'বোলাররা আমাকে ভয় পায়, কিন্তু ক্যামেরার সামনে স্বীকার করে না'

>ইংল্যান্ডে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলবেন ক্রিস গেইল। ৪০ বছরে পা রাখা গেইল মনে করেন, বোলাররা এখনো তাঁর মুখোমুখি হতে ভয় পায়। তবে ক্যামেরার সামনে সে কথা স্বীকার করে না
বলকে তিনি হাওয়ায় ভাসিয়ে সীমানাছাড়া করতে ভালোবাসেন। নিজেকে বলেন ‘ইউনিভার্স বস’। সংস্করণ যাই হোক না কেন মারকুটে ব্যাটিংয়ের প্রসঙ্গে তাঁর নাম উঠবেই। এদিকে দুয়ারে কড়া নাড়ছে বিশ্বকাপ। ক্রিস গেইলকে নিয়ে তাই আলাদা করেই আলোচনা হচ্ছে। একে তো তাঁর শেষ বিশ্বকাপ তার ওপর নামটা গেইল—বোলারদের যম। এখন কথাটা কতটা সত্যি? বয়সের ঘড়ি থেমে নেই। চল্লিশ বছর চলছে। অনেকে ভাবতে পারেন, চল্লিশে তো চালশে! গেইল কিন্তু মোটেও তা মনে করেন না। ক্যারিবীয় ব্যাটসম্যানের বিশ্বাস, বোলাররা এখনো তাঁকে বল করতে ভয় পায়। কিন্তু ক্যামেরার সামনে তা স্বীকার করে না।
২০১৯ বিশ্বকাপের আগে আজ সাউদাম্পটনে প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এ ম্যাচের আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন গেইল। বয়স হওয়ায় আগের মতো সেই রিফ্লেক্স আর তাঁর নেই। তবে খুব একটা যে ফুরিয়ে যাননি তা বোঝা গেছে ওয়েস্ট ইন্ডিজের সবশেষ দ্বিপক্ষীয় সিরিজেও। গত ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচ ওয়ানডে সিরিজে ১০৬ ব্যাটিং গড়ে ৪২৪ রান করার পথে ৩৬ ছক্কা মেরেছিলেন গেইল। এবার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ নিয়ে তাঁর একটা আলাদা প্রস্তুতি তো আছেই।
বোলারদের তাই অনেকটা হুঁশিয়ার করে দেওয়ার সুরেই গেইল বলেছেন, ‘ইউনিভার্স বস কী করতে পারে সেটি তারা জানে। আমি নিশ্চিত তাদের মনের মধ্যে এই ভাবনাটা থাকে—ক্রিকেটে তাদের দেখা সবচেয়ে বিপজ্জনক ব্যাটসম্যান।’ এরপরই গেইলকে জিজ্ঞেস করা হয়েছিল, বোলাররা তাঁর মুখোমুখি হতে এখনো ভয় পায় কি না? গেইলের জবাব, ‘এটা তাদের জিজ্ঞেস করুন। ক্যামেরার সামনে প্রশ্নটি করুন। তারা বলবে, না ভীত নয়। কিন্তু ক্যামেরা না থাকলে বলবে, হ্যাঁ সে আলাদা। ক্যামেরার সামনে তারা খোলামেলা বলতে পারে না, ক্রিস গেইল-ই সেই মানুষ (বিপজ্জনক)। আমি এটা বেশ উপভোগ করি। পেসারদের মুখোমুখি হতে সব সময় ভালো লেগেছে।