, ওকে পেয়েছে।
ডেভিড ওয়ার্নার
অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ও আইপিএলে মুস্তাফিজের দল হায়দরাবাদের অধিনায়ক
আমাদের সাসেক্স-ম্যান মুস্তাফিজ অবিশ্বাস্য! সাসেক্স সমর্থকেরা নিশ্চয়ই তার বোলিং দেখে দারুণ আনন্দ পাবে।
লুক রাইট
ইংলিশ অলরাউন্ডার ও মুস্তাফিজের কাউন্টি দল সাসেক্সের অধিনায়ক
ও এত স্মার্ট বোলার! শুরুর দিকে ওর বলে তিন-চার রকমের বৈচিত্র্য, শেষের দিকে আবার তিন-চার রকমের। আর সবকিছুতে কী দারুণ নিয়ন্ত্রণ!
ভিভিএস লক্ষ্মণ
সাবেক ভারতীয় ব্যাটসম্যান ও আইপিএলে মুস্তাফিজের দল হায়দরাবাদের উপদেষ্টা
মুস্তাফিজকে যতবার দেখবেন, পরমুহূর্তেই আরও দারুণ কিছু নিয়ে সে আপনার সামনে হাজির হবে। অনেকটা সের্গেই বুবকার মতো, যে প্রতিনিয়তই নিজের রেকর্ড ছাড়িয়ে যেত।
অ্যালান উইলকিনস
সাবেক ইংলিশ বাঁহাতি পেসার ও ধারাভাষ্যকার